২০২৭ সালের জুন থেকে রাজধানীর ১৩টি এলাকায় নিরাপদ ও বিশুদ্ধ পানি সরবরাহ শুরু করবে নারায়ণগঞ্জের রূপগঞ্জে নির্মাণাধীন গন্ধর্বপুর পানি শোধনাগার। প্রকল্পটির প্রথম ধাপ চালু হলে প্রতিদিন মেঘনা নদী থেকে শোধন করা ৫০ কোটি লিটার পানি রাজধানীতে সরবরাহ করা হবে। এতে ঢাকার পূর্বাঞ্চলের লাখো মানুষের পানির চাহিদা পূরণের পাশাপাশি ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা কমবে।
যেসব এলাকায় এ পানি সরবরাহ করা হবে, সেগুলো হলো—বাড্ডা, উত্তর বাড্ডা, সাতারকুল, গুলশান, প্রগতি সরণি, বসুন্ধরা, খিলক্ষেত, কাকলী, বনানী, ক্যান্টনমেন্ট, মিরপুরের আংশিক এলাকা, উত্তরা ও মিরপুর ডিওএইচএস।
ঢাকা এনভায়রনমেন্টালি সাসটেইনেবল ওয়াটার সাপ্লাই প্রকল্পের আওতায় নির্মিত হচ্ছে এ পানি শোধনাগার। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, প্রকল্পের প্রায় ৯০ থেকে ৯৭ শতাংশ কাজ শেষ হয়েছে। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে পরীক্ষামূলক ও আংশিক পানি সরবরাহ শুরুর পরিকল্পনা থাকলেও তা পিছিয়ে আগামী বছরের জুনে নির্ধারণ করা হয়েছে।
প্রকল্পটি পূর্ণাঙ্গভাবে চালু হলে দুই ধাপে প্রতিদিন মোট ১০০ কোটি লিটার পানি সরবরাহের সক্ষমতা তৈরি হবে। প্রথম ধাপে ৫০ কোটি এবং দ্বিতীয় ধাপে সমপরিমাণ পানি যুক্ত হবে। রাজধানীর ক্রমবর্ধমান পানির চাহিদা পূরণে এ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
প্রকল্প সংশ্লিষ্টদের মতে, রাজধানীতে ভূগর্ভস্থ পানির স্তর ক্রমাগত নিচে নেমে যাওয়ায় বিকল্প পানির উৎস নিশ্চিত করা জরুরি হয়ে পড়েছে। এ পরিস্থিতিতে মেঘনা নদীর পানি শোধন করে রাজধানীতে সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকল্পটি চালু হলে কয়েকশ গভীর নলকূপ বন্ধ করা সম্ভব হবে। এতে ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমবে এবং পরিবেশবান্ধব ও দীর্ঘমেয়াদি পানি সরবরাহ ব্যবস্থা গড়ে উঠবে।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, ঢাকা শহরে প্রতিদিন পানির চাহিদা ৩ কোটি ২৫ লাখ লিটার। এর বিপরীতে ভূগর্ভস্থ ও উপরিভাগের পানির উৎস থেকে ঢাকা ওয়াসা ২ কোটি ৯৫ লাখ থেকে ৩ কোটি ৫ লাখ লিটার পানি সরবরাহ করে। ফলে প্রতিদিনই পানির ঘাটতি থেকে যায়।
তিনি বলেন, এ ঘাটতি পূরণ এবং ঢাকার ক্রমবর্ধমান জনসংখ্যার চাহিদা বিবেচনায় গন্ধর্বপুর পানি শোধনাগার প্রকল্প নেওয়া হয়েছে। প্রকল্পটি চালু হলে মেঘনা নদী থেকে প্রতিদিন ৫০ কোটি লিটার পানি ঢাকায় সরবরাহ করা সম্ভব হবে।
প্রতিমন্ত্রী আরো বলেন, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী একটি শহরে মোট পানির চাহিদার মাত্র ৩০ শতাংশ ভূগর্ভস্থ উৎস থেকে উত্তোলন করা উচিত। অথচ ঢাকা শহরে ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা ৭৪ শতাংশ। বিপরীতে উপরিভাগের পানি ব্যবহারের পরিমাণ মাত্র ২৪ শতাংশ। এ পরিস্থিতি জলবায়ু ও পরিবেশের ওপর বিরূপ প্রভাব ফেলছে। পাশাপাশি ভূমিকম্পের ঝুঁকিও তৈরি হতে পারে।
প্রকল্প পরিচালক ওয়াহিদুল ইসলাম মুরাদ জানিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের অবশিষ্ট কাজ শেষ করা হবে। এ প্রকল্পের পানি সরবরাহ শুরু হলে মহানগরীর পূর্বাঞ্চলের মানুষ বিশেষভাবে উপকৃত হবে। একই সঙ্গে ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা কমিয়ে পরিবেশবান্ধব ও টেকসই পানি সরবরাহ ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্য অর্জন সম্ভব হবে।
ঢাকা ওয়াসার উপপ্রধান জনতথ্য কর্মকর্তা মো. আব্দুল কাদের বলেন, ২০২৭ সালের জুনে প্রকল্পটির কাজ শেষ হওয়ার কথা রয়েছে। প্রকল্প সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, ইতোমধ্যে ৯০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে চলমান প্রকল্পটির কাজ সরকার দ্রুত শেষ করার উদ্যোগ নিয়েছে।
প্রায় ১০ হাজার কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন এ প্রকল্প চালু হলে রাজধানীর পানি সরবরাহ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
সূত্র: বাসস
এসি/আপ্র/২৮/১১/২০২৬