চার বছর পর আবারো ঢাকার মঞ্চে গান শোনাতে আসছেন ‘বিলিয়নেরা’খ্যাত রোমানিয়ান পপতারকা ওটিলিয়া। এরই মধ্যে ঢাকায় পৌঁছেছেন জনপ্রিয় এই গায়িকা। তাকে স্বাগত জানাতে প্রস্তুত ভক্তরাও।
বাংলাদেশে পৌঁছে সামাজিক যোগাযোগমাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ওটিলিয়া। ভক্তদের উদ্দেশে তিনি লিখেছেন, ‘হ্যালো, ঢাকা! আমি নিরাপদে তোমাদের সুন্দর শহরে পৌঁছেছি। এখানে আসতে পেরে ভীষণ আনন্দিত। আমার অসাধারণ ভক্তদের সঙ্গে দেখা করার জন্য আর তর সইছে না।’
‘ওটিলিয়া রিটার্নস: বিলিয়নেরা লাইভ ইন ঢাকা’ শিরোনামের এই আয়োজনে ওটিলিয়ার সঙ্গে মঞ্চে থাকছেন বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী ফুয়াদ আল মুক্তাদির ও তাঁর ব্যান্ড। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে কনসার্টে অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ফুয়াদ নিজেই।
আগামী ২৭ নভেম্বর বিকেল ৫টায় রাজধানীর মাদানী অ্যাভিনিউয়ের কোর্টসাইডে বসবে এই সংগীতের আসর। অনলাইন মাধ্যমে কনসার্টের আগাম টিকিট পাওয়া যাচ্ছে। এর আগে ২০২২ সালে ঢাকায় এসেছিলেন ওটিলিয়া।
এসি/আপ্র/২৬/১১/২০২৬