জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার প্ররোচনার মামলায় তাঁর মামা ওবায়দুর রহমানকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।
তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার (৫ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান এ আদেশ দেন বলে জানিয়েছেন প্রসিকিউশন বিভাগের এসআই রফিকুল ইসলাম।
মরিয়মের মামা ওবায়দুরকে গত ২২ সেপ্টেম্বর রাতে চট্টগ্রাম থেকে গ্রেফতার করে এসআরবি। ২৮ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের তেজগাঁও জোনাল টিমের পরিদর্শক মোহাম্মদ সালাউদ্দিন তাঁর পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আদালত আসামির উপস্থিতিতে শুনানির জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেন। ওইদিন আদালত ওবায়দুরের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ড শেষে সোমবার ওবায়দুরকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন পরিদর্শক মোহাম্মদ সালাউদ্দিন। তাঁর পক্ষে আইনজীবী গোলাম সাবের চৌধুরী জামিনের আবেদন করেন। আদালত মঙ্গলবার জামিন শুনানির দিন ধার্য করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
সংসদ ভবনের উল্টো দিকে ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে গত ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। ওই রাতে গাজী নজরুল ও তাঁর প্রথম স্ত্রী মাকছুদা ইসলামকে হেফাজতে নেয় পুলিশ।
পরে ওই রাতেই আত্মহত্যার প্ররোচনার অভিযোগে সংসদ সদস্য গাজী নজরুল, মাকছুদা ইসলাম ও নিহতের মামা ওবায়দুরের বিরুদ্ধে মামলা করেন মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ।
পরদিন শেরেবাংলা নগর থানার এসআই মো. শামসুজ্জোহা সরকারের আবেদনের পরিপ্রেক্ষিতে গাজী নজরুলের চার দিন এবং মাকছুদার একদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। সেদিন রাতেই মামলার তদন্তভার গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
একদিনের রিমান্ড শেষে ২২ সেপ্টেম্বর মাকছুদাকে কারাগারে পাঠানো হয়। আর দুই দফায় আট দিনের রিমান্ড শেষে ২৮ সেপ্টেম্বর নজরুল ইসলামকে কারাগারে পাঠানো হয়।
ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহর আদালতে ৩০ সেপ্টেম্বর গাজী নজরুল ও মাকছুদার জামিন চেয়ে আবেদন করেন তাঁদের আইনজীবী মাহাবুবুর রহমান। মরিয়মের বাবার সঙ্গে আসামিদের আপসের কথা জানান তিনি। তাঁরা জামিন পেলে বাদীপক্ষের কোনো আপত্তি নেই বলেও জানানো হয়। পরে আদালত মাকছুদাকে জামিন দিলেও গাজী নজরুলের জামিন নামঞ্জুর করেন।
এদিকে সোমবার গাজী নজরুলের জামিন চেয়ে আবেদন করেছেন তাঁর আইনজীবী মাহাবুবুর রহমান। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম বুধবার এ বিষয়ে শুনানির দিন ধার্য করেছেন।
সানা/কেএমএএ/আপ্র/৫/১০/২০২৬