ভারতের পশ্চিমবঙ্গে রাজনৈতিক পালাবদলের পর কলকাতার গুরুত্বপূর্ণ সড়ক ও মেট্রোস্টেশনের নাম পরিবর্তনের উদ্যোগ নিয়েছে বিজেপি সরকার। প্রথম পর্যায়ে নগরীর ১৬টি সড়কের নাম পরিবর্তনের প্রস্তাব দিয়েছে ১০ সদস্যের একটি বিশেষ নামকরণ কমিটি। একই সঙ্গে কলকাতা মেট্রোর ১৫টি স্টেশনের নাম পরিবর্তনেরও সুপারিশ করা হয়েছে। প্রস্তাবিত তালিকায় লেনিন সরণি, হো চি মিন সরণি ও কার্ল মার্ক্স সরণির মতো বিশ্বখ্যাত কমিউনিস্ট নেতাদের নামে থাকা সড়কও রয়েছে।
শহরের ঐতিহ্য ও সাংস্কৃতিক পরিচয় সংরক্ষণের কথা উল্লেখ করে গত শুক্রবার (২৭ নভেম্বর) এ বিষয়ে বৈঠক করে কমিটি। এতে লেনিন সরণি, চৌরঙ্গি রোড, হো চি মিন সরণি, কার্ল মার্ক্স সরণি ও স্ট্র্যান্ড রোডসহ গুরুত্বপূর্ণ সড়কের নাম পরিবর্তনের প্রস্তাব নিয়ে আলোচনা হয়। পাশাপাশি মেট্রোস্টেশনগুলোর নাম সংশ্লিষ্ট এলাকার পরিচয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার বিষয়ে কমিটির সদস্যরা একমত হন।
কমিটির প্রবীণ সদস্য ও বিজেপির সাবেক রাজ্য সভাপতি তথাগত রায় জানান, সাধারণ নাগরিকদের কাছ থেকে পাওয়া প্রস্তাবের ভিত্তিতেই ১৬টি সড়কের নাম পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। তালিকায় বিশ্ববাংলা সরণি, পার্ক সার্কাস কানেক্টর, রাসবিহারী কানেক্টর, এলিয়ট রোড, পণ্ডিতিয়া রোড ও আহিরীটোলা স্ট্রিটের মতো গুরুত্বপূর্ণ সড়কও রয়েছে।
তিনি বলেন, কলকাতার ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্য অক্ষুণ্ন রাখার লক্ষ্যেই এ উদ্যোগ। নতুন নাম চূড়ান্ত করার আগে কলকাতা পুরসভার গবেষক দলের মতামত নেওয়া হবে। আগামী ৯ ডিসেম্বর কমিটির পরবর্তী বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে।
ইতিমধ্যে কয়েকটি সড়কের নতুন নাম নিয়ে কমিটির সদস্যদের মধ্যে প্রাথমিক ঐকমত্য তৈরি হয়েছে। প্রস্তাব অনুযায়ী, স্ট্র্যান্ড রোডের নাম পরিবর্তন করে রাজা শশাঙ্ক সরণি, বিশ্ববাংলা সরণির নাম সত্যেন বসু সরণি এবং সাবেক চৌরঙ্গি রোড বা জওহরলাল নেহরু রোডের নাম সর্দার বল্লভভাই প্যাটেল সরণি করার বিষয়টি গুরুত্ব পেয়েছে।
তবে কয়েকটি সড়কের নাম পরিবর্তনে একাধিক প্রস্তাব আসায় সেগুলো নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে। লেনিন সরণির নতুন নাম দেবপ্রসাদ ঘোষ সরণি অথবা সৈয়দ মুজতবা আলী সরণি করার প্রস্তাব এসেছে। হো চি মিন সরণির ক্ষেত্রে মার্টিন লুথার কিং সরণি অথবা অমর গোপাল বোস সরণি এবং কার্ল মার্ক্স সরণির ক্ষেত্রে কবি মধুসূদন সরণি অথবা কবি রঙ্গলাল সরণি নামের প্রস্তাব রয়েছে।
