কুষ্টিয়া জেলা কারাগারে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, একটি মোটরসাইকেলযোগে তিনজন দুর্বৃত্ত এসে ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়।
স্থানীয় সূত্রে ও জেল কর্তৃপক্ষ থেকে জানা যায়, মোটরসাইকেল যোগে তিনজন দুর্বৃত্ত এসে সড়কের ওপর থেকে জেলা কারাগারের প্রধান ফটক লক্ষ্য করে একটি ককটেল নিক্ষেপ করে। বিকট শব্দে ককটেলটি বিস্ফোরিত হলে চারিদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
এ বিষয়ে জেল সুপার শরিফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সড়কের ওপর থেকে মোটরসাইকেলে তিনজন এসে ককটেল নিক্ষেপ করেছে। তবে এই ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বিষয়টি কুষ্টিয়া মডেল থানাকে অবহিত করা হয়েছে, তারা তদন্ত করছেন।
কেএমএএ/আপ্র/২৬.১১.২৬