জাতীয় দলের আন্তর্জাতিক সূচির কারণে বিরতিতে ছিল ঘরোয়া ফুটবল। গত মঙ্গলবার ফেডারেশন কাপ দিয়ে মাঠে ফিরেছে দেশের ফুটবল। শুক্রবার থেকে আবার শুরু হচ্ছে বাংলাদেশ ফুটবল লিগ (বিএফএল)।
ষষ্ঠ রাউন্ডের প্রথম দিনেই মাঠে নামছে দেশের তিন প্রধান-আবাহনী, মোহামেডান ও বসুন্ধরা কিংস। তবে দিনের সবচেয়ে আকর্ষণীয় লড়াইয়ে মুখোমুখি হচ্ছে বসুন্ধরা কিংস ও ফর্টিস এফসি।
বসুন্ধরা কিংস অ্যারেনায় সন্ধ্যা ৫টা ৩০ মিনিটে শুরু হবে কিংস-ফর্টিস ম্যাচ। সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস। দুই দলেরই গোল করার সামর্থ্য থাকায় লড়াইটি ঘিরে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে।
মৌসুমের প্রথম ম্যাচে আরামবাগের সঙ্গে ১-১ গোলে ড্র করলেও পরের তিন ম্যাচেই জয় পেয়েছে বসুন্ধরা কিংস। ঢাকা ওয়ান্ডারার্সকে ৭-০, সিটি ক্লাবকে ৩-০ এবং চট্টগ্রাম সিটি এফসিকে ৪-২ গোলে হারিয়েছে তারা। ঘরের মাঠে সেই জয়ের ধারাবাহিকতা ধরে রাখাই কিংসের লক্ষ্য।
অন্যদিকে ফর্টিসও রয়েছে ভালো ছন্দে। চট্টগ্রাম সিটি এফসিকে ৬-০ গোলে হারিয়ে লিগ শুরু করা দলটি ব্রাদার্স ইউনিয়নকেও উড়িয়ে দিয়েছিল ৬-০ গোলে। সর্বশেষ ফেডারেশন কাপে রহমতগঞ্জকে ৩-০ গোলে হারিয়ে আত্মবিশ্বাস বাড়িয়েছে তারা।
লিগে কিংসের বিপক্ষে জয় না থাকলেও ২০২৪ সালে ফেডারেশন কাপে কিংস অ্যারেনায় স্বাগতিকদের ২-০ গোলে হারানোর স্মৃতি আছে ফর্টিসের।
দিনের অন্য ম্যাচে গাজীপুরে দুপুর আড়াইটায় বাংলাদেশ পুলিশ এফসির মুখোমুখি হবে আবাহনী। পাঁচ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা পুলিশের বিপক্ষে কঠিন পরীক্ষাই দিতে হবে আকাশি-নীলদের।
একই সময়ে চাঁদপুরে আরামবাগের বিপক্ষে খেলবে ঢাকা ওয়ান্ডারার্স। মুন্সীগঞ্জে রহমতগঞ্জের মুখোমুখি হবে মোহামেডান। চার ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে থাকা সাদা-কালোরা এখনো অপরাজিত। শতভাগ জয়ের রেকর্ড ধরে রাখাই তাদের লক্ষ্য।
ডিসি/আপ্র/২৬/১১/২০২৬