মৌসুমের শুরুটা ভালো না গেলেও ভিনিসিয়ুস জুনিয়র নিজের সেরা ছন্দে ফিরবেন বলে বিশ্বাস করেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড সেরা অবস্থায় না থাকলেও মাঠে তার প্রভাব রাখার ক্ষমতা এখনো আছে বলে মনে করেন তিনি। মঙ্গলবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্রাজিলের ৪-২ গোলের জয়ের পর ভিনিসিয়ুসকে নিয়ে কথা বলেন আনচেলত্তি। ব্রিসবেনের ম্যাচে ভিনিসিয়ুস একটি গোলের সুযোগ তৈরিতে ভূমিকা রাখেন এবং পেনাল্টি থেকে দলের চতুর্থ গোলটি করেন।
রিয়াল মাদ্রিদের হয়ে চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে আট ম্যাচে মাত্র একটি গোল করেছেন ভিনিসিয়ুস। লা লিগায় ১৫ পয়েন্ট নিয়ে বর্তমানে চতুর্থ স্থানে রয়েছে রিয়াল। তবে আনচেলত্তির বিশ্বাস, ধীরে ধীরে নিজের সেরা অবস্থায় ফিরবেন ২৬ বছর বয়সী এই ফরোয়ার্ড, ‘আমি ভিনিকে খুব ভালোভাবে চিনি। আমার কাছে সে জাতীয় দলের একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়। ব্রাজিলের জন্য গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। আমার নিজের ফুটবল যাত্রাতেও সে গুরুত্বপূর্ণ ছিল।’
রিয়াল মাদ্রিদের কোচ থাকার সময় ভিনিসিয়ুসকে কাছ থেকে দেখেছেন আনচেলত্তি। তার মতে, ভবিষ্যতেও ব্রাজিলের জন্য বড় ভূমিকা থাকবে এই ফরোয়ার্ডের, ‘সে ভবিষ্যতের জন্যও গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। সে কি এখন নিজের সেরা অবস্থায় আছে? না, নেই।
তবে এটি মৌসুমের শুরু।’ ‘ভিনি সবসময়ই এমন একজন, যে নিজের সেরা অবস্থায় না থাকলেও পার্থক্য গড়ে দিতে পারে। আজও সে সেটিই করেছে।’ অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে ব্রাজিলের তৃতীয় গোলের প্রশংসা করে আনচেলত্তি বলেন, ‘যে গোলটি ম্যাচের গতিপথ বদলে দিয়েছে, সেটি তার কারণেই হয়েছে।
তাই আমি ধৈর্য ধরব, কারণ সে এই ধৈর্যের যোগ্য।’ বিশ্বকাপ-পরবর্তী নতুন চক্রে ব্রাজিল এখন ভারতের বিপক্ষে ম্যাচের প্রস্তুতি নিচ্ছে। শনিবার কলকাতায় স্বাগতিক ভারতের মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
ডিসি/আপ্র/৩০/০৯/২০২৬