দেশের শহর থেকে গ্রাম- সর্বত্রই অটোরিকশার অবাধ চলাচল সড়ক ব্যবস্থাপনায় এক নতুন সংকট তৈরি করেছে। যাত্রী পরিবহনে অটোরিকশা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও এর অনিয়ন্ত্রিত সংখ্যা, যেখানে-সেখানে যাত্রী ওঠানামা, বেপরোয়া চালনা, উল্টো পথে চলাচল এবং যত্রতত্র পার্কিং সড়কের স্বাভাবিক গতি ও শৃঙ্খলা নষ্ট করছে; বিশেষ করে ব্যস্ত সড়ক, গুরুত্বপূর্ণ মোড় এবং বাজার এলাকায় অটোরিকশার দাপটে যানজট নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। অনেক ক্ষেত্রে ফুটপাত ও প্রধান সড়ক দখল করে যাত্রী ওঠানামার কারণে পথচারীদেরও চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, যথাযথ নিবন্ধন, চালকের প্রশিক্ষণ এবং ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি নিশ্চিত না হওয়ায় সড়ক দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে। জনসাধারণের স্বল্প দূরত্বের যাতায়াতের প্রয়োজন মেটাতে অটোরিকশার ভূমিকা অস্বীকার করার সুযোগ নেই। তবে জনস্বার্থের এ পরিবহন ব্যবস্থা কোনোভাবেই জনদুর্ভোগের কারণ হতে পারে না। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছানোর পেছনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতা, অপরিকল্পিত যানবাহন বৃদ্ধি এবং দুর্বল তদারকিও কম দায়ী নয়।
বলার অপেক্ষা রাখে না, সড়কে শৃঙ্খলা ফেরাতে এখন আর বিচ্ছিন্ন অভিযান কিংবা সাময়িক সতর্কবার্তা যথেষ্ট নয়; প্রয়োজন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বিত ও কঠোর হস্তক্ষেপ। এই পরিস্থিতির জন্য শুধু অটোরিকশাচালকদের দায়ী করলেই সমস্যার প্রকৃত সমাধান হবে না। এর পেছনে রয়েছে অপরিকল্পিত নগরায়ণ, পর্যাপ্ত গণপরিবহনের অভাব, দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনা, প্রশাসনিক নজরদারির ঘাটতি এবং অনিয়ন্ত্রিতভাবে যানবাহনের অনুমোদন ও চলাচল। অনেক চালক জীবিকার তাগিদে সড়কে নামলেও তাদের বড় একটি অংশ প্রয়োজনীয় প্রশিক্ষণ ও ট্রাফিক আইন সম্পর্কে পর্যাপ্ত ধারণা ছাড়াই গাড়ি চালাচ্ছেন। ফলে বিশৃঙ্খলা বাড়ছে আর ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। এ অবস্থা থেকে উত্তরণে সারা দেশে অটোরিকশার নিবন্ধন ও চলাচলের সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন জরুরি। নির্দিষ্ট রুট, চলাচলের সময়, পার্কিং স্থান ও ভাড়ার কাঠামো নির্ধারণ করতে হবে। চালকদের প্রশিক্ষণ, লাইসেন্স যাচাই এবং ট্রাফিক আইন সম্পর্কে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি অবৈধ ও অননুমোদিত যানবাহনের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করতে হবে। একই সঙ্গে সড়ক দখল, চাঁদাবাজি ও অনিয়মের সঙ্গে জড়িত চক্রগুলোকেও আইনের আওতায় আনতে হবে। তবে মনে রাখতে হবে, শুধু অটোরিকশাচালকদের ওপর দায় চাপিয়ে সমস্যার সমাধান সম্ভব নয়। সড়কের শৃঙ্খলা রক্ষা কোনো একক সংস্থার দায়িত্ব নয়; সড়ক পরিবহন কর্তৃপক্ষ, ট্রাফিক পুলিশ, স্থানীয় প্রশাসন, সিটি করপোরেশন ও পৌরসভাকে সমন্বিতভাবে দায়িত্ব পালন করতে হবে। এ ছাড়া দায়িত্বে অবহেলা, অনিয়মের প্রশ্রয় ও প্রভাবশালীদের হস্তক্ষেপের কারণে যেন আইন প্রয়োগ বাধাগ্রস্ত না হয়, তা নিশ্চিত করতে হবে। প্রয়োজনে প্রতিটি শহর ও গুরুত্বপূর্ণ জনপদে অটোরিকশা চলাচল নিয়ন্ত্রণে কার্যকর নজরদারি ব্যবস্থা গড়ে তুলতে হবে।
বলা বাহুল্য, সড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনার দায়িত্ব সরকার, প্রশাসন, পরিবহনমালিক, চালক ও নাগরিক- সবার। এক্ষেত্রে রাষ্ট্রকেই কার্যকর নেতৃত্ব দিতে হবে। অটোরিকশা বন্ধ করে দেওয়া কোনো বাস্তবসম্মত বা জনবান্ধব সমাধান নয়; বরং এই পরিবহনব্যবস্থাকে পরিকল্পিত, নিরাপদ ও নিয়ন্ত্রিত কাঠামোর মধ্যে নিয়ে আসাই সময়ের দাবি। দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের যাতায়াতের সুবিধা এবং অটোরিকশাচালকদের জীবিকার বিষয়টিও বিবেচনায় রাখতে হবে। এর পাশাপাশি সড়কে শৃঙ্খলা রক্ষায় নিয়মিত তদারকি, আইন প্রয়োগে স্বচ্ছতা ও অপরাধ অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা প্রয়োজন। মনে রাখতে হবে, সড়ক কারো ব্যক্তিগত সম্পত্তি নয়; সবার চলাচলের অধিকার ও নিরাপত্তার জায়গা। তাই অটোরিকশার দাপট নয়; সড়কে প্রতিষ্ঠিত হোক আইন, শৃঙ্খলা ও পারস্পরিক দায়িত্ববোধ। পরিকল্পিত পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে পারলেই সড়ক হবে নিরাপদ, গতিশীল ও জনবান্ধব। জনস্বাথ ও সড়কের নিরাপত্তার মধ্যে ভারসাম্য প্রতিষ্ঠায় এখনই কঠোর পদক্ষেপ নিতে হবে। অন্যথায় সড়কের বিশৃঙ্খলা আরো ভয়াবহ রূপ নেবে। তাই আমাদের প্রত্যাশা, তাই আমাদের প্রত্যাশা, সড়কের বিশৃঙ্খলা ফেরাতে অনিয়ন্ত্রিত অটোরিকশা বিরুদ্ধে দ্রুত কঠোর পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ।
কেএমএএ/আপ্র/২৬.১১.২৬