দক্ষিণ এশিয়ার আটটি দেশে বৈবাহিক ধর্ষণকে পুরোপুরি অপরাধ হিসেবে গণ্য না করায় লাখ লাখ নারী ও কিশোরী অরক্ষিত অবস্থায় রয়েছেন। এসব দেশে ঘনিষ্ঠ সঙ্গীর সহিংসতার হার বৈশ্বিক গড়ের চেয়ে ৩৫ শতাংশ বেশি বলে উঠে এসেছে নতুন এক গবেষণায়।
বিশ্বের ১০০টিরও বেশি দেশ বৈবাহিক ধর্ষণকে অপরাধ হিসেবে গণ্য করলেও দক্ষিণ এশিয়ার ভারত, আফগানিস্তান, শ্রীলঙ্কা ও বাংলাদেশের মতো কয়েকটি দেশে এখনো এটিকে অপরাধ হিসেবে বিবেচনা করা হয় না।
দক্ষিণ এশিয়ার একমাত্র দেশ মালদ্বীপ, যেখানে বৈবাহিক সম্পর্কের মধ্যে সংঘটিত ধর্ষণের ক্ষেত্রেও অন্য যেকোনো ধর্ষণের মতো সমান শাস্তির বিধান রয়েছে।
অন্যদিকে নেপাল ও ভুটান বৈবাহিক ধর্ষণকে অপরাধ হিসেবে গণ্য করলেও এ ক্ষেত্রে লঘু শাস্তির বিধান রেখেছে। এই অঞ্চলের নারীদের অধিকার নিয়ে কাজ করা সংগঠনগুলোর জোট ‘সমাজ’-এর এক গবেষণায় এসব তথ্য উঠে এসেছে।
‘সমাজ’-এর অন্তর্ভুক্ত বৈশ্বিক নারী অধিকার সংগঠন ‘ইকুয়ালিটি নাউ’-এর প্রতিনিধি রঞ্জিতা সিলওয়াল জানান, দক্ষিণ এশিয়ার বৈবাহিক ধর্ষণসংক্রান্ত আইনগুলোর মূল ভিত্তি ব্রিটিশ ঔপনিবেশিক শাসনামলের।
ভারত ও বাংলাদেশে ১৮৬০ সালে এবং শ্রীলঙ্কায় ১৮৮৫ সালে প্রণীত আইনে ধর্ষণের সংজ্ঞায় কিছু ব্যতিক্রম রাখা হয়েছে। এর মধ্যে কোনো পুরুষের সঙ্গে তাঁর প্রাপ্তবয়স্ক স্ত্রীর শারীরিক সম্পর্ককে ধর্ষণের আওতার বাইরে রাখা হয়েছে।
অধিকারকর্মীরা বলছেন, আইনটি এখন সেকেলে হয়ে পড়েছে। অপরাধী যে-ই হোক না কেন, জোরপূর্বক যৌন সম্পর্ক মানেই ধর্ষণ। বৈবাহিক যৌন সহিংসতা নারীদের শারীরিক, মানসিক, আবেগীয় ও যৌন সুস্থতার ওপর মারাত্মক ক্ষতিকর প্রভাব ফেলে।
যুক্তরাজ্যসহ বিশ্বের ১০০টিরও বেশি দেশ বৈবাহিক ধর্ষণকে অপরাধ হিসেবে স্বীকৃতি দিয়েছে। যুক্তরাজ্য ১৯৯১ সালেই এ-সংক্রান্ত আইন সংশোধন করেছে। তবে ভারত, শ্রীলঙ্কা ও বাংলাদেশে এখনো পুরোনো আইনি ছাড় বহাল রয়েছে।
পাকিস্তান ২০০৬ সালে ধর্ষণ আইনের ব্যতিক্রমী ধারাটি বাতিল করলেও বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে ধর্ষণ আইন প্রযোজ্য হবে কি না, সে বিষয়ে দেশটির কোনো উচ্চ আদালত এখনো স্পষ্ট নির্দেশনা দেয়নি। বরং সম্প্রতি দেশটির একটি হাইকোর্টের রায়ে সম্মতিহীন শারীরিক সম্পর্কের ক্ষেত্রে স্বামীদের ব্যাপক আইনি দায়মুক্তি দেওয়া হয়েছে।
২০২১ সালে তালেবান পুনরায় ক্ষমতায় ফেরার পর থেকে আফগানিস্তানে নারীদের সুরক্ষাব্যবস্থা ক্রমাগত ভেঙে ফেলা হয়েছে।
সিলওয়াল জানান, গত জানুয়ারিতে চালু হওয়া নতুন দণ্ডবিধি পরিস্থিতিকে আরও নাজুক করে তুলেছে। এই বিধান অনুযায়ী, কোনো স্বামী তাঁর স্ত্রীর ওপর সহিংসতা চালালে কেবল তখনই তাঁর বিরুদ্ধে মামলা করা যাবে, যদি স্ত্রীর হাড় ভেঙে যায়, শরীরে গভীর ক্ষত সৃষ্টি হয় কিংবা গুরুতর জখমের চিহ্ন থাকে। এমনকি দোষী সাব্যস্ত হলেও স্বামীর সর্বোচ্চ সাজা মাত্র ১৫ দিনের কারাদণ্ড।
