গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

মেনু

গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিংয়ে অচলাবস্থা, ভোগান্তিতে গ্রাহকরা

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ০২:৩০ পিএম, ২৭ নভেম্বর ২০২৬ | আপডেট: ০২:৩৮ এএম ২০২৬
গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিংয়ে অচলাবস্থা, ভোগান্তিতে গ্রাহকরা
ছবি

ছবি সংগৃহীত

গোপালগঞ্জে বিকাশ, নগদ, রকেটসহ কয়েকটি মোবাইল আর্থিক সেবার (এমএফএস) মাধ্যমে লেনদেন করতে গিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা। অনেকের হিসাব সাময়িকভাবে বন্ধ থাকায় জমা টাকা তুলতে, অন্যের কাছে পাঠাতে কিংবা টাকা গ্রহণ করতে পারছেন না তাঁরা। এতে সাধারণ গ্রাহকের পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ী, কৃষক ও বিভিন্ন পেশার মানুষ আর্থিক সংকটে পড়েছেন। বুধবার রাত থেকে এ সমস্যা দেখা দেওয়ার পর বৃহস্পতিবার দিনভর ভোগান্তি আরো বেড়েছে।

ভুক্তভোগীদের অভিযোগ, কোনো কোনো হিসাবে উল্লেখযোগ্য পরিমাণ টাকা জমা থাকলেও তা ব্যবহার করা যাচ্ছে না। আবার অনেক এজেন্টের কাছেও নগদ অর্থের সংকট দেখা দিয়েছে। ফলে এজেন্ট পয়েন্টে গিয়েও টাকা তুলতে না পেরে ফিরে আসছেন গ্রাহকরা। দৈনন্দিন কেনাকাটা, পরিবারের খরচ, চিকিৎসা, ব্যবসায়িক লেনদেন ও কৃষিকাজের প্রয়োজনীয় অর্থ পাঠানো নিয়েও বিপাকে পড়েছেন অনেকে।

গ্রাহকদের মোবাইল ফোনে পাঠানো বার্তায় বলা হচ্ছে, ‘এমএফএস বিধিমালা অনুযায়ী আপনার বিকাশ অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই মুহূর্তে এ বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া যাচ্ছে না বলে দুঃখিত।’ কেন হিসাব বন্ধ করা হয়েছে, কত দিন বন্ধ থাকবে এবং কী প্রক্রিয়ায় আবার চালু করা যাবে-এসব বিষয়ে স্পষ্ট তথ্য না পাওয়ায় গ্রাহকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের অভিযোগে গোপালগঞ্জে ৯৭টি হিসাব বন্ধ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তবে এসব হিসাবের বাইরেও আরো অনেক হিসাব সাময়িকভাবে বন্ধ বা ব্লক করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। এদিকে বিকাশের ডিস্ট্রিবিউটর ও এজেন্ট পর্যায়ে অর্থ সরবরাহে বিঘ্ন ঘটায় পরিস্থিতি আরো জটিল হয়েছে।

বিকাশের এরিয়া ম্যানেজার মারুফ হাসান সজিব বলেন, কোনো এজেন্টের হিসাব বন্ধ করা হয়নি। তবে গোপালগঞ্জের জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে খোলা অনেক হিসাবে লেনদেনের সমস্যা দেখা দিয়েছে। ঘন ঘন বড় অঙ্কের টাকা লেনদেন হয়, এমন হিসাবগুলো নজরদারিতে রয়েছে। এ কারণে এ ধরনের সমস্যা হয়ে থাকতে পারে বলে তিনি ধারণা করছেন। বৃহস্পতিবার এজেন্টদের কাছে ডিস্ট্রিবিউটরদের পক্ষ থেকে কোনো টাকা সরবরাহ করা হয়নি বলেও জানান তিনি।

বিকাশের হেড অব করপোরেট কমিউনিকেশনস শামসুদ্দিন হায়দার ডালিম বলেন, এমএফএস বিধিমালা অনুযায়ী কিছু হিসাব সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা অনুযায়ী তদন্ত ও যাচাই শেষে এসব হিসাব পুনরায় চালু করা হবে, নাকি বন্ধ রাখা হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সন্দেহজনক লেনদেন শনাক্ত হলে সংশ্লিষ্ট হিসাব পর্যালোচনা করা হয়। হিসাবধারী আবেদন করলে বিষয়টি আবারো যাচাইয়ের সুযোগ রয়েছে। তদন্তে বড় ধরনের সন্দেহজনক কার্যক্রমের প্রমাণ না পাওয়া গেলে হিসাব চালু করে দেওয়া হয়। এটি শুধু গোপালগঞ্জের ক্ষেত্রে নয়, দেশের যেকোনো এলাকার সন্দেহজনক লেনদেনের হিসাবের ক্ষেত্রেই প্রযোজ্য।

