২০২৭ সাল থেকে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল বা দুপুরের খাবার কর্মসূচি চালু করবে সরকার। এর আওতায় প্রতিদিন এক কোটি ১০ লাখ শিশু পুষ্টিকর খাবার পাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।
তিনি বলেন, শিশুদের পুষ্টির ঘাটতি পূরণ, বিদ্যালয়ে উপস্থিতি বাড়ানো এবং প্রাতিষ্ঠানিক শিক্ষা অব্যাহত রাখতে স্কুল ফিডিং কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়সংলগ্ন পুরোনো বাণিজ্য মেলা প্রাঙ্গণে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আয়োজিত রন্ধন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ডা. জুবাইদা রহমান জানান, বর্তমানে দেশের ৫০০টি উপজেলার মধ্যে ১৫১টি উপজেলায় প্রায় ৩১ লাখ শিক্ষার্থী প্রতিদিন পুষ্টিকর খাবার পাচ্ছে। চার থেকে ১০ বছর বয়সী শিশুদের বিদ্যালয়ে উপস্থিতি ও প্রাতিষ্ঠানিক শিক্ষা ধরে রাখতে এ কর্মসূচি ভূমিকা রাখছে। ২০২৭ সাল থেকে দেশের ৫০০টি উপজেলার সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচি সম্প্রসারণ করা হবে।
চলমান কর্মসূচিতে খাবারের গুণগত মান নিশ্চিত করতে মায়েদের সম্পৃক্ত করে তদারকি জোরদারের ওপর গুরুত্ব দেন তিনি। বিদ্যালয়ের খাবার সুস্বাদু, পুষ্টিকর ও সহজলভ্য করতে জেলা ও উপজেলা পর্যায়ে রন্ধন প্রতিযোগিতা আয়োজনেরও প্রস্তাব দেন।
তিনি বলেন, স্বাস্থ্যসম্মত রান্নার পদ্ধতি অনুসরণ, স্থানীয়ভাবে সহজলভ্য উপকরণ, শাকসবজি, আমিষ ও দুগ্ধজাত পণ্যের ব্যবহার এবং মায়েদের অংশগ্রহণ শিশুদের পুষ্টির মান বাড়াতে সহায়ক হবে।
অনুষ্ঠানে রান্নাকে শিল্পের পাশাপাশি ভাষা, বিজ্ঞান ও মানুষের সঙ্গে যোগাযোগের মাধ্যম হিসেবে উল্লেখ করেন ডা. জুবাইদা রহমান। তাঁর ভাষ্য, রান্নার মধ্যে মানুষের প্রয়োজন, অনুরাগ, সৃজনশীলতা ও সাংস্কৃতিক ঐতিহ্যের সমন্বয় ঘটে। রান্নার মাধ্যমে ইতিহাস, ব্যক্তিত্ব ও ভালোবাসার প্রকাশ ঘটে।
বাংলাদেশের শিশুদের পুষ্টি পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, জাতিসংঘের পরিসংখ্যান অনুযায়ী, দেশে পাঁচ বছরের কম বয়সী ২৫ দশমিক ১ শতাংশ শিশু খর্বতার শিকার। ৬৪ জেলা, ৫০০ উপজেলা, ৪ হাজার ৫৯৯ ইউনিয়ন ও ৯০ হাজার ৪৯টি গ্রামের প্রেক্ষাপটে এ চিত্র তুলে ধরেন তিনি।
জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সবার জন্য খাদ্য ও খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা, শিশুদের খর্বতা ও অপুষ্টি দূর করা, ক্ষুদ্র কৃষকদের সহায়তা, টেকসই খাদ্যব্যবস্থা গড়ে তোলা এবং খাদ্যের অপচয় কমানোর ওপর গুরুত্ব দেন তিনি। ২০৩০ সালের মধ্যে এসব লক্ষ্য অর্জনে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন বলেও উল্লেখ করেন।
কৃষিপ্রধান বাংলাদেশের নতুন প্রজন্মকে কৃষির প্রতি আগ্রহী করে তোলার আহ্বান জানিয়ে ডা. জুবাইদা রহমান বলেন, উন্নত ফসলের চাষ, ভিটামিন ও পুষ্টিসমৃদ্ধ খাদ্য উৎপাদন এবং কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। ভিটামিন এ-সমৃদ্ধ সোনালি ধান, পুষ্টির ঘাটতি দূর করতে রোগ প্রতিরোধী আলু এবং কীটনাশকের ব্যবহার কমাতে পোকা প্রতিরোধী বেগুন চাষের প্রসার ঘটানোর ওপরও গুরুত্ব দেন তিনি। বর্তমানে ৩০ হাজারের বেশি কৃষক এ ধরনের বেগুন চাষ করছেন বলে জানান তিনি।
আধুনিক সেচ ও কৃষি অবকাঠামোর উন্নয়ন, খাল খননের মাধ্যমে ভূ-উপরিস্থ পানির ব্যবহার বাড়ানো, জলাবদ্ধতা দূর করা এবং পতিত জমি আবাদে আনার প্রয়োজনীয়তার কথাও বলেন তিনি। পাশাপাশি মা ও শিশুর জন্য বৈচিত্র্যময় ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থার কারিগরি সহায়তায় তৃণমূল পর্যায়ে সচেতনতা তৈরির আহ্বান জানান।
রন্ধন প্রতিযোগিতায় ৩০০টি রেসিপি থেকে সেরা রেসিপি নির্বাচিত হয়। প্রথম স্থান অধিকার করেন মাদারীপুরের তাহেরা ইসলাম তিন্নি, দ্বিতীয় হন আবু আব্দুল্লাহ এমডি সিয়াম এবং তৃতীয় হন রংপুরের সাজিয়া ফেরদৌস। বিজয়ীদের সম্মাননা ক্রেস্ট, সনদ ও চেক দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক কৃষিবিদ মো. শাহজামান খান প্রমুখ। খবর: বাসস
সানা/আপ্র/২৮/১১/২০২৬