কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ভারতের সঙ্গে সম্পর্কসহ জাতীয় গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও কূটনৈতিক ইস্যু মোকাবিলায় সরকারের কাছে দীর্ঘমেয়াদি রূপরেখা চেয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একই সঙ্গে গণভোটের রায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন, একদলীয় সংবিধান সংশোধন কমিটি বাতিল, বিচারপ্রক্রিয়া ত্বরান্বিত করা এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় রাজনৈতিক ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছে দলটি।
সোমবার (২৩ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁদের প্রায় ৩৫ মিনিট আলোচনা হয়। বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আইনশৃঙ্খলার অবনতি, আওয়ামী লীগের কর্মকাণ্ড, ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক, গঙ্গার পানিবণ্টন চুক্তি, জুলাই গণঅভ্যুত্থানের বিচার ও সংস্কারসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
নাহিদ ইসলামের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধিদলে ছিলেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং যুগ্ম আহ্বায়ক আকরাম হুসাইন। দুপুর ১টার দিকে তাঁরা সচিবালয়ে যান। আলোচনা ও মধ্যাহ্নভোজ শেষে বেলা ৩টার দিকে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নাহিদ।
তিনি বলেন, প্রধানমন্ত্রী জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন। জুলাই গণঅভ্যুত্থান ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অংশ নেওয়া সব শক্তিকে এক জায়গায় এনে দেশকে সামনে এগিয়ে নেওয়ার জন্য একটি সুস্পষ্ট ভিত্তি ও রূপরেখা প্রয়োজন। এ ক্ষেত্রে শুধু ডিসেম্বরকেন্দ্রিক উদ্যোগ যথেষ্ট নয়। আওয়ামী লীগ ও ভারতের বিষয়টি ভবিষ্যতে কীভাবে মোকাবিলা করা হবে, সে জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা দরকার।
নাহিদ বলেন, গত কয়েক দিন ধরে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে। জনগণের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। সরকারি দল, বিরোধী দল, ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক নেতাকর্মী এবং জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্বও বিভিন্ন ঘটনার শিকার হচ্ছেন। আওয়ামী লীগের সন্ত্রাস ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটছে বলে তিনি অভিযোগ করেন। এসব পরিস্থিতি থেকে উত্তরণ এবং রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠার সম্ভাবনা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী তাঁর উদ্বেগের কথা জানিয়েছেন এবং ফ্যাসিবাদ ও জুলাইয়ের প্রশ্নে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন।
তবে বর্তমান পরিস্থিতি এক দিনে তৈরি হয়নি বলে মনে করেন এনসিপির আহ্বায়ক। তাঁর ভাষ্য, নির্বাচনের পর গত সাত-আট মাসে ধারাবাহিকভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, বিচারপ্রক্রিয়ার ক্ষেত্রে আপসকামিতা, আওয়ামী লীগের বিষয়ে কঠোর অবস্থান না নেওয়া এবং ভারতের সঙ্গে কূটনৈতিক অবস্থান আরো স্পষ্ট না করার কারণে পরিস্থিতির অবনতি হয়েছে।
নাহিদ বলেন, যেকোনো রাজনৈতিক ঐক্যের ক্ষেত্রে সংস্কার, বিচার ও দেশের সার্বভৌমত্বকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। ঐক্যপ্রক্রিয়ায় সংস্কারকে সুস্পষ্টভাবে আলোচ্যসূচিতে অন্তর্ভুক্ত করার সুপারিশ করেছে এনসিপি। একই সঙ্গে গণতন্ত্রকে শক্তিশালী করা এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে কার্যকর ও টেকসই করার ওপর গুরুত্ব দিয়েছেন তাঁরা।
একদলীয় সংবিধান সংশোধন কমিটি বাতিলের দাবি: বৈঠকে একদলীয় সংবিধান সংশোধন কমিটি বাতিলের দাবি জানানোর কথা উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, এ ধরনের কমিটি সংস্কারপ্রক্রিয়া, গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই সনদ কার্যকরের উদ্যোগকে বাধাগ্রস্ত করছে। তাই কমিটি বাতিল করে গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন তাঁরা।
তিনি বলেন, সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়ে গণভোটের গণরায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। এ বিষয়ে প্রধানমন্ত্রী তাঁদের জানিয়েছেন, সরকার বিষয়গুলো বিবেচনা করবে।
বিচারের প্রশ্নে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সক্ষমতা বাড়ানোর প্রস্তাব দিয়েছেন বলেও জানান নাহিদ। তাঁর মতে, জেলা পর্যায়সহ বিভিন্ন স্থানে সংঘটিত অপরাধের মামলাগুলোর তদন্ত, অভিযোগপত্র দাখিলসহ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে হবে। জুলাই গণঅভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা যাতে ন্যায়বিচার পান, তা নিশ্চিত করতে হবে।