অন্যদিকে নগদের মুখপাত্র সজল জাহিদ বলেন, কোনো নির্দিষ্ট জেলার গ্রাহকদের হিসাব বন্ধ করা হচ্ছে, এমন তথ্য তাঁদের কাছে নেই। নগদ কোনো এলাকার সেবা বন্ধ করেনি। সন্দেহজনক লেনদেনের তথ্য বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের কাছে গেলে নিয়মিত প্রক্রিয়ায় সংশ্লিষ্ট হিসাবের বিষয়ে ব্যবস্থা নেওয়া হয়। গ্রাহকের বাড়ি গোপালগঞ্জ, ফরিদপুর নাকি ঢাকায়, তা বিবেচ্য নয়। জাতীয় পরিচয়পত্রের তথ্য দিয়ে হিসাব খোলা হলেও গ্রাহক বর্তমানে কোথায় অবস্থান করছেন, তা মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানের পক্ষে নিশ্চিত হওয়া সম্ভব নয়।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, গোপালগঞ্জের মোবাইল আর্থিক সেবা নিয়ে বৃহস্পতিবার পর্যন্ত বাংলাদেশ ব্যাংক নতুন করে কোনো নির্দেশনা দেয়নি। আইন ও মোবাইল আর্থিক সেবা-সংক্রান্ত নীতিমালা মেনে লেনদেন করতে হয়। কোনো প্রতিষ্ঠান সন্দেহজনক লেনদেন শনাক্ত করলে বিধি অনুযায়ী সংশ্লিষ্ট হিসাবের লেনদেন বন্ধ করতে পারে। এ ধরনের লেনদেন শনাক্ত হলে প্রতিষ্ঠানগুলোকে সন্দেহজনক লেনদেনের প্রতিবেদন জমা দিতে হয়।

রকেটের এরিয়া ম্যানেজার হাবিবুর রহমান জানান, হিসাব বন্ধের বিষয়ে তাঁরা সরকারি বা দাপ্তরিক কোনো নির্দেশনা পাননি। তবে গ্রাহকদের কাছ থেকে এ ধরনের অভিযোগ পেয়েছেন। ভুক্তভোগীদের গ্রাহকসেবাকেন্দ্রে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

জমা টাকা তুলতে না পেরে বিপাকে গ্রাহকরা
গোপালগঞ্জের পাঁচ উপজেলায় বিকাশের প্রায় এক হাজার ৪০০ এবং নগদের এক হাজার ৭৫০ জন এজেন্ট রয়েছেন বলে ডিস্ট্রিবিউটর ও এজেন্ট সূত্রে জানা গেছে। বৃহস্পতিবার বিকাশের ডিস্ট্রিবিউটরদের কাছ থেকে এজেন্টরা কোনো টাকা পাননি। তবে নগদের এজেন্টদের কাছে টাকা সরবরাহ করা হয়েছে।

শহরের একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমির বিশ্বাস জানান, তাঁর বিকাশ হিসাবে সাড়ে পাঁচ হাজার টাকা জমা ছিল। বৃহস্পতিবার সকালে ঘুম থেকে উঠে দেখেন, হিসাবটি বন্ধ হয়ে গেছে। হাতে টাকা না থাকায় সংসারের প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে তাঁকে ধার করতে হয়েছে।

শহরের মাদ্রাসা রোডের ক্ষুদ্র ব্যবসায়ী মো. সালাহউদ্দিন মোল্লা বলেন, বৃহস্পতিবার বেলা ১১টা ৫৫ মিনিটে তাঁর মোবাইল ফোনে বার্তা পাঠিয়ে বিকাশ হিসাব বন্ধ করে দেওয়া হয়। এরপর থেকে তিনি আর কোনো লেনদেন করতে পারছেন না।

পাওয়ার হাউস মোড়ের চা বিক্রেতা সাজ্জাদ শেখ জানান, ধানের বীজ কেনার জন্য বাবার কাছে সাত হাজার টাকা পাঠাতে গিয়ে দেখেন, তাঁর বিকাশে লেনদেন বন্ধ। এতে সময়মতো বীজ কিনতে না পারার আশঙ্কা করছেন তিনি।

তামান্না পারভীন নামে এক নারী বলেন, তাঁর ছেলে রাজশাহীতে পড়াশোনা করে। বিকাশে সমস্যা হওয়ায় ছেলের কাছে প্রয়োজনীয় টাকা পাঠাতে পারছেন না।

