গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

মেনু

চুরির উদ্দেশ্যে ছাদে অপেক্ষা, দেখে ফেলায় খুন চারজনকে

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৫৬ পিএম, ২৬ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৭:৪৯ এএম ২০২৬
চুরির উদ্দেশ্যে ছাদে অপেক্ষা, দেখে ফেলায় খুন চারজনকে
ছবি

ছবি সংগৃহীত

রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার পেছনে ছিল চুরির পরিকল্পনা। বাড়িতে টাকা ও স্বর্ণালংকার থাকার তথ্য পেয়ে চুরির উদ্দেশ্যে সেখানে গিয়েছিলেন দুই আসামি। ছাদে অপেক্ষা করার সময় গণপতি চক্রবর্তী তাঁদের দেখে ফেলায় প্রথমে তাঁকে হত্যা করা হয়। এরপর একে একে পরিবারের অন্য তিন সদস্যকেও হত্যা করেন তাঁরা।

তদন্ত শেষে আদালতে জমা দেওয়া অভিযোগপত্রে (চার্জশিট) এমন তথ্য উঠে এসেছে বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ কমিশনার মু. মাহবুবুর রশীদ।

আলোচিত এ হত্যাকাণ্ডের পরপরই অভিযুক্ত সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসকে গ্রেপ্তার করা হয়। তাঁরা দুজন বর্তমানে রংপুর কেন্দ্রীয় কারাগারে আটক রয়েছেন।

পুলিশ কমিশনার মাহবুবুর রশীদ বলেন, দুই আসামি আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি হওয়া স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ঘটনাস্থল থেকে সংগ্রহ করা আলামতের ডিএনএ পরীক্ষায় দুই আসামির ডিএনএর উপস্থিতি পাওয়া গেছে। তদন্তে পাওয়া সাক্ষ্যপ্রমাণ ও অন্যান্য তথ্যও তাঁদের জবানবন্দির সঙ্গে মিলেছে।

সংবাদ সম্মেলনে হত্যাকাণ্ডের বিবরণ তুলে ধরে গোয়েন্দা শাখার উপপুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী দাবি করেন, চুরির উদ্দেশ্যেই এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। তিনি বলেন, গণপতি চক্রবর্তীর বাড়িতে বিপুল পরিমাণ টাকা ও স্বর্ণালংকার রয়েছে বলে এলাকায় আলোচনা ছিল। তাঁর স্ত্রী প্রীতিলতা চক্রবর্তীও স্বর্ণালংকার পরতেন। এসব তথ্য থেকেই দুই আসামি বাড়িটিতে চুরির পরিকল্পনা করেন।

সনাতন চক্রবর্তী বলেন, ঘটনার ১৫ থেকে ১৭ দিন আগেও সিদ্ধার্থ দাস ওই বাড়িতে ঢুকেছিলেন। তখন পরিবারের সদস্যদের হাতে ধরা পড়েন তিনি। এ নিয়ে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এ ছাড়া সিদ্ধার্থ ও মুগ্ধ এর আগে পাশের তাঁতিপাড়া এলাকায় চুরি করতে গিয়ে ধরা পড়েছিলেন বলেও তদন্তে তথ্য পাওয়া গেছে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, ২১ আগস্ট রাতে চুরির উদ্দেশ্যে দুই আসামি গণপতি চক্রবর্তীর বাড়িতে যান। বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে তাঁরা ছাদে অপেক্ষা করছিলেন। এ সময় তাঁরা ইয়াবা সেবন করেন। একপর্যায়ে ছাদের শব্দ শুনে গণপতি চক্রবর্তী সেখানে গেলে তাঁদের দেখে ফেলেন। তখন তাঁর গলায় থাকা গামছা দিয়ে শ্বাসরোধ করে তাঁকে হত্যা করা হয়। পরে শব্দ শুনে ছাদে আসেন গণপতির স্ত্রী প্রীতিলতা ও মেয়ে আগমী চক্রবর্তী।

