শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জনকে কেন্দ্র করে যশোরের বেনাপোল সীমান্ত এলাকায় নিরাপত্তা তৎপরতা জোরদার করা হয়েছে। সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সার্চলাইট জ্বালিয়ে রাতভর টহল দিচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সঙ্গে সীমান্তের বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে রাতভর পাহারা দিচ্ছেন বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা।
বুধবার (২৫ নভেম্বর) রাত থেকে সীমান্তসংলগ্ন বিভিন্ন সড়কে মোটরসাইকেল র্যালি বের করেন জামায়াতের নেতাকর্মীরা। অন্যদিকে সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অবস্থান নেন বিএনপির নেতাকর্মীরা। এ সময় তাঁরা শেখ হাসিনার দেশে ফেরার বিরোধিতা করে বিভিন্ন স্লোগান দেন। এর মধ্যে ছিল- ‘আপা আপা করিস না, তোদের আপা আসবে না’ এবং ‘গোপালগঞ্জের গোপালী আর কতকাল জ্বালাবি’। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সতর্ক থাকার কথা জানান দলীয় নেতাকর্মীরা।
বুধবার রাত ৯টার দিকে বেনাপোলের সাদিপুর, বড় আঁচড়া ও গাতিপাড়া সীমান্ত এলাকায় প্রথমবারের মতো জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মোটরসাইকেল র্যালি করতে দেখা যায়। র্যালি থেকে আওয়ামী লীগ ও শেখ হাসিনাবিরোধী বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
এর আগে বেনাপোল স্থলবন্দর এলাকায় আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মশাল মিছিল করেন বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের। তাঁর নেতৃত্বে আয়োজিত মিছিলে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। মিছিল থেকে তাঁরা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন।
এদিকে সীমান্তের নিরাপত্তা জোরদারে তৎপরতা বাড়িয়েছে ৪৯ বিজিবি। রাতের অন্ধকারে সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সার্চলাইট জ্বালিয়ে টহল দিচ্ছেন বিজিবি সদস্যরা। নিয়মিত টহলের পাশাপাশি সীমান্তের সার্বিক পরিস্থিতি ও গতিবিধির ওপর নজরদারি করা হচ্ছে। অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান ও যেকোনো ধরনের অপতৎপরতা ঠেকাতে বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিজিবি জানিয়েছে, সীমান্তে নিরাপত্তাব্যবস্থা আরো জোরদার করা হয়েছে। দিন-রাত দায়িত্ব পালন করছেন সদস্যরা। একই সময়ে সীমান্তের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে অবস্থান নিয়েছেন বিএনপির নেতাকর্মীরাও।
সব মিলিয়ে শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জনকে কেন্দ্র করে বেনাপোল সীমান্তে বিজিবির নিরাপত্তা তৎপরতার পাশাপাশি বিএনপি ও জামায়াতের রাজনৈতিক কর্মকাণ্ডও বেড়েছে।
সানা/আপ্র/২৬/১১/২০২৬