মো. রেজুয়ানুল হক, পাকুন্দিয়া: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জীববিজ্ঞান অনুষদের ৭৩ জন মেধাবী শিক্ষার্থীর মধ্যে স্থান করে নিয়ে ‘ডিনস অ্যাওয়ার্ড’ অর্জন করেছেন কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার সাইকা আমিন অর্পি। গত মঙ্গলবার (২৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁর পক্ষে সম্মাননা গ্রহণ করেন বাবা মুহাম্মদ আল-আমীন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগ থেকে স্নাতক (সম্মান) পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের স্বীকৃতিস্বরূপ অর্পিকে এ সম্মাননা দেওয়া হয়েছে।
অর্পি এর আগে নাসিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস থেকে মাধ্যমিক এবং হলি ক্রস কলেজ থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেন। পড়াশোনার পাশাপাশি গবেষণামূলক কাজেও যুক্ত ছিলেন তিনি।
বিশ্ববিদ্যালয়ের পরিবেশ অণুজীববিজ্ঞান গবেষণাগারের সদস্য হিসেবে পানিবাহিত জীবাণু এবং নগরীর বিভিন্ন পানির উৎসে ব্যাকটেরিয়া শনাক্ত ও বিশ্লেষণ নিয়ে কাজ করেছেন অর্পি।
অর্পির বাবা মুহাম্মদ আল-আমীন পাকুন্দিয়া উপজেলার হোসেন্দী আতকাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিনি বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির (একাংশ) পাকুন্দিয়া উপজেলা শাখার সভাপতির দায়িত্বও পালন করছেন।
সানা/আপ্র/২৬/১১/২০২৬