রোমানিয়ান পপ তারকা ওটিলিয়ার কনসার্ট শেষ হতে না হতেই ঢাকার মঞ্চে আরেক আন্তর্জাতিক সংগীত তারকাকে আনার পরিকল্পনার কথা জানিয়েছেন আয়োজক। আগামী বছরের এপ্রিলে কলম্বিয়ান পপ তারকা শাকিরাকে ঢাকায় আনার পরিকল্পনা করছে ই-মেকার্স বাংলাদেশ। রাজধানীর আর্মি স্টেডিয়ামে তার কনসার্ট আয়োজনের প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছেন প্রতিষ্ঠানটির কর্ণধার নাঈম আশরাফ।
শুক্রবার (২৭ নভেম্বর) রাতে রাজধানীর মাদানি অ্যাভিনিউয়ে ওটিলিয়ার কনসার্ট শেষে এ পরিকল্পনার কথা জানান তিনি। তবে শাকিরার বাংলাদেশ সফর কিংবা কনসার্টে অংশগ্রহণের বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি।
বিশ্বসংগীতে শাকিরা সুপরিচিত নাম। দীর্ঘ সংগীতজীবনে অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি। ‘হিপস ডোন্ট লাই’, ‘ওয়াকা ওয়াকা’, ‘হোয়েনএভার, হোয়্যারএভার’ ও ‘আন্ডারনিথ ইওর ক্লোদস’-এর মতো গান তাকে আন্তর্জাতিক খ্যাতি এনে দিয়েছে।
বিশেষ করে ২০১০ সালের ফুটবল বিশ্বকাপের থিম সং ‘ওয়াকা ওয়াকা’ বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা পায়। গানটি এখনো বিভিন্ন দেশের শ্রোতাদের কাছে সমানভাবে পরিচিত।
ঢাকায় শাকিরার কনসার্ট আয়োজনের পরিকল্পনা বাস্তবায়িত হলে তা দেশের সংগীতাঙ্গনে অন্যতম বড় আন্তর্জাতিক আয়োজন হয়ে উঠতে পারে। তবে এখন পর্যন্ত কনসার্টের নির্দিষ্ট তারিখ, টিকিটের মূল্য, টিকিট বিক্রির সময়সূচি কিংবা অন্যান্য আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করেনি আয়োজক প্রতিষ্ঠান। ফলে আপাতত শাকিরার ঢাকায় আসার বিষয়টি আয়োজকের পরিকল্পনার মধ্যেই সীমাবদ্ধ রয়েছে।
এদিকে শুক্রবারের ওটিলিয়ার কনসার্ট সফলভাবে সম্পন্ন হওয়ায় আয়োজক নাঈম আশরাফ পৃষ্ঠপোষক, সাংবাদিক, সরকার, প্রশাসন ও দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
তার নতুন এ ঘোষণায় আন্তর্জাতিক সংগীত তারকাদের সরাসরি পরিবেশনা উপভোগের অপেক্ষায় থাকা সংগীতপ্রেমীদের মধ্যে নতুন আগ্রহ তৈরি হয়েছে।
এসি/আপ্র/২৮/১১/২০২৬