পুলিশের দাবি, দুই আসামি তাঁদেরও হত্যা করেন। এরপর বাড়ির ভেতরে গিয়ে ১২ বছর বয়সী ছেলে আয়ুশ চক্রবর্তীকে হত্যা করা হয়। পুলিশের ভাষ্য অনুযায়ী, আগমীকে হত্যার সময় ধস্তাধস্তি হয়। পরে সিদ্ধার্থের শরীরে আঁচড়ের চিহ্ন পাওয়া যায়।

উপপুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী বলেন, হত্যাকাণ্ডের পর বাড়ির বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে কিছু স্বর্ণালংকার, ইমিটেশনের গয়না ও নগদ টাকা নিয়ে যান আসামিরা। তাঁদের ভাষ্য অনুযায়ী, নগদ টাকার পরিমাণ ছিল প্রায় ১৫ হাজার টাকা। পরে সিদ্ধার্থের কাকা বিনয়ের বাড়ি থেকে তাঁদের দেখানো মতে স্বর্ণালংকার উদ্ধার করা হয়।

তদন্তে ঘটনাস্থল থেকে সংগ্রহ করা প্রায় ৩৫টি নমুনা ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। পুলিশের দাবি, খেজুর, শসা, সিগারেটের অবশিষ্টাংশ ও বোতলের ক্যাপসহ বিভিন্ন আলামতে দুই আসামির ডিএনএ পাওয়া গেছে। এসব নমুনায় পরিবারের সদস্য ও দুই আসামি ছাড়া অন্য কোনো ব্যক্তির ডিএনএর উপস্থিতি পাওয়া যায়নি।

পুলিশ আরও জানায়, গণপতি চক্রবর্তীর অবসরকালীন অর্থ নিয়ে এলাকায় ৫০ থেকে ৬০ লাখ টাকা পাওয়ার আলোচনা ছিল। তবে তদন্তে দেখা গেছে, তিনি অবসরকালীন প্রায় ২০ লাখ টাকা পেয়েছিলেন। সেই অর্থ সোনালী ব্যাংকের দুটি হিসাবে জমা রয়েছে। হিসাব দুটি বর্তমানে জব্দ অবস্থায় রয়েছে।

মামলার তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে। এতে ৫৩ জন সাক্ষী ও ৬৬টি আলামত অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

অভিযোগপত্রের বিষয়ে আদালতের কোনো পর্যবেক্ষণ আছে কি না, জানতে চাইলে পুলিশ কমিশনার মাহবুবুর রশীদ বলেন, এখনো বিচার কার্যক্রম শুরু হয়নি। প্রথমে অভিযোগপত্রের ওপর শুনানি হবে, এরপর অভিযোগ গঠন করা হবে। তারপর বিচার কার্যক্রম শুরু হলে আদালতের পর্যবেক্ষণের বিষয়টি জানা যাবে।

তবে পুলিশের দেওয়া ব্যাখ্যা মানতে নারাজ নিহত গণপতির বড় ভাই ও মামলার বাদী গোপীনাথ চক্রবর্তী। তিনি বলেন, টাকা চুরির জন্য চারজনকে হত্যা করা হয়েছে—এটি খোঁড়া অজুহাত। এর পেছনে আরও শক্তিশালী কেউ রয়েছে। শুরু থেকেই তিনি বলে আসছেন, দুইজনের পক্ষে চারজনকে হত্যা করা সম্ভব নয়। সুষ্ঠু তদন্ত ও প্রকৃত অপরাধীদের শনাক্ত করার দাবি জানালেও তাঁদের কথা গুরুত্ব পায়নি বলে অভিযোগ করেন তিনি।

আগের পুলিশ কমিশনার ঘটনার বর্ণনায় যা বলেছিলেন

গত ২২ আগস্ট রাতে রংপুর নগরীর মাছুয়াপাড়ায় নিজ বাড়ি থেকে রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ তাঁর পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরদিন ২৩ আগস্ট দুপুরে রংপুর মেট্রোপলিটন পুলিশ কার্যালয়ের মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন তৎকালীন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ।

