লোকাল ট্রেনে বিয়ের আয়োজন, ব্যবস্থা নিতে বলল রেল কর্তৃপক্ষ
ভারতের মুম্বাইয়ের ব্যস্ত লোকাল ট্রেনে এবার দেখা গেল বিয়ের আগের আনন্দ-উৎসবের ব্যতিক্রমী আয়োজন। একদল নারী ট্রেনের কামরার একাংশ ফুল ও নানা সাজসজ্জায় সাজিয়ে বান্ধবীর বিয়ের আগে মহারাষ্ট্রের ঐতিহ্যবাহী অনুষ্ঠানের আয়োজন করেন। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। বিষয়টি নজরে এসেছে রেল কর্তৃপক্ষেরও। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে ভিডিওটি।
মুম্বাইয়ের লোকাল ট্রেন সাধারণত কর্মজীবী মানুষ, শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার যাত্রীর ভিড়ে ব্যস্ত থাকে। তবে সম্প্রতি একটি ট্রেনের কামরায় দেখা যায় ভিন্ন দৃশ্য। কয়েকজন নারী তাদের এক বান্ধবীর বিয়ের আগে তাকে চমকে দিতে ফুল, ঝুলন্ত সাজসজ্জা ও স্টিকার দিয়ে কামরার একাংশ সাজিয়ে তোলেন।
ফুল ছিটিয়ে বরণ, চলে আশীর্বাদ
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে মুম্বাই হেরিটেজ নামের একটি অ্যাকাউন্ট থেকে ভিডিওটি শেয়ার করা হয়। এতে দেখা যায়, এক নারী ফুল ও বিভিন্ন উপকরণ দিয়ে সাজানো একটি থালা হাতে দাঁড়িয়ে আছেন। অন্য নারীরা অপেক্ষা করছেন তাদের হবু বধূ বান্ধবীর জন্য।
বান্ধবী কামরায় প্রবেশ করতেই তার ওপর ফুলের পাপড়ি ছিটিয়ে বরণ করে নেন সবাই। এরপর পালন করা হয় মহারাষ্ট্রের ঐতিহ্যবাহী বিয়ের আগের কিছু আচার। তারা হবু বধূকে জড়িয়ে ধরেন, আশীর্বাদ করেন এবং আনন্দ-উল্লাসে মেতে ওঠেন।
এভাবে ব্যস্ত লোকাল ট্রেনের কামরার একাংশ পরিণত হয় ছোটখাটো প্রাক্-বিবাহ উৎসবের আয়োজনে। তবে আনন্দঘন এ আয়োজনের ভিডিও ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
*জনপরিবহনে ব্যক্তিগত অনুষ্ঠান নিয়ে বিতর্ক
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর অনেকেই প্রশ্ন তুলেছেন, জনসাধারণের ব্যবহারের জন্য নির্ধারিত ট্রেনে ব্যক্তিগত অনুষ্ঠান আয়োজন কতটা যুক্তিসংগত। তাদের মতে, বিশেষ উপলক্ষ হলেও গণপরিবহনে এমন আয়োজন অন্য যাত্রীদের অসুবিধার কারণ হতে পারে।
একজন মন্তব্যকারী লিখেছেন, এ ধরনের আয়োজনের জন্য গণপরিবহন ব্যবহার করা উচিত হয়নি। আরেকজনের মন্তব্য, লোকাল ট্রেন জনসাধারণের জায়গা। সেখানে এ ধরনের আচরণ অনুচিত।
অবশ্য কেউ কেউ বন্ধুদের এমন আনন্দঘন উদ্যোগকে ইতিবাচকভাবে দেখেছেন। তবে সমালোচকদের উদ্বেগ মূলত জনপরিসরে ব্যক্তিগত আয়োজনের উপযুক্ততা নিয়ে। বিশেষ করে ব্যস্ত লোকাল ট্রেনে অন্য যাত্রীদের চলাচল ও স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত হওয়ার আশঙ্কা তুলে ধরেছেন তারা।
রেল কর্তৃপক্ষের প্রতিক্রিয়া
ভিডিওটি রেলযাত্রীদের সহায়তায় পরিচালিত সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট রেলওয়ে সেবার নজরেও আসে। পোস্টটির জবাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ট্যাগ করে রেলওয়ে সেবা জানায়, বিষয়টি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।
তবে এ ঘটনায় কী ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।
সূত্র: এনডিটিভি
এসি/আপ্র/২৮/১১/২০২৬