কলকাতার এসব সড়কের নামের সঙ্গে জড়িয়ে আছে দীর্ঘ রাজনৈতিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট। ১৯৭০ সালে রুশ বিপ্লবী নেতা ভ্লাদিমির লেনিনের জন্মশতবর্ষ উপলক্ষে ধর্মতলা স্ট্রিটের নাম পরিবর্তন করে লেনিন সরণি রাখা হয়। ১৯৭১ সালে খিদিরপুরের সার্কুলার গার্ডেন রিচ রোডের নাম সরকারিভাবে কার্ল মার্ক্স সরণি করা হয়। অন্যদিকে, ব্রিটিশ প্রশাসক জন হার্বার্ট হ্যারিংটনের নামে থাকা হ্যারিংটন স্ট্রিটের নাম ভিয়েতনাম যুদ্ধের সময় সংহতি প্রকাশের অংশ হিসেবে পরিবর্তন করে হো চি মিন সরণি রাখা হয়েছিল।
সড়কের পাশাপাশি কলকাতা মেট্রোর ১৫টি স্টেশনের নাম পরিবর্তনের প্রস্তাবও দিয়েছে কমিটি। তাদের যুক্তি, বর্তমান নাম থেকে অনেক ক্ষেত্রে স্টেশনগুলোর সঠিক অবস্থান সম্পর্কে যাত্রীদের ধারণা পাওয়া কঠিন। এ কারণে মেট্রোর ব্লু লাইনের নেতাজি ভবন স্টেশনের নাম ভবানীপুর, মহানায়ক উত্তম কুমার স্টেশনের নাম টালিগঞ্জ, নেতাজি স্টেশনের নাম কুঁদঘাট, মাস্টারদা সূর্য সেন স্টেশনের নাম বাঁশদ্রোণী এবং গীতাঞ্জলি স্টেশনের নাম নাকতলা করার প্রস্তাব দেওয়া হয়েছে।
রাজ্য সড়ক নামকরণ কমিটির চেয়ারম্যান স্বামী প্রদীপ্তানন্দ জানান, অরেঞ্জ লাইনের স্টেশনগুলোর নামও সংশ্লিষ্ট এলাকার পরিচয়ের ভিত্তিতে পরিবর্তনের সুপারিশ করা হয়েছে। এ বিষয়ে চূড়ান্ত প্রস্তাব বিবেচনার জন্য কলকাতা মেট্রোর মহাব্যবস্থাপকের কাছে পাঠানো হবে।
তবে নাম পরিবর্তনের এই উদ্যোগ নিয়ে নগরবাসী ও বিশিষ্টজনদের মধ্যে সমালোচনা দেখা দিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক বিশিষ্ট নাগরিকের মতে, সড়কের নাম পরিবর্তনে সাধারণ মানুষের বিশেষ কোনো সুবিধা হয় না। বরং অফিস-আদালত ও বাসাবাড়ির ঠিকানা পরিবর্তনসহ বিভিন্ন প্রশাসনিক কাজে নাগরিকদের দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়। এতে বাড়তি অর্থ ব্যয় হয়, যার চাপ শেষ পর্যন্ত সাধারণ মানুষের ওপরই পড়ে।
পশ্চিমবঙ্গের বিশিষ্টজনদের একাংশের অভিযোগ, রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ সমস্যা অমীমাংসিত রেখে তুলনামূলক কম গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সরকারের সময় ও অর্থ ব্যয়ের উদ্যোগ গ্রহণযোগ্য নয়। তাঁদের মতে, সড়ক ও মেট্রোস্টেশনের নাম পরিবর্তনের এই উদ্যোগের বাস্তব প্রয়োজনীয়তা এবং জনস্বার্থ নিয়ে আরো ভাবনার অবকাশ রয়েছে।
সানা/আপ্র/২৮/১১/২০২৬