নতুন এই দণ্ডবিধিতে বৈবাহিক ধর্ষণের কোনো উল্লেখ নেই। শাস্তিযোগ্য সহিংসতার অত্যন্ত সংকীর্ণ সংজ্ঞার কারণে নারীরা কার্যত বৈবাহিক ধর্ষণের বিরুদ্ধে সব ধরনের আইনি সুরক্ষা থেকে বঞ্চিত হচ্ছেন।
বিবিসিকে সিলওয়াল বলেন, ‘এই ধারণার পেছনে এমন একটি বিশ্বাস কাজ করে যে বিয়ের মধ্যেই যৌন সম্মতি অন্তর্নিহিত থাকে। অর্থাৎ বিয়েই যেন সেই সীমারেখা, যেখানে এসে সম্মতির প্রশ্নটি শেষ হয়ে যায়।’
তিনি আরও বলেন, ‘তবে এটি সচেতনতার অভাবকেই স্পষ্ট করে। এটি প্রমাণ করে যে আমরা এখনো নারীদের সম্পত্তি হিসেবে বিবেচনা করি এবং আমাদের সমাজব্যবস্থা এখনো চরমভাবে পুরুষতান্ত্রিক।’
দক্ষিণ এশিয়াজুড়ে বৈবাহিক ধর্ষণ নিয়ে নতুন করে বিতর্ক শুরুর মধ্যেই প্রতিবেদনটি প্রকাশিত হলো।
ভারতে এ-সংক্রান্ত আইনকে চ্যালেঞ্জ করে দায়ের করা ১০টি পিটিশন সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে। এসব মামলার চূড়ান্ত শুনানি আগামী ৯ ডিসেম্বর শুরু হওয়ার কথা রয়েছে।
বিগত বছরগুলোতে দেশটির আদালতগুলো এ বিষয়ে পরস্পরবিরোধী রায় দিয়েছেন। তবে কয়েকজন বিচারক আইনটির সেকেলে রূপের কথা স্বীকার করে বৈবাহিক ধর্ষণকে অপরাধ হিসেবে গণ্য করার জন্য পার্লামেন্টের প্রতি আহ্বান জানিয়েছেন।
স্বামীর ধর্ষণে এক নারীর মৃত্যু হওয়ার পরও ওই ব্যক্তিকে আদালত খালাস দিলে দেশজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।
তবে ভারত সরকার, বিভিন্ন ধর্মীয় সংগঠন এবং পুরুষ অধিকারকর্মীরা দেশটির সর্বোচ্চ আদালতে দায়ের করা এসব পিটিশনের বিরোধিতা করেছেন। তাঁদের দাবি, বৈবাহিক ধর্ষণকে অপরাধ হিসেবে গণ্য করা হলে তা ‘অত্যধিক কঠোর’ পদক্ষেপ হবে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, বাংলাদেশের অধিকার সংগঠনগুলোও বৈবাহিক ধর্ষণের এই আইনি ছাড়কে চ্যালেঞ্জ জানিয়েছে। তাদের যুক্তি, এই বিধান সংবিধানে স্বীকৃত জীবন ও ব্যক্তিস্বাধীনতার অধিকার এবং নির্যাতন ও নিষ্ঠুর আচরণ থেকে সুরক্ষা পাওয়ার মৌলিক অধিকারের পরিপন্থী।
সিলওয়াল বলেন, ‘যারা বৈবাহিক ধর্ষণকে অপরাধ হিসেবে গণ্য করার বিরোধিতা করেন, তাদের দাবি এতে পারিবারিক কাঠামো দুর্বল হয়ে পড়বে এবং পরিবার ভেঙে যাবে। আর আমাদের দেশগুলোতে পরিবারের গুরুত্ব অনেক বেশি।’
তিনি আরও বলেন, ‘তাদের মতে, এটি আমাদের ধর্মীয় ও সাংস্কৃতিক মূল্যবোধে আঘাত হানবে এবং এর ফলে পুরুষদের বিরুদ্ধে মিথ্যা মামলা হওয়ার আশঙ্কা রয়েছে।’
তবে সিলওয়াল মনে করেন, শুধু আইন পরিবর্তন করলেই ভুক্তভোগীরা ন্যায়বিচার পাবেন, এমন নিশ্চয়তা দেওয়া যায় না।
এ প্রসঙ্গে ভুটানের উদাহরণ টেনে তিনি বলেন, দেশটিতে বৈবাহিক ধর্ষণ ফৌজদারি অপরাধ হলেও একে লঘু অপরাধ হিসেবে গণ্য করা হয়। এর শাস্তি মাত্র এক মাস থেকে এক বছরের কারাদণ্ড।
নেপালে সাধারণ ধর্ষণের শাস্তি ৬ থেকে ২০ বছরের কারাদণ্ড হলেও কোনো স্বামী তাঁর স্ত্রীকে ধর্ষণ করলে সর্বোচ্চ সাজা মাত্র পাঁচ বছর।
সূত্র: বিবিসি।
এসি/আপ্র/২৮/১১/২০২৬