নাট্যকার, পরিচালক ও প্রযোজক মাতিয়া বানু শুকু আর নেই। এক বছরের বেশি সময় ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিবাগত রাত ১২টায় ঢাকার গুলশানের কন্টিনেন্টাল হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৬ বছর।
মাতিয়া বানু শুকু ভাষাসৈনিক আবদুল মতিনের জ্যেষ্ঠ কন্যা এবং চলচ্চিত্র নির্মাতা নুরুল আলম আতিকের সহধর্মিণী। তাঁর মৃত্যুতে দেশের নাট্য ও চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
শুকুর ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত এরশাদুল হক টিংকু জানান, বৃহস্পতিবার রাত ১২টার দিকে চিকিৎসক তাঁকে মৃত্যুর খবর দেন। গত শনিবার শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। পরে সেখান থেকে উপশমমূলক চিকিৎসা বিভাগে স্থানান্তর করা হয়েছিল। সেখানেই তাঁর মৃত্যু হয়।
এক বছরের বেশি সময় আগে মাতিয়া বানু শুকুর শরীরে ক্যান্সার শনাক্ত হয়। এরপর দীর্ঘদিন ধরে চিকিৎসা চললেও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।
দুই দশকের বেশি সময় ধরে ছোট পর্দা ও চলচ্চিত্রে সৃজনশীল কাজের মাধ্যমে নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করেছিলেন মাতিয়া বানু শুকু। বিশেষ করে মধ্যবিত্ত মানুষের জীবনযাপন, টানাপোড়েন ও সামাজিক বাস্তবতা তাঁর নাটক ও চলচ্চিত্র নির্মাণে গুরুত্ব পেয়েছে।
২০২১ সালে ‘লাল মোরগের ঝুঁটি’ চলচ্চিত্রের প্রযোজক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তিনি। এ ছাড়া ‘গোল্লাছুট’, ‘যেখানে সীমান্ত তোমার’ ও ‘প্রজ্ঞা পারমিতা’র মতো জনপ্রিয় টেলিফিল্ম ও ধারাবাহিক নাটক রচনা ও পরিচালনা করেছেন এই গুণী নির্মাতা।
আজ চারুকলা ও কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা
এরশাদুল হক টিংকু জানান, আজ শুক্রবার ভোর ৬টায় মাতিয়া বানু শুকুর মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় নেওয়া হবে। সেখানে সকাল সাড়ে ১০টা পর্যন্ত সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে। এরপর সকাল ১১টায় মরদেহ নেওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে।
সেখানে শ্রদ্ধা নিবেদন শেষে মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে নেওয়া হবে। জুমার নামাজের পর সেখানে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। পরে রাজধানীর উত্তরার ১২ নম্বর সেক্টর কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
সানা/আপ্র/২৭/১১/২০২৬