রাজধানীর ধানমন্ডিতে নিরাপত্তাকর্মীদের খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে অচেতন করে একটি জুয়েলার্সের দোকান থেকে বিপুল পরিমাণ স্বর্ণালংকার লুট করেছে দুর্বৃত্তরা। ধানমন্ডি ৬/এ সড়কের আনাম র্যাংকস প্লাজার পূরবী জুয়েলার্স থেকে প্রায় ১ হাজার ৮০০ ভরি সোনা লুট হয়েছে বলে দাবি করেছেন দোকানটির মালিক অমিত ঘোষ। রুপা ও হীরার গয়নাসহ মোট লুট হওয়া অলংকারের পরিমাণ প্রায় দুই হাজার ভরি। এ ছাড়া নগদ ১০ থেকে ১২ লাখ টাকাও নিয়ে গেছে দুর্বৃত্তরা।
গত শুক্রবার (২৭ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক দুইটার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জুয়েলার্সের মালিক অমিত ঘোষ ধানমন্ডি থানায় মামলা করেছেন। পুলিশ জানিয়েছে, অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের মধ্যে সংশ্লিষ্ট নিরাপত্তা প্রতিষ্ঠানের একজন কর্মী রয়েছেন। তবে চুরির ঘটনায় মূল ভূমিকা পালনকারী সন্দেহভাজন ব্যক্তি এখনো পলাতক। তাঁকে গ্রেফতারে ঢাকাসহ বিভিন্ন স্থানে পুলিশের দুটি দল অভিযান চালাচ্ছে।
পুলিশের প্রাথমিক ধারণা, নিরাপত্তাকর্মীদের খাবারের সঙ্গে ঘুমের ওষুধ বা অন্য কোনো কিছু মিশিয়ে অচেতন করার পর চুরির ঘটনা ঘটানো হয়েছে। দোকান কর্তৃপক্ষের অভিযোগ, নিরাপত্তাকর্মীদের মোরগ পোলাও খাওয়ানোর পর এ ঘটনা ঘটে। এতে দোকান ও শপিং মলের নিরাপত্তাকর্মীদের কয়েকজনের যোগসাজশ রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, ঘটনার পাঁচ দিন আগে জুয়েলার্স কর্তৃপক্ষ একজন নিরাপত্তাকর্মী নিয়োগ দিয়েছিল। তবে তাঁর জাতীয় পরিচয়পত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করা হয়নি। ওই নিরাপত্তাকর্মীই চুরির ঘটনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
পূরবী জুয়েলার্সের জ্যেষ্ঠ বিক্রয় কর্মকর্তা সঞ্জীব শীল জানান, রাত দুইটার দিকে চুরির ঘটনা ঘটে। এরপর থেকে তিনজন নিরাপত্তাকর্মীর সন্ধান পাওয়া যাচ্ছে না। তাঁদের একজন মার্শাল সিকিউরিটি কোম্পানির মাধ্যমে নিয়োগ পাওয়া জুয়েলার্সের নিজস্ব নিরাপত্তাকর্মী এবং অন্য দুজন শপিং মলের নিরাপত্তাকর্মী।
তিনি বলেন, সিসিটিভি ফুটেজে তিন থেকে পাঁচজনকে দোকানে প্রবেশ করতে দেখা গেছে। এ ছাড়া আরো দুজন অপরিচিত ব্যক্তির উপস্থিতি ছিল। ফুটেজে দেখা যায়, নিখোঁজ নিরাপত্তাকর্মীদের একজন বাইরের লোকজনকে দোকানে প্রবেশে সহযোগিতা করেন। ভেতরে ঢুকেই দুর্বৃত্তদের একজন সিসিটিভি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে দেন। সন্দেহভাজন এক নিরাপত্তাকর্মীর মূল পরিচয়পত্রও উদ্ধার করে তদন্তকারীদের কাছে দেওয়া হয়েছে।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইমদাদুল ইসলাম তৈয়ব জানান, স্বর্ণালংকার লুটের ঘটনায় মামলা হয়েছে। তদন্ত চলছে। ইতোমধ্যে চারজন সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের মধ্যে সংশ্লিষ্ট নিরাপত্তা প্রতিষ্ঠানের একজন কর্মী রয়েছেন। অন্যদের গ্রেফতারেও অভিযান অব্যাহত রয়েছে।
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার শেখ জাহিদুল ইসলাম বলেন, চুরির ঘটনায় পুলিশ কাজ করছে। জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনা হবে।
ঘটনার পর পুলিশ শপিং মলটি ঘিরে রাখে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করে। সেখান থেকে তালা কাটার বৈদ্যুতিক যন্ত্র, বড় রড কাটার স্ক্রু ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করেছে সিআইডি ও থানা-পুলিশ।
এদিকে খাবার খেয়ে অচেতন হয়ে পড়া প্রপার্টি সার্ভিসেস লিমিটেডের নিরাপত্তাকর্মী আব্দুর রহিমকে ভবনের পার্কিংয়ে একটি বেঞ্চে অর্ধচেতন অবস্থায় পাওয়া যায়। পুলিশকে তিনি জানান, নিরাপত্তাকর্মী সালাম ও সুপারভাইজার রিপন তাঁকে কলা খেতে দেন। সালাম তাঁকে জোড়া কলা খাওয়ান। রিপনও কলা খান। এরপর তাঁরা দুজনই অচেতন হয়ে পড়েন। পরে কী ঘটেছে, তা আর মনে করতে পারেননি আব্দুর রহিম।
মার্শাল সিকিউরিটি কোম্পানির কর্মী আব্দুর রব জানান, তিনি পালাক্রমে দিনে ও রাতে দায়িত্ব পালন করেন। সকালে এসে স্বর্ণালংকার লুটের ঘটনা জানতে পারেন। এ ঘটনায় তাঁদের প্রতিষ্ঠানের সারোয়ার ও সুপারভাইজার আমিনুলকে পুলিশ নিয়ে গেছে। একই প্রতিষ্ঠানের নিজাম সরদার পলাতক রয়েছেন বলেও জানান তিনি।
জুয়েলার্সের আরেক বিক্রয়কর্মী জোবায়ের আহমেদ জানান, কয়েক বছর আগেও একই কৌশলে দোকানে চুরির চেষ্টা হয়েছিল। তখন নিরাপত্তাকর্মীদের মিষ্টি খাওয়ানো হয়েছিল। একজন অচেতন হয়ে পড়লেও বিষয়টি দোকানমালিকের নজরে আসায় সেবার চুরি সম্ভব হয়নি। ওই ঘটনায় ধানমন্ডি থানায় একটি সাধারণ ডায়েরিও করা হয়েছিল।
জোবায়ের বলেন, এবার দুর্বৃত্তরা দোকানটি প্রায় সম্পূর্ণ ফাঁকা করে দিয়েছে। কোনো স্বর্ণালংকারই রেখে যায়নি।
সানা/আপ্র/২৮/১১/২০২৬