গাজীপুর শিল্পাঞ্চলে কাজে ফিরেছেন পোশাক শ্রমিকরা। টানা কয়েক সপ্তাহের আন্দোলন-বিক্ষোভের পর মজুরি বোর্ডের নতুন বেতন ঘোষণার প্রেক্ষাপটে তিন দিনের ছুটি শেষে তাঁরা কাজে যোগ দিয়েছেন। তবে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা ৩৫টি কারখানা আজও (২৮ নভেম্বর) বন্ধ রয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) সকাল ৮টা থেকে শ্রমিকরা দলে দলে কারখানায় কাজে যোগ দেন।
বিক্ষোভ, আন্দোলন ও সংঘর্ষের পর বেতন বৃদ্ধির ঘোষণা এবং তিন দিনের ছুটি শেষে শ্রমিকরা কাজে ফিরেছেন। সকাল ১০টা পর্যন্ত জেলার কোথাও অপ্রীতিকর পরিস্থিতির খবর পাওয়া যায়নি।
শ্রমিকরা জানান, দীর্ঘদিন গাজীপুর শিল্পাঞ্চলে বিক্ষোভের কারণে উৎপাদন ব্যাহত হয়েছে। এখন ক্ষতি পুষিয়ে নিতে তাঁরা কাজ করবেন।
সকাল থেকে গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ভোগড়া বাইপাস, নাওজোড়, কোনাবাড়ি, সফিপুর, পল্লী বিদ্যুৎ ও চন্দ্রা এলাকায় শ্রমিকরা কাজে যোগ দেন। এ ছাড়া ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সালনা, রাজেন্দ্রপুর, বাংলাবাজার, ভবানীপুর, হোতাপাড়া, মেম্বারবাড়ি, বাঘের বাজার, গড়গড়িয়া মাস্টারবাড়ি, শিরিরচালা ও বেড়াইদেরচালা এলাকায়ও শ্রমিকদের স্বতঃস্ফূর্তভাবে কাজে ফিরতে দেখা যায়।
গাজীপুর শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ১৭ প্লাটুন বিজিবি, শিল্প পুলিশ, জেলা পুলিশ, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, এসআরবি ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা দায়িত্ব পালন করছেন। সকাল থেকে শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে তাঁরা সতর্ক অবস্থানে রয়েছেন।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, শনিবার (২৮ নভেম্বর) সকালে গাজীপুর শিল্পাঞ্চলের শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন। এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা ৩৫টি কারখানা ছাড়া বাকি কারখানাগুলো উৎপাদনে ফিরেছে।
উল্লেখ্য, বেতন বাড়ানোর দাবিতে গত ২৭ অক্টোবর কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকার একটি পোশাক কারখানায় কর্মবিরতি পালন করে মহাসড়ক অবরোধ করেন শ্রমিকরা। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাঁশ ও কাঠে আগুন জ্বালিয়ে দেন। ধীরে ধীরে আন্দোলন বিভিন্ন আঞ্চলিক সড়কসহ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পল্লী বিদ্যুৎ মোড়, সফিপুর, কোনাবাড়ি এবং কালিয়াকৈর উপজেলার বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে। একপর্যায়ে গাজীপুর মহানগরের বিভিন্ন এলাকাতেও আন্দোলন ছড়িয়ে পড়ে।
শ্রমিকরা সড়ক-মহাসড়ক অবরোধ করেন, বিভিন্ন কারখানা ছুটি দিতে বাধ্য করেন এবং কয়েকটি স্থানে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান। সবশেষ দেড় সপ্তাহ আগে জেলার সদর ও শ্রীপুর উপজেলায় সংঘর্ষের ঘটনা ঘটে।
বিক্ষোভের মধ্যে ১ নভেম্বর মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিদের নিয়ে একটি মজুরি বোর্ড গঠন করে সরকার। এর ধারাবাহিকতায় মঙ্গলবার (২৪ নভেম্বর) মজুরি বোর্ডের চতুর্থ সভায় তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়। মজুরি বোর্ডের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে শ্রমিকরা আন্দোলন চালিয়ে যান। এরপর বেশ কিছু কারখানায় তিন দিনের ছুটি ঘোষণা করা হয়।
এসি/আপ্র/২৮/১১/২০২৬