তিনি আরো বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ছিল গণতন্ত্রের পক্ষ ও বিপক্ষের লড়াই। গণতন্ত্রকে শক্তিশালী করা এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে কার্যকর ও টেকসই করতে না পারলে জনগণের আস্থা অর্জন সম্ভব হবে না। একই সঙ্গে দেশে অর্থনৈতিক বিনিয়োগের পরিবেশ তৈরিতেও সংস্কার জরুরি।
গঙ্গার পানির ন্যায্য হিস্যা আদায়ে আপস নয়: ভারতের সঙ্গে গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়নের বিষয়েও সরকারের কাছে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছে এনসিপি। নাহিদ ইসলাম বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে। নতুন চুক্তি করার ক্ষেত্রে বাংলাদেশের ন্যায্য পানির হিস্যা নিশ্চিত করতে হবে। এ বিষয়ে ভারতের সঙ্গে আলোচনায় সরকার যেন কোনো ধরনের আপস না করে, সে সুপারিশ করেছেন তাঁরা।
তিনি বলেন, শহীদ ওসমান হাদির খুনিদের এবং শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকরের উদ্যোগ নিতে সরকারকে আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি জুলাই যোদ্ধাদের রাজনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার কথা বলেছেন তাঁরা।
ভারতের ভূমিকা প্রসঙ্গে নাহিদ বলেন, আওয়ামী লীগকে ব্যবহার করে ভারত বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে তাঁরা মনে করেন। ভারতের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশবিরোধী কর্মকাণ্ড পরিচালনার অভিযোগও তোলেন তিনি। তাঁর ভাষায়, ‘এখন লড়াইটা আওয়ামী লীগের সঙ্গে নয়, ভারতীয় আধিপত্যবাদের সঙ্গে।’ এ পরিস্থিতিতে ভারতীয় আধিপত্যবাদ মোকাবিলায় দেশের জনগণ ও রাজনৈতিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
সম্প্রতি সীমান্তের ওপারে একটি হিন্দুত্ববাদী সংগঠনের বাংলাদেশবিরোধী সমাবেশের প্রসঙ্গ টেনে নাহিদ বলেন, সেখানে বাংলাদেশে হিন্দু নির্যাতনের অভিযোগ তুলে অপপ্রচার চালানোর চেষ্টা হয়েছে। ওই সমাবেশে পলাতক আওয়ামী লীগের কয়েকজন নেতাও যুক্ত হয়েছেন বলে অভিযোগ করেন তিনি। তাঁর দাবি, বাংলাদেশকে ঘিরে আন্তর্জাতিক পর্যায়ে ভুল তথ্য ও অপপ্রচার ছড়ানো হচ্ছে। এসবের জবাবে বাংলাদেশের প্রকৃত পরিস্থিতি আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতে হবে।
নাহিদ আরো অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের আমলে হিন্দু সম্প্রদায়ের মানুষ সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছেন এবং তাঁদের সম্পত্তি দখলের ঘটনাও ঘটেছে। তিনি বলেন, সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে ভারতের বিভিন্ন অঞ্চলের পরিস্থিতিও আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরা প্রয়োজন।
এনসিপির পক্ষ থেকে সরকারকে দেশের সংখ্যালঘু সম্প্রদায়, আলেম-ওলামা, মাজার-দরগাহর সুফি ও সংস্কৃতিকর্মীদের সঙ্গে আলোচনা করে তাঁদের ঐক্যবদ্ধ রাখার উদ্যোগ নেওয়ারও আহ্বান জানানো হয়েছে। নাহিদের মতে, দেশের সব সামাজিক শক্তিকে সঙ্গে নিয়েই জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। পাশাপাশি আওয়ামী লীগ ও ভারতের সঙ্গে সংশ্লিষ্ট বিষয়গুলোকে কেবল দলীয় রাজনৈতিক বিরোধ হিসেবে না দেখে জাতীয় স্বার্থ ও ভূরাজনৈতিক বাস্তবতার আলোকে বিবেচনা করতে হবে।
আলোচনার পর বাস্তব পদক্ষেপ দেখতে চায় এনসিপি: প্রধানমন্ত্রী তাঁদের দাবির বিষয়ে কী প্রতিক্রিয়া জানিয়েছেন, এমন প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন, সরকার বিষয়গুলো বিবেচনা করার কথা জানিয়েছে এবং আলোচনা অব্যাহত রাখতে চায়।
বৈঠকে সন্তুষ্ট কি না, জানতে চাইলে তিনি বলেন, আলোচনা কতটা ফলপ্রসূ হয়েছে, তা নির্ভর করবে পরবর্তী সময়ে কী ধরনের পদক্ষেপ নেওয়া হয় তার ওপর। শুধু আলোচনার মধ্যে সীমাবদ্ধ না থেকে বাস্তব উদ্যোগ দেখতে চায় এনসিপি।
নাহিদ বলেন, গণতন্ত্র, দেশের সার্বভৌমত্ব ও অর্থনৈতিক নিরাপত্তা তাঁদের দলের সুনির্দিষ্ট রাজনৈতিক অগ্রাধিকার। এসব প্রশ্নে সরকারের সঙ্গে জাতীয় ঐক্য গড়ে উঠলে তাঁরা তাতে থাকবেন। তবে ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে এনসিপির অবস্থান অব্যাহত থাকবে। এ লড়াইয়ে কোনো রাজনৈতিক দল বা সরকার পাশে না থাকলেও তাঁরা নিজেদের অবস্থান থেকে আন্দোলন চালিয়ে যাবেন।
তিনি আরো বলেন, বাংলাদেশের প্রয়োজন একটি জাতীয় পররাষ্ট্রনীতি। অতীতে আওয়ামী লীগ বা বিএনপির দলীয় দৃষ্টিভঙ্গির ভিত্তিতে পররাষ্ট্রনীতি পরিচালিত হয়েছে বলে তাঁদের অভিমত। এখন জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে একটি অভিন্ন পররাষ্ট্রনীতি গড়ে তোলা প্রয়োজন।
সানা/আপ্র/২৩/১১/২০২৬