গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

মেনু

রোমাঞ্চকর লড়াইয়ে পিএসজির জয়রথ থামাল রোমা

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৮:২৮ পিএম, ২৬ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৮:৪১ এএম ২০২৬
রোমাঞ্চকর লড়াইয়ে পিএসজির জয়রথ থামাল রোমা
ছবি

ছবি সংগৃহীত

প্রতিযোগিতামূলক ফুটবলে দুই দলের প্রথম দেখায় লড়াই হলো জমজমাট। শুরুতে গোল হজমের ধাক্কা সামলে এক পর্যায়ে এগিয়েও গেল পিএসজি। তবে হার না মানা মানসিকতায় এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ল রোমা। 

 

প্যারিসে বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম পর্বের ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে। ঘরের মাঠে মারিও এরমোসোর গোলে পিছিয়ে পড়া পিএসজিকে প্রথমার্ধেই সমতায় ফেরান ইল্লিয়া জাবারনি। দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে স্বাগতিকদের এগিয়ে দেন উসমান দেম্বেলে। পরে পেনাল্টি থেকেই সমতা টানেন ডনিয়েল মালেন। এই ড্রয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে পিএসজির টানা ১২ ম্যাচ জয়ের ধারায় ছেদ পড়ল। রেয়াল মাদ্রিদকে টপকে চ্যাম্পিয়ন্স লিগের পয়েন্ট তালিকার শীর্ষে ওঠার সুযোগও তারা হারাল। 

 

আসরে আগের চার ম্যাচে জয়ের পথে মোট ২০ গোল করেছিল লুইস এনরিকের দল। পাঁচ ম্যাচে চার জয় ও এক ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে আগের মতো দুই নম্বরে আছে পিএসজি। ১৫ পয়েন্ট নিয়ে চূড়ায় রেয়াল মাদ্রিদ। এই দুই দলের পরে আছে যথাক্রমে কোমো, বার্সেলোনা, লিভারপুল ও রেয়াল বেতিস; তাদের সবার পয়েন্ট ১২। পাঁচ ম্যাচে এক জয় ও দুই ড্রয়ে ৫ পয়েন্ট নিয়ে ২৫ নম্বরে আছে রোমা।


খাভিচা কাভারাৎস্খেলিয়ার এক মাস পর, আরেক উইঙ্গার দেজিরে দুয়েও গত শনিবার এসিএল চোটে ছিটকে যান লম্বা সময়ের জন্য। তারপর প্রথমবার মাঠে নেমে হতাশা সঙ্গী হলো টানা দুইবারের ইউরোপ চ্যাম্পিয়নদের। ম্যাচে বল দখলে পিএসজি এগিয়ে থাকলেও, আক্রমণে খুব একটা পিছিয়ে ছিল না রোমা। 

 

গোলের জন্য ইতালিয়ান ক্লাবটির ১৩ শটের চারটি ছিল লক্ষ্যে। শিরোপাধারীদের ১৫ শটের চারটি লক্ষ্যে ছিল। একটি রেকর্ড অবশ্য গড়েছে পিএসজি। চ্যাম্পিয়ন্স লিগে টানা ১৫ ম্যাচ অপরাজিত দলটি, যা কোনো ফরাসি ক্লাবের সর্বোচ্চ, তারা ছাড়িয়ে গেছে লিওঁর গড়া আগের রেকর্ড। 

 

পঞ্চম মিনিটে পিএসজির সমর্থকদের স্তব্ধ করে এগিয়ে যায় রোমা। বাঁ দিকে প্রতিপক্ষের থেকে বল কেড়ে নিয়ে মারিও এরমোসো পাস দেন মাতিয়াস সুলেকে। এই ডিফেন্ডার দারুণ নৈপুণ্যে বক্সে ঢুকে বাঁ দিকের বাইলাইনের ওপর থেকে কাটব্যাক করেন আর ছয় গজ বক্সের মুখ থেকে শটে জালে পাঠান অরক্ষিত এরমোসো। 

 

গোল করার পর ম্যান-টু-ম্যান মার্কিংয়ে অনেকটা সময় পিএসজিকে আটকে রাখে রোমা। তবে ৩১তম মিনিটে একটি সেট-পিস সফরকারীদের জন্য বিপদ ডেকে আনে। সেনি মায়ুলুর কর্নারে হেডে সমতা টানেন অরক্ষিত ইল্লিয়া জাবারনি। চ্যাম্পিয়ন্স লিগে ইউক্রেইনের এই ডিফেন্ডারের প্রথম গোল এটি।

