গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

মেনু

ইসলাম===

পরিবার শান্তির ঠিকানা হবে কীভাবে?

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২০:৩৭ পিএম, ২৭ নভেম্বর ২০২৬ | আপডেট: ০০:৩৯ এএম ২০২৬
পরিবার শান্তির ঠিকানা হবে কীভাবে?
ছবি

ছবি সংগৃহীত

শায়খ আব্দুল কাইয়ুম

আল্লাহতাআলা পারিবারিক জীবন ও দাম্পত্য জীবন দিয়েছেন যাতে মানুষ সেখানে শান্তি পায়। সুন্দর সম্পর্কের ভিত্তিতে যেন প্রশান্তি আসে, সে জন্য আল্লাহ মানুষের অন্তরে ভালোবাসা, মায়া-মমতা ও দয়া দিয়েছেন। তিনি চান মানুষ এগুলো ব্যবহার করে শান্তি পাওয়ার চেষ্টা করুক। কিন্তু দেখা যায় অনেক ক্ষেত্রেই এ শান্তির বিঘ্ন ঘটে। কেউ অপরের প্রতি জুলুম করা শুরু করে দেয়। যদিও পৃথিবীতে কোনো মানুষই পূর্ণাঙ্গ নয়, সবারই দুর্বলতা আছে।

হঠাৎ করে একটু মতবিরোধ বা তর্ক-বিতর্ক হতে পারে, কথা বলে স্বামী স্ত্রীকে কষ্ট দিতে পারে, স্ত্রী স্বামীকে কষ্ট দিতে পারে। এগুলো ঘটে যায়, এই দুর্বলতার ঊর্ধ্বে কেউ নেই। কিন্তু তা যখন সীমা ছাড়িয়ে যায় এবং জুলুমের পর্যায়