যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা ছাড়াই ইরানে হামলা চালাতে প্রস্তুত বলে ঘোষণা দিয়েছে ইসরায়েল। দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, তেহরানের হুমকি মোকাবিলায় যেকোনো সময় এককভাবে সামরিক পদক্ষেপ নেওয়ার সক্ষমতা তাদের রয়েছে।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) মুখপাত্র এফি ডেফরিন রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম কানকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানান। তিনি বলেন, ইরানের হুমকি মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়াই ইসরায়েল যেকোনো সময় শক্তি প্রয়োগ করতে প্রস্তুত।
ডেফরিন বলেন, ইরান এখনও ইসরায়েলকে ধ্বংস করার লক্ষ্য থেকে সরে আসেনি। তবে দেশটির সাধারণ মানুষের জন্য জারি করা সামরিক নির্দেশনা, জরুরি সতর্কতা বা বিধিনিষেধে নতুন কোনো পরিবর্তন আনা হয়নি।
ইসরায়েলের এমন কঠোর অবস্থানের বিপরীতে ভিন্ন বার্তা দিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মহল চাইছে, ইসরায়েল যুদ্ধকালীন মানসিকতা থেকে বেরিয়ে এসে আঞ্চলিক নিরাপত্তা ও অর্থনৈতিক কূটনীতিতে মনোযোগ দিক।
এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার সন্ধ্যায় নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠক ডাকার প্রস্তুতি নিচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইরানের বিরুদ্ধে নতুন সামরিক অভিযানের প্রস্তুতি এবং তেহরানের সম্ভাব্য আকস্মিক হামলার আশঙ্কার মধ্যেই এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
ইরান যুদ্ধের নয় মাস পর নতুন করে সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে। এই যুদ্ধ ইতিমধ্যে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি করেছে, সামুদ্রিক নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে এবং পশ্চিম এশিয়ার একাধিক দেশকে সংঘাতের মধ্যে টেনে এনেছে। নেতানিয়াহু নতুন সামরিক অভিযানের পক্ষে অবস্থান নিলেও ওয়াশিংটন তাকে কূটনীতির পথে রাখতে পারবে কি না, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের বার্তা
মার্কিন বিশেষ দূত জ্যারেড কুশনার সম্প্রতি ইসরায়েলের আঞ্চলিক নীতি নিয়ে ভিন্ন অবস্থান তুলে ধরেছেন। জার্মান ব্যবসায়ী মাথিয়াস ডফনারের সঙ্গে এক পডকাস্ট সাক্ষাৎকারে তিনি বলেন, ইসরায়েলের উচিত যুদ্ধকালীন মানসিকতা পরিহার করে অর্থনৈতিক কূটনীতিতে মনোযোগ দেওয়া।
এর দুই দিন আগে নিউইয়র্ক ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে কুশনার সতর্ক করেছিলেন, গাজা নিয়ে নীতি পরিবর্তন না করলে বিশ্বে ইসরায়েল ক্রমেই একঘরে হয়ে পড়তে পারে।
তবে ইরানের বিরুদ্ধে ভবিষ্যতে সামরিক পদক্ষেপের সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেয়নি ওয়াশিংটন। নতুন করে হামলার বিষয়ে জানতে চাইলে কুশনার বলেন, ট্রাম্প সব সময় সব ধরনের বিকল্প খোলা রাখেন।
নতুন হামলার জন্য কেন চাপ দিচ্ছেন নেতানিয়াহু?
নেতানিয়াহুর নতুন করে সামরিক অভিযানের উদ্যোগের পেছনে তিনটি কারণ কাজ করছে বলে মনে করা হচ্ছে। এগুলো হলো নিরাপত্তা উদ্বেগ, যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা পাওয়ার সুযোগ কমে যাওয়ার আশঙ্কা এবং অভ্যন্তরীণ রাজনৈতিক অনিশ্চয়তা।
ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, নেতানিয়াহুর ধারণা, ইরান তাদের ক্ষেপণাস্ত্রের মজুত ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পুনর্গঠন করছে। একই সঙ্গে দেশটি এখনও নতুন সামরিক হামলার মুখে তুলনামূলক দুর্বল অবস্থায় রয়েছে।
ইরানে নতুন হামলার পক্ষে ট্রাম্প প্রশাসনের সমর্থন পেতে নেতানিয়াহু বারবার চেষ্টা করছেন। এর অংশ হিসেবে সাম্প্রতিক বৈঠকগুলোতে মার্কিন জ্যেষ্ঠ কর্মকর্তাদের সামনে ইরানসংক্রান্ত গোয়েন্দা তথ্য তুলে ধরেছেন মোসাদপ্রধান রোমান গোফম্যান। এ উদ্দেশ্যে চলতি মাসের শুরুতে তাঁকে ওয়াশিংটনে পাঠানো হয়েছিল বলেও খবর প্রকাশিত হয়েছে।
তবে ইসরায়েলের ভেতরেই নতুন সামরিক অভিযান নিয়ে মতভেদ রয়েছে। দেশটির সেনাপ্রধান ইয়াল জামির এবং মোসাদের গবেষকদের একাংশ এখনই ইরানে আরেকটি অভিযান চালানোর জরুরি প্রয়োজন দেখছেন না বলে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে।
ইসরায়েলের কয়েকজন নিরাপত্তা কর্মকর্তা সামরিক অভিযানের পরিবর্তে ইরানের ওপর অর্থনৈতিক চাপ অব্যাহত রাখার পক্ষে মত দিয়েছেন।
নেতানিয়াহুর রাজনৈতিক অবস্থানও এ পরিস্থিতিকে জটিল করে তুলেছে। গত ২৭ অক্টোবরের নির্বাচনে সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর তিনি বর্তমানে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোট নতুন সরকার গঠনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
নেতানিয়াহুর রাজনৈতিক প্রতিপক্ষদের অভিযোগ, ক্ষমতায় টিকে থাকার মেয়াদ বাড়াতে কিংবা বিরোধীদের জাতীয় ঐক্য সরকারে যোগ দিতে বাধ্য করতেই তিনি নতুন করে যুদ্ধের পরিস্থিতি তৈরি করতে চাইছেন।
ইসরায়েলি পার্লামেন্ট নেসেটের পররাষ্ট্র ও প্রতিরক্ষা কমিটির চেয়ারম্যান আভিগদর লিবারম্যানও অবিলম্বে সামরিক পদক্ষেপ নেওয়ার পক্ষে উপস্থাপিত গোয়েন্দা তথ্যের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন। জবাবে নেতানিয়াহু অভিযোগ করেছেন, রাজনৈতিক স্বার্থে তাঁর বিরোধীরা গুরুতর নিরাপত্তা হুমকিকে খাটো করে দেখছে।
পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতি। আগামী জানুয়ারিতে ডেমোক্র্যাটরা মার্কিন কংগ্রেসের নিয়ন্ত্রণ নেওয়ার পথে থাকায় নতুন সামরিক অভিযানে ওয়াশিংটনের সমর্থন পাওয়ার সুযোগ কমে আসতে পারে বলে আশঙ্কা করছেন ইসরায়েলি কর্মকর্তারা।
সূত্র: গালফ নিউজ।
ডিসি/আপ্র/২৬/১১/২০২৬