ইসলামে সদকা শুধু অর্থ বা সম্পদ দানের মধ্যে সীমাবদ্ধ নয়। মানুষের উপকার করা, বিপদে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া, ভালো কথা বলা কিংবা পথ থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে রাখার মতো সাধারণ কাজও সদকা হিসেবে গণ্য হয়। মহানবী হজরত মুহাম্মদ (সা.) প্রতিদিনের এমন কিছু কাজকে সদকা হিসেবে উল্লেখ করেছেন, যেগুলোর মাধ্যমে একজন মুসলিম আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারেন এবং সওয়াব অর্জন করতে পারেন।
হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘সূর্য উদিত হয় এমন প্রতিটি দিনেই মানুষের শরীরের প্রতিটি জোড়ার জন্য সদকা করা আবশ্যক। দুই ব্যক্তির মধ্যে ন্যায়বিচার প্রতিষ্ঠা করা একটি সদকা। কাউকে তার বাহনে উঠতে সাহায্য করা অথবা তার মালপত্র বাহনে তুলে দেওয়াও সদকা। ভালো কথা বলা সদকা, নামাজের জন্য প্রতিটি পদক্ষেপ সদকা এবং পথ থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলাও সদকা।’ (সহিহ বুখারি ও মুসলিম)
নবীজি (সা.)-এর এ হাদিসে মানুষের শরীরের প্রতিটি হাড়ের জোড়ার জন্য প্রতিদিন সদকা করার গুরুত্ব তুলে ধরা হয়েছে। আল্লাহ তায়ালা মানুষকে সুস্থ শরীর ও স্বাভাবিকভাবে চলাফেরার সক্ষমতা দিয়েছেন। শরীরের হাড় ও জোড়াগুলোর মাধ্যমে মানুষ বিভিন্ন কাজ করতে পারে। এসব নিয়ামতের জন্য মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা প্রত্যেক মানুষের দায়িত্ব।
তবে এ সদকা যে শুধু অর্থ বা সম্পদ দানের মাধ্যমে করতে হবে, তা নয়। বরং বিভিন্ন ভালো কাজ ও মানুষের কল্যাণে অংশ নেওয়ার মাধ্যমেও সদকা আদায় করা যায়।
হাদিসে উল্লেখিত সদকার কাজগুলোর মধ্যে রয়েছে—দুই ব্যক্তির মধ্যে বিরোধ দেখা দিলে ন্যায়সংগতভাবে তা মিটিয়ে দেওয়া। এতে উভয়ের মধ্যে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠিত হয়। কোনো অসহায় বা অক্ষম ব্যক্তিকে বাহনে উঠতে সাহায্য করা কিংবা তার মালপত্র তুলে দেওয়াও সদকা। মানুষের সঙ্গে সুন্দর ও ভালো কথা বলা, জিকির করা, দোয়া করা এবং সালাম বিনিময়ও নেক আমলের অন্তর্ভুক্ত।
এ ছাড়া মসজিদে নামাজ আদায়ের জন্য হেঁটে যাওয়ার প্রতিটি পদক্ষেপের বিনিময়েও সওয়াব পাওয়া যায়। একইভাবে রাস্তায় পড়ে থাকা কাঁটা, পাথর বা মানুষের চলাচলে বাধা সৃষ্টি করে এমন কোনো বস্তু সরিয়ে ফেলাও সদকা হিসেবে গণ্য হয়।
হাদিসের শিক্ষা
- মানুষের শরীরের হাড় ও জোড়াগুলো সুস্থ থাকা মহান আল্লাহর অন্যতম বড় নিয়ামত। এ জন্য প্রতিদিন তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত।
- আল্লাহর দেওয়া নিয়ামতের শুকরিয়া আদায়ে প্রতিদিন নেক আমল ও সদকা করার প্রতি উৎসাহ দেওয়া হয়েছে।
- মানুষের মধ্যে বিবাদ মিটিয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠা করা গুরুত্বপূর্ণ নেক আমল।
- বিপদে বা প্রয়োজনে অন্য মানুষকে সহযোগিতা করাও সদকার অন্তর্ভুক্ত।
- জামাতে নামাজ আদায়ের জন্য মসজিদে হেঁটে যাওয়ার প্রতিটি পদক্ষেপে সওয়াব রয়েছে।
- মানুষের চলাচলে বাধা সৃষ্টি করে কিংবা কষ্ট দেয়—এমন বস্তু পথ থেকে সরিয়ে ফেলা উত্তম কাজ এবং সদকা।
এসি/আপ্র/২৮/১১/২০২৬