 


দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটে আবার এগিয়ে যেতে পারত রোমা। তাদের চমৎকার এক পাল্টা আক্রমণে বক্সের ভেতর থেকে শট নেন নিক্কোলো পিসিল্লি, কিন্তু দারুণ ক্ষিপ্রতায় হাত বাড়িয়ে বল আটকে দেন পিএসজি গোলরক্ষক মাতভেই সাফানভ। 

৬২তম মিনিটে সফল স্পট কিকে পিএসজিকে এগিয়ে নেন খানিক আগেই বদলি নামা দেম্বেলে। রোমা ডিফেন্ডার ওয়েসলি বক্সে পেছন থেকে আশরাফ হাকিমিকে টেনে ফেলে দেওয়ায় পেনাল্টি দিয়েছিলেন রেফারি। 

 

৭৪তম মিনিটে পিএসজির বক্সে সুলের ভলি ভিতিনিয়ার হাতে লাগালে পেনাল্টির জোরাল আবেদন করে রোমার খেলোয়াড়রা। তবে রেফারি চালিয়ে যান খেলা। অন্য প্রান্তে পিএসজি গোল পেয়েই যাচ্ছিল প্রায়। বক্সে ঢুকে দেম্বেলের নেওয়া শট ঝাঁপিয়ে ঠেকান গোলরক্ষক। 

 

এরপর ভিএআরের সাহায্যে মনিটরে রিপ্লে দেখে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি, আর সফল স্পট কিকে ২-২ সমতা টানেন ডনিয়েল মালেন। ৮২তম মিনিটে রোমাকে ফের এগিয়ে নেওয়ার দারুণ এক সুযোগ পান এরমোসো, কিন্তু বক্সের ভেতর থেকে উড়িয়ে মেরে হতাশ করেন তিনি। যোগ করা সময়ে দেম্বেলের প্রচেষ্টা রুখে রোমার পয়েন্ট নিশ্চিত করেন গোলরক্ষক।

ডিসি/আপ্র/২৬/১১/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

আঁটসাঁট বোলিংয়ে মুস্তাফিজের ২ উইকেট
২৬ নভেম্বর ২০২৬

আঁটসাঁট বোলিংয়ে মুস্তাফিজের ২ উইকেট

প্রথম ম্যাচে তেমন একটা ভালো করতে না পারলেও, এবার চমৎকার বোলিং করলেন মুস্তাফিজুর রহমান। ‘ইম্প্যাক্ট স...

বাংলাদেশ ছাড়ার পাঁচ মাসের মধ্যে লাহোরের কোচ শন টেইট
২৬ নভেম্বর ২০২৬

বাংলাদেশ ছাড়ার পাঁচ মাসের মধ্যে লাহোরের কোচ শন টেইট

বাংলাদেশ জাতীয় দলের দায়িত্ব ছাড়ার পাঁচ মাসের মধ্যে পাকিস্তান ক্রিকেটে নতুন দায়িত্ব পেলেন শন টেইট। পা...

বাংলাদেশ সিরিজের আগে চোটের ধাক্কা দক্ষিণ আফ্রিকায়
২৬ নভেম্বর ২০২৬

বাংলাদেশ সিরিজের আগে চোটের ধাক্কা দক্ষিণ আফ্রিকায়

বাংলাদেশের বিপক্ষে আসন্ন হোম সিরিজের আগে বড় ধাক্কা খেয়েছে দক্ষিণ আফ্রিকা। চোটের কারণে ওয়ানডে ও টি-টো...

অস্ট্রেলিয়ান ওপেনে খেলছেন না সিনার
২৬ নভেম্বর ২০২৬

অস্ট্রেলিয়ান ওপেনে খেলছেন না সিনার

হাঁটুর অস্ত্রোপচারের কারণে আগামী জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেনে খেলতে পারবেন না ইয়ানিক সিনার। বৃহস্পত...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকার প্রস্তাব মালিকদের

তৈরি পোশাকশিল্পের শ্রমিক ও কর্মচারীদের ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ। মজুরি বোর্ডের সর্বশেষ বৈঠকে চতুর্থ গ্রেডের শ্রমিকদের জন্য এ প্রস্তাব দেওয়া হয়। তবে শ্রমিকপক্ষের সর্বশেষ প্রস্তাব ২২ হাজার টাকা হওয়ায় দুই পক্ষের মধ্যে ব্যবধান এখনো অনেক বেশি। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন বাজার বিবেচনায় শ্রমিকদের জন্য প্রস্তাবিত মজুরি যৌক্তিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে