প্রথম ম্যাচে তেমন একটা ভালো করতে না পারলেও, এবার চমৎকার বোলিং করলেন মুস্তাফিজুর রহমান। ‘ইম্প্যাক্ট সাব’ হিসেবে মাঠে নেমে দুবাই ক্যাপিটালসের জয়ে উল্লেখযোগ্য অবদান রাখলেন বাংলাদেশের তারকা। ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে (আইএলটি-টোয়েন্টি) বুধবার ডেজার্ট ভাইপার্সের বিপক্ষে ৪৫ রানে জিতেছে ক্যাপিটালস। ২.৫ ওভারে ১২ রান দিয়ে ২টি উইকেট নিয়েছেন মুস্তাফিজ।
আসরে দলের প্রথম ম্যাচে আবু ধাবি নাইট রাইডার্সের বিপক্ষে চার ওভারে ৩৭ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন বাঁহাতি এই পেসার, বড় ব্যবধানে হেরেছিল ক্যাপিটালসও। এবার প্রথম জয়ের স্বাদ পেল দলটি। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ২০ ওভারে ক্যাপিটালস করে ৭ উইকেটে ১৬৪ রান।
জবাবে ভাইপার্স ১৩ বল বাকি থাকতে গুটিয়ে যায় ১১৯ রানে। চার ওভারে ২০ রানে ৪ উইকেট নিয়ে ক্যাপিটালসের সফলতম বোলার নুর আহমাদ। ম্যাচ সেরার পুরস্কারও জেতেন আফগানিস্তানের ২১ বছর বয়সি বাঁহাতি রিস্ট স্পিনার।
রান তাড়ায় শুরুতেই বাবর আজমকে হারায় ভাইপার্স। আগের ম্যাচে এই টুর্নামেন্টে অভিষেকে ৫১ বলে ৮৬ রানের ম্যাচজয়ী ইনিংস খেলা পাকিস্তানের টেস্ট অধিনায়ক এবার টিকতে পারেন দুই বল। পঞ্চম ওভারে বল হাতে পান মুস্তাফিজ। দুটি ওয়াইড দিলেও, স্রেফ ৬ রান দিয়ে ফাখার জামানের উইকেট নেন তিনি। তার শেষ বলে অফ স্টাম্পের বাইরের স্লোয়ার শর্ট ডেলিভারি কাট করতে গিয়ে পয়েন্টে ধরা পড়েন বাঁহাতি ব্যাটসম্যান।
নিয়মিতই উইকেট হারায় ভাইপার্স। আন্দ্রিয়েস হাউস, জো ক্লার্ক, শিমরন হেটমায়ার, কেউ উল্লেখযোগ্য কিছু করতে পারেননি। এই তিন জনকেই ফেরান নুর। ইনিংসের ১৫তম ও নিজের কোটার শেষ ওভারে টম কারানকে ফিরিয়ে চতুর্থ শিকার ধরেন তিনি। পরের ওভারে বোলিংয়ে ফেরানো হয় মুস্তাফিজকে।
ভাইপার্সের স্কোর তখন ৭ উইকেটে ১১০। এবার তৃতীয় বলে অল্পের জন্য উইকেট পাননি মুস্তাফিজ। প্রথম দুই বলে ব্যাট ছোঁয়াতে না পারা নানগেয়ালিয়া খারোটে পুল করেন ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগের দিকে।
ফিল্ডার আয়ান খান ক্যাচ নেওয়ার চেষ্টা করলেও বল মাটিতে এক ড্রপ খেয়ে তার কাছে যায়। এই প্রচেষ্টায় আঘাত পেয়ে মাঠের বাইরে চলে যান তিনি। এই ওভারে স্রেফ ৩ রান দেন মুস্তাফিজ। পরের ওভারে দুটি উইকেট নেন হাসান খান। এর পরের ওভারে মুস্তাফিজের প্রথম চার বলে আসে ৩ রান।
পঞ্চম বলে মুজিব উর রাহমানকে ফিরিয়ে ম্যাচের ইতি টেনে দেন তিনি। অফ স্টাম্পের বাইরের বলে ব্যাট চালিয়ে কিপারের গ্লাভসে ধরা পড়েন মুজিব।
ডিসি/আপ্র/২৬/১১/২০২৬