ঘোড়াঘাট প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ৩ নম্বর সিংড়া ইউনিয়নের গুরুত্বপূর্ণ জনপদ ভর্ণাপাড়া বাজার ও এর আশপাশের কয়েকটি গ্রামে নেই কোনো প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র। ফলে সাধারণ অসুস্থতা থেকে শুরু করে জরুরি চিকিৎসার প্রয়োজনেও এলাকাবাসীকে ছুটতে হচ্ছে প্রায় ১০ কিলোমিটার দূরের উপজেলা সদর হাসপাতাল কিংবা রানীগঞ্জ বাজারে। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন শিশু, গর্ভবতী নারী ও বয়স্করা।
স্থানীয়দের অভিযোগ, গুরুত্বপূর্ণ ব্যবসায়িক ও যোগাযোগকেন্দ্র হওয়া সত্ত্বেও ভর্ণাপাড়া বাজারে চিকিৎসাসেবার কোনো ব্যবস্থা গড়ে ওঠেনি। এমনকি নেই কোনো প্যারামেডিকেল চিকিৎসকও। ফলে জ্বর, সর্দি-কাশি, আমাশয়সহ সাধারণ রোগে আক্রান্ত হলেও চিকিৎসা নিতে দূরে যেতে হয়। এতে রোগীদের সময় ও অর্থ দুটোই ব্যয় হচ্ছে।
এলাকাবাসীর দাবি, ভর্ণাপাড়া বাজারে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী নিয়োগের পাশাপাশি প্রয়োজনীয় ওষুধের ব্যবস্থা রেখে একটি প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র স্থাপন করা হোক। এতে বাজারসংলগ্ন কয়েকটি গ্রামের মানুষ সহজেই প্রাথমিক চিকিৎসা নিতে পারবেন।
৩ নম্বর সিংড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজ্জাদ হোসেন বলেন, ভর্ণাপাড়া বাজারে একটি স্বাস্থ্যকেন্দ্র স্থাপন করা হলে আশপাশের কয়েকটি গ্রামের মানুষ উপকৃত হবেন। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রস্তাব উপস্থাপনের উদ্যোগ নেওয়া প্রয়োজন। ইউনিয়ন পরিষদের পক্ষ থেকেও এ উদ্যোগে সহযোগিতা করা হবে।
স্থানীয় ইউপি সদস্য গোলাম রব্বানী বলেন, ভর্ণাপাড়া বাজার ও আশপাশের এলাকার মানুষের চিকিৎসাসেবা নিয়ে দীর্ঘদিনের ভোগান্তি রয়েছে। একটি স্বাস্থ্যকেন্দ্র স্থাপন করা হলে এ সমস্যার অনেকটাই সমাধান সম্ভব। এ বিষয়ে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত উদ্যোগ কামনা করেন।
সানা/আপ্র/২৭/১১/২০২৬