তিনি জানান, শিক্ষক গণপতি চক্রবর্তীর বাড়ির পাশের ভবনটি দেবু দাসের। ওই ভবন দিয়ে বৃহস্পতিবার ভোররাতে মুগ্ধ ও সিদ্ধার্থ গণপতির বাড়ির ছাদে উঠে আসেন। সেখানে বসে ইয়াবা সেবনের একপর্যায়ে শব্দ শুনে ছাদে আসেন গণপতি। তাঁর ঘাড়ে গামছা ছিল। দুই আসামিকে দেখে ইয়াবা সেবনের বিষয়ে প্রশ্ন করায় মুগ্ধ ও সিদ্ধার্থ তাৎক্ষণিকভাবে তাঁর গলার গামছা পেঁচিয়ে নির্মমভাবে হত্যা করেন।

তৎকালীন পুলিশ কমিশনার আরও বলেছিলেন, গণপতি হত্যার সময় আওয়াজ করলে তাঁর স্ত্রী প্রীতিলতা সিঁড়ি বেয়ে ওপরে উঠতে থাকেন। ওত পেতে থাকা মুগ্ধ ও সিদ্ধার্থ সিঁড়িতেই ওই গামছা তাঁর গলায় পেঁচিয়ে হত্যা করেন। প্রীতিলতার চিৎকারে মাস্টার্সপড়ুয়া মেয়ে আগমী চক্রবর্তী সিঁড়ির দিকে এগিয়ে এলে তাঁকেও গামছা দিয়ে হত্যার চেষ্টা করেন দুই আসামি। এতে মৃত্যু না হওয়ায় তাঁরা রশি এনে আগমীর গলায় ও মুখে পেঁচিয়ে জোরে টান দেন। এতে তাঁর মুখের চোয়াল ভেঙে যায়। প্রায় পাঁচ মিনিট চেষ্টার পর তাঁকে হত্যা করা হয়।

এরপর দুই আসামি শিশু প্রিয়মের ঘরে গিয়ে তাকে ঘুমন্ত অবস্থায় দেখতে পান। চিনে ফেলতে পারে—এমন আশঙ্কায় ঘুমন্ত অবস্থায় তার গলায় গামছা পেঁচিয়ে ও বালিশ চাপা দিয়ে হত্যা করা হয় বলে জানিয়েছিলেন আবদুল মাবুদ।

তিনি আরও জানান, হত্যার পর মুগ্ধ ও সিদ্ধার্থ উত্তেজিত ছিলেন। কিছুক্ষণ পর শান্ত হলে প্রিয়মের বাথরুমে প্রথমে সিদ্ধার্থ গোসল করেন। এরপর মুগ্ধ গোসল করে ডাইনিং টেবিলে বসেন। সেখানে একটি বয়ামে থাকা খেজুর খান তাঁরা। পরে ফ্রিজ থেকে শসা বের করে খাওয়ার পর দুজন ইয়াবা সেবন করেন।

সকাল হলে পালানোর পরিকল্পনা করতে থাকেন তাঁরা। জুমার দিন হওয়ায় নামাজের সময় শিক্ষক গণপতির বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পরিকল্পনা করেন। ঘটনাটিকে ডাকাতি বলে ভিন্ন খাতে প্রবাহিত করতে বাড়ির বিভিন্ন আসবাবপত্র তছনছ করে মেঝেতে ফেলে রাখেন। আলমারির ড্রয়ার ভেঙে সেখান থেকে স্বর্ণালংকার নিয়ে যান। দুপুরে বের হওয়ার আগে গণপতি চক্রবর্তীর বাড়ির দুটি ফোন ডিটারজেন্ট দিয়ে বালতিতে ভিজিয়ে রাখেন, যাতে ফোনে আঙুলের ছাপ পাওয়া না যায়।

হত্যাকাণ্ডের পর গ্রেফতার দুই আসামি

প্রসঙ্গত, গত ২২ আগস্ট রাতে রংপুর নগরীর মাছুয়াপাড়া (দাসপাড়া) এলাকায় তালাবদ্ধ একটি বাড়ি থেকে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী, মেয়ে ও ছেলেসহ একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় একই এলাকা থেকে প্রতিবেশী মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাসকে গ্রেপ্তার করা হয়।

পরে নিহত গণপতি চক্রবর্তীর বড় ভাই গোপীনাথ চক্রবর্তী বাদী হয়ে কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন। আসামিরা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে হত্যার দায় স্বীকার করেছেন। মামলাটি রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ তদন্ত করছে।

একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় গ্রেপ্তার দুই আসামির ডিএনএ পরীক্ষায় ঘটনাস্থলে তাঁদের উপস্থিতির সত্যতা পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। আলামত হিসেবে সংগ্রহ করা নমুনা পরীক্ষা করে তাঁদের শনাক্ত করা হয়েছে। এর আগে হত্যাকাণ্ডের নয় দিন পর সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের মাদকাসক্তি পরীক্ষাও করা হয়। এতে তাঁদের শরীরে মাদক সেবনের প্রমাণ মেলেনি।

আলোচিত এ হত্যাকাণ্ডে দুই আসামির পক্ষে একাই চারজনকে হত্যা করা অবিশ্বাস্য দাবি করে অন্য কেউ জড়িত থাকলে তাঁদেরও গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ সমাবেশসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন নিহতদের স্বজন, স্থানীয় বাসিন্দা ও মানবাধিকার সংগঠনের সদস্যরা।

এসি/আপ্র/২৬/১১/২০২৬

 

 

 

 

সংশ্লিষ্ট খবর

বাসাভাড়া না বাড়ানোর হুঁশিয়ারি এমপি মজিবুরের
২৬ নভেম্বর ২০২৬

বাসাভাড়া না বাড়ানোর হুঁশিয়ারি এমপি মজিবুরের

গাজীপুরের কালিয়াকৈরে নাশকতা ও বিশৃঙ্খলা ঠেকাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোড় এলাকায় অবস...

পলাতকরা দেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী
২৬ নভেম্বর ২০২৬

পলাতকরা দেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগকে ইঙ্গিত করে রাজনীতিতে তাদের অপ্রাসঙ্গিক বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন...

প্রতিবেশী প্রায় সব দেশের সঙ্গেই ভারতের সম্পর্ক খারাপ: তথ্যমন্ত্রী
২৬ নভেম্বর ২০২৬

প্রতিবেশী প্রায় সব দেশের সঙ্গেই ভারতের সম্পর্ক খারাপ: তথ্যমন্ত্রী

ভারতের পররাষ্ট্রনীতিকে ‘মিজারেবল (শোচনীয়)’ আখ্যা দিয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান বলেন, প...

শীতার্তদের জন্য ৪৬ কোটি ৬৬ লাখ টাকার কম্বল কিনবে সরকার
২৬ নভেম্বর ২০২৬

শীতার্তদের জন্য ৪৬ কোটি ৬৬ লাখ টাকার কম্বল কিনবে সরকার

শীতার্ত, অসহায় ও দুর্যোগকবলিত মানুষের মধ্যে বিতরণের জন্য আরো ৪৬ কোটি ৬৬ লাখ ৪৯ হাজার ২৬৮ টাকার কম্বল...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকার প্রস্তাব মালিকদের

তৈরি পোশাকশিল্পের শ্রমিক ও কর্মচারীদের ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ। মজুরি বোর্ডের সর্বশেষ বৈঠকে চতুর্থ গ্রেডের শ্রমিকদের জন্য এ প্রস্তাব দেওয়া হয়। তবে শ্রমিকপক্ষের সর্বশেষ প্রস্তাব ২২ হাজার টাকা হওয়ায় দুই পক্ষের মধ্যে ব্যবধান এখনো অনেক বেশি। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন বাজার বিবেচনায় শ্রমিকদের জন্য প্রস্তাবিত মজুরি যৌক্তিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে