শুক্রবার সন্ধ্যায় দেশের বিভিন্ন অঞ্চলের আকাশে দেখা যায় রহস্যময় আলোর ঝলক। ঢাকা, নরসিংদী, পঞ্চগড়, রাজশাহী, কুষ্টিয়া, ময়মনসিংহ, নেত্রকোনা, সিলেট ও কুমিল্লাসহ বিভিন্ন স্থান থেকে অনেকেই উজ্জ্বল এই দৃশ্য দেখতে পান। কেউ ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন, আবার কেউ জানতে চান, আকাশে এটি কীসের আলো।
এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা শুরু হয়। তবে এটি কোনো উল্কাপিণ্ড বা অজানা মহাজাগতিক বস্তু নয়; বরং চীনের একটি রকেট উৎক্ষেপণের সঙ্গে সম্পর্কিত দৃশ্য।
বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম লিমিটেডের (বিডব্লিউওটি) ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বলা হয়েছে, অনেকেই এমন দৃশ্য দেখে বিভ্রান্ত হয়েছেন। চায়না ডেইলির প্রতিবেদন অনুযায়ী, ২৭ নভেম্বর চীনের স্থানীয় সময় রাত ৯টা ৫ মিনিটে (বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৫ মিনিট) দেশটির তাইয়ুয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে ইয়াওগান ৫০ডি নামের একটি রিমোট সেন্সিং স্যাটেলাইট নিয়ে একটি রকেট মহাকাশে যাত্রা করে।
বিডব্লিউওটির তথ্য অনুযায়ী, এই দৃশ্যই বাংলাদেশ থেকে ২৭ নভেম্বর সন্ধ্যা ৭টা ১০ মিনিট থেকে ৭টা ২০ মিনিটের দিকে দেখা গেছে।
বাংলাদেশ থেকে দৃশ্যটি দৃশ্যমান হওয়ার কারণ ব্যাখ্যা করে বিডব্লিউওটির পোস্টে বলা হয়েছে, তাইয়ুয়ান কেন্দ্র থেকে সূর্য-সমলয় কক্ষপথে পাঠানো স্যাটেলাইটগুলো সাধারণত দক্ষিণ-পশ্চিম দিকে অগ্রসর হয়ে মিয়ানমার ও বঙ্গোপসাগরের ওপর দিয়ে যায়, যা বাংলাদেশের আকাশসীমার কাছাকাছি। উৎক্ষেপণের ১২ থেকে ১৫ মিনিটের মধ্যে রকেটের দ্বিতীয় ধাপটি ভূপৃষ্ঠ থেকে কয়েক শ কিলোমিটার উচ্চতায় পৌঁছে স্যাটেলাইটকে কক্ষপথে স্থাপন করে এবং অতিরিক্ত গ্যাস নিঃসরণ করে। এ কারণেই বাংলাদেশের আকাশ থেকে এটি দেখা গেছে।
চায়না ডেইলির প্রতিবেদন অনুযায়ী, চীনের মহাকাশ গবেষণা সংস্থা চায়না অ্যারোস্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজি করপোরেশন (সিএএসসি) রকেট উৎক্ষেপণের বিষয়টি নিশ্চিত করেছে।
শুক্রবার চীনের স্থানীয় সময় রাত ৯টা ৫ মিনিটে দেশটির শানসি প্রদেশের তাইয়ুয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে লং মার্চ ৬এ রকেটটি যাত্রা শুরু করে। এর মাধ্যমে ইয়াওগান ৫০ডি নামের একটি বহুমুখী রিমোট সেন্সিং স্যাটেলাইট নির্ধারিত কক্ষপথে স্থাপন করা হয়।
স্যাটেলাইটটি তৈরি করেছে চায়না একাডেমি অব স্পেস টেকনোলজি। এর মাধ্যমে ভূমিসম্পদ জরিপ, কৃষি উৎপাদনের পূর্বাভাস এবং দুর্যোগ প্রতিরোধ ও প্রশমনের জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হবে বলে জানিয়েছে চীন।
লং মার্চ ৬এ রকেটটি প্রায় ৫০ মিটার দীর্ঘ। এতে একটি তরল জ্বালানিচালিত মূল বুস্টার এবং চারটি কঠিন জ্বালানিচালিত পার্শ্ব বুস্টার রয়েছে।
আগেও দেখা গেছে এমন দৃশ্য
রকেট উৎক্ষেপণের পর আকাশে এ ধরনের আলোকচ্ছটা দেখা যাওয়ার ঘটনা নতুন নয়। বিভিন্ন সময়ে যুক্তরাষ্ট্র, ইউরোপ, আলাস্কা ও নিউজিল্যান্ডের আকাশেও এমন সর্পিল আলোর দৃশ্য দেখা গেছে।
চলতি বছরের ৮ মে সন্ধ্যায় বাংলাদেশ ও ভারতের আকাশেও হঠাৎ রহস্যময় উজ্জ্বল আলোর রেখা দেখা যায়।
পরে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, এটি কোনো মহাজাগতিক বস্তু ছিল না। বরং দেশটির পরমাণু অস্ত্র বহনে সক্ষম অত্যাধুনিক ‘অগ্নি’ সিরিজের একটি আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা ছিল এটি।
এসি/আপ্র/২৮/১১/২০২৬