শাকিল আহমেদ নামে আরেক গ্রাহক জানান, তাঁর বিকাশ হিসাবে ৬৫ হাজার টাকা আটকে আছে। এতে ব্যবসায়িক কার্যক্রমও ব্যাহত হচ্ছে। বৃহস্পতিবার টাকা তুলতে এসে ৫০ থেকে ৫৫ জন গ্রাহককে এজেন্ট পয়েন্ট থেকে ফিরে যেতে দেখেছেন বলে দাবি করেন তিনি। বিকাশের একাধিক এজেন্টও নিজেদের হিসাবে টাকা আটকে থাকার কথা জানিয়েছেন। তাঁরা সাধারণ গ্রাহকদের লেনদেন দ্রুত স্বাভাবিক করার দাবি জানিয়েছেন।

এদিকে গোপালগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাধারণ সম্পাদক শেখ মাসুদুর রহমান বলেন, সন্দেহজনক লেনদেনের হিসাব বন্ধ করার বিষয়ে তাঁদের আপত্তি নেই। তবে এ প্রক্রিয়ায় সাধারণ মানুষ ও ক্ষুদ্র ব্যবসায়ীরা যেন ক্ষতিগ্রস্ত না হন, সে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে গুরুত্বের সঙ্গে দেখতে হবে।

উল্লেখ্য, গোপালগঞ্জে সাম্প্রতিক সহিংসতার ঘটনায় জাতীয় রাজস্ব বোর্ড ৯৭ জনের ব্যাংক হিসাব জব্দ করেছে বলে বিভিন্ন সূত্রে খবর প্রকাশিত হয়েছে। এসব ব্যক্তির মোবাইল আর্থিক সেবার লেনদেনের তথ্যও যাচাই করা হচ্ছে। তবে এই ৯৭টি ব্যাংক হিসাব জব্দের তথ্যকে মোবাইল ব্যাংকিংয়ের ৯৭টি হিসাব বন্ধের তথ্য হিসেবে দেখার সুযোগ নেই। মোবাইল আর্থিক সেবার কতটি হিসাব বর্তমানে সাময়িকভাবে বন্ধ রয়েছে, সে বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে সুনির্দিষ্ট সংখ্যা পাওয়া যায়নি।

এদিকে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে, সন্দেহজনক লেনদেনের ক্ষেত্রে প্রচলিত বিধি অনুযায়ী সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ব্যবস্থা নিতে পারে। তবে গোপালগঞ্জে মোবাইল আর্থিক সেবার লেনদেন নিয়ে নতুন কোনো নির্দেশনা দেওয়া হয়নি। বিষয়টি নিয়ে বিস্তারিত তথ্য আগামী রোববার পাওয়া যেতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র।
সানা/আপ্র/২৭/১১/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

স্বাস্থ্যকেন্দ্র নেই ভর্ণাপাড়া বাজারে, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ
২৭ নভেম্বর ২০২৬

স্বাস্থ্যকেন্দ্র নেই ভর্ণাপাড়া বাজারে, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ

ঘোড়াঘাট প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ৩ নম্বর সিংড়া ইউনিয়নের গুরুত্বপূর্ণ জনপদ ভর্ণাপাড়া বাজ...

রংপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন, আলোচনা সভা অনুষ্ঠিত
২৭ নভেম্বর ২০২৬

রংপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন, আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ নুর জামাল হক: উৎসবমুখর পরিবেশে রংপুরে উদ্বোধন করা হয়েছে ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬’। এ উপলক্...

গোপালগঞ্জে বিদ্যুৎ স্থাপনাসহ জনবলের ওপর হামলা হলে সরবরাহ বন্ধের হুঁশিয়ারি
২৬ নভেম্বর ২০২৬

গোপালগঞ্জে বিদ্যুৎ স্থাপনাসহ জনবলের ওপর হামলা হলে সরবরাহ বন্ধের হুঁশিয়ারি

গোপালগঞ্জে চলমান রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতার কারণে বিদ্যুৎ স্থাপনা, উপকেন্দ্র কিংবা রক্ষণাবেক্ষণের...

রংপুরে আম বয়ানের মধ্য দিয়ে ৩ দিনব্যাপী ইজতেমা শুরু
২৬ নভেম্বর ২০২৬

রংপুরে আম বয়ানের মধ্য দিয়ে ৩ দিনব্যাপী ইজতেমা শুরু

রংপুরে আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী তাবলিগ জামাতের ইজতেমা। বৃহস্পতিবার (২৬ নভেম্বর...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকার প্রস্তাব মালিকদের

তৈরি পোশাকশিল্পের শ্রমিক ও কর্মচারীদের ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ। মজুরি বোর্ডের সর্বশেষ বৈঠকে চতুর্থ গ্রেডের শ্রমিকদের জন্য এ প্রস্তাব দেওয়া হয়। তবে শ্রমিকপক্ষের সর্বশেষ প্রস্তাব ২২ হাজার টাকা হওয়ায় দুই পক্ষের মধ্যে ব্যবধান এখনো অনেক বেশি। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন বাজার বিবেচনায় শ্রমিকদের জন্য প্রস্তাবিত মজুরি যৌক্তিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে