বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীদের হাতে শতভাগ নতুন পাঠ্যবই তুলে দেওয়ার পরিকল্পনা করছে সরকার। এ লক্ষ্যে আগামী ২৪ থেকে ২৭ ডিসেম্বরের মধ্যে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে নতুন বই বিতরণের প্রস্তুতি চলছে।
২০২৭ শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের হাতে মানসম্মত বই পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এজন্য শিক্ষাবর্ষ শুরুর অনেক আগেই এবার বইয়ের মুদ্রণ, বাঁধাই ও মাঠপর্যায়ে সরবরাহের কাজ শেষ করা হচ্ছে।
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ ফখরুল মাওলা এক সাক্ষাৎকারে এসব তথ্য জানান। সাক্ষাৎকারে তিনি পাঠ্যবই মুদ্রণ ও সরবরাহের সর্বশেষ অবস্থা, নতুন বইয়ের মান এবং বিতরণের সময়সূচি নিয়ে বিস্তারিত কথা বলেন।
এনসিটিবি চেয়ারম্যান জানান, ২০২৭ শিক্ষাবর্ষে প্রাক্-প্রাথমিক, প্রাথমিক, ইবতেদায়ি ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য মোট ৩০ কোটি ৯৬ লাখ ৩৬ হাজার পাঠ্যবই ছাপানো হচ্ছে। এর মধ্যে প্রাক্-প্রাথমিক স্তরের বই ছাপা ও সরবরাহের কাজ প্রায় শেষ হয়েছে। প্রাথমিক স্তরের ৯৭ শতাংশের বেশি এবং মাধ্যমিক স্তরের ৯২ শতাংশের বেশি বই ইতোমধ্যে উপজেলা পর্যায়ে পৌঁছে দেওয়া হয়েছে।
তিনি জানান, প্রাক্-প্রাথমিক স্তরের ৫৭ লাখ ৩০ হাজার ৬৪০ কপি বইয়ের কাজ শতভাগ শেষ হয়েছে। প্রাথমিকের (প্রথম থেকে পঞ্চম শ্রেণি) ৭ কোটি ৬০ লাখ ৯৭ হাজার ৯৬ কপি বইয়ের মধ্যে ৯৭ দশমিক ২৮ শতাংশ এবং ইবতেদায়ির ৪ কোটি ১৬ লাখ ৩৯ হাজার ৫৭৪ কপি বইয়ের ৯৪ দশমিক ১২ শতাংশের প্রাক্-সরবরাহ পরিদর্শন (পিডিআই) সম্পন্ন হয়েছে।
ফখরুল মাওলা আরো জানান, ২৫ নভেম্বর পর্যন্ত মাধ্যমিক স্তরের (ষষ্ঠ থেকে দশম শ্রেণি) ১৭ কোটি ৯৫ লাখ ৪৩ হাজার ১৮ কপি বইয়ের মধ্যে ৯২ দশমিক ৯৭ শতাংশের পিডিআই এবং ৯২ শতাংশ বইয়ের সরবরাহ সম্পন্ন হয়েছে। এ ছাড়া দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ৯ হাজার ৪ কপি ব্রেইল বই ছাপানো হচ্ছে।
বই বিতরণের সময়সূচি ও প্রস্তুতি সম্পর্কে এনসিটিবি চেয়ারম্যান বলেন, ‘আগে পহেলা জানুয়ারি বই উৎসবকে কেন্দ্র করে বিপুল পরিমাণ অর্থের অপচয় করা হতো। প্রধানমন্ত্রী তারেক রহমান এমনিতেই যেকোনো অপ্রয়োজনীয় ব্যয় সাশ্রয়ের নীতি গ্রহণ করেছেন। তাই এবার সেই ধারা থেকে বেরিয়ে এসে শুধু বইয়ের মোড়ক উন্মোচনের কথা চিন্তা করা হচ্ছে। পাশাপাশি স্কুলগুলোকে বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিন শিক্ষার্থীদের হাতে সব বই বিতরণের নির্দেশনা দেওয়ার প্রস্তুতি চলছে।’
তিনি বলেন, স্কুলগুলোতে বার্ষিক পরীক্ষার ফল আগামী ২৪ ডিসেম্বর প্রকাশ করার কথা রয়েছে। এ কারণে ২৪ থেকে ২৭ ডিসেম্বরের মধ্যে যেকোনো একদিন বই বিতরণের পরিকল্পনা করা হচ্ছে। তবে সরকারের নীতিনির্ধারণী পর্যায়ের চূড়ান্ত সিদ্ধান্ত পাওয়ার পর সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করে সংশ্লিষ্টদের জানিয়ে দেওয়া হবে।
এনসিটিবি চেয়ারম্যান আরো বলেন, সরকার যখন চাইবে, তখনই বই বিতরণের জন্য তাঁর প্রতিষ্ঠান প্রস্তুত রয়েছে।
তিনি জানান, আগামী ৩০ নভেম্বরের মধ্যেই প্রাথমিক ও মাধ্যমিক স্তরের সব বই উপজেলা পর্যায়ে সরবরাহ করা হবে। নতুন চারটি বইয়ের মুদ্রণ ও বাঁধাইয়ের কাজ আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে শেষ করার লক্ষ্য নিয়ে কাজ চলছে।
বিগত বছরগুলোতে বইয়ের প্রতিরূপ দেখিয়ে উদ্বোধনের প্রচলিত ধারা পরিবর্তনের কথা তুলে ধরে অধ্যাপক মোহাম্মদ ফখরুল মাওলা বলেন, ‘আগে দেখা যেত, কিছু বই ছাপা বা বাঁধাই না হলেও অল্প কিছু বই বা প্রতিরূপ দেখিয়ে উৎসব করা হতো। বাকি বই পৌঁছাত মার্চ বা এপ্রিল মাসে। এবার এমনটা হবে না। শতভাগ প্রস্তুতি ও বই সরবরাহ নিশ্চিত করার পরই বিতরণ কার্যক্রম শুরু হবে।’
বইয়ের গুণগত মান সম্পর্কে এনসিটিবি চেয়ারম্যান বলেন, ‘কাগজের মান, ছাপা, বাঁধাই, চোখের ওপর আলোর প্রতিফলন এবং সহজে ছিঁড়ে না যাওয়ার মতো বিষয়গুলো যাচাই করে বইয়ের মান নিশ্চিত করা হয়েছে। গত কয়েক বছরের তুলনায় এবারের বইয়ের গুণগত মান অনেক ভালো হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে শতভাগ বই সরবরাহ নিশ্চিত করা হবে, যা এনসিটিবির ইতিহাসে একটি বড় মাইলফলক।’
দ্রুত সময়ের মধ্যে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের বই পরিমার্জন, মুদ্রণ ও সরবরাহের অগ্রগতির পেছনে প্রধানমন্ত্রীর প্রত্যক্ষ তত্ত্বাবধানের পাশাপাশি শিক্ষামন্ত্রী, শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা-সংশ্লিষ্ট ব্যক্তিদের নিবিড় পর্যবেক্ষণের প্রশংসা করেন চেয়ারম্যান।
নতুন বই ও শিক্ষাক্রম সম্পর্কে তিনি জানান, প্রাথমিক স্তরে খেলাধুলা ও বাংলাদেশের সংস্কৃতিবিষয়ক নতুন বই যুক্ত করা হয়েছে। এর মাধ্যমে শিশুদের মুঠোফোন ও সামাজিক যোগাযোগমাধ্যমের আসক্তি কাটিয়ে খেলার মাঠে ফেরানো এবং বিদ্যালয়ে আনন্দময় পরিবেশ নিশ্চিত করার লক্ষ্য রয়েছে।
পাশাপাশি কারিগরি শিক্ষার বইগুলো ধাপে ধাপে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণিতে সম্প্রসারণ করা হবে। এ ছাড়া ২০২৮ শিক্ষাবর্ষের পরিমার্জিত শিক্ষাক্রমের রূপরেখা প্রণয়নে ১২ থেকে ১৪টি দেশের শিক্ষাক্রম বিশ্লেষণ করা হচ্ছে। শিগগিরই এ বিষয়ে নীতিনির্ধারণী পর্যায়ে আলোচনা শুরু হবে বলেও জানান এনসিটিবি চেয়ারম্যান।
এসি/আপ্র/২৬/১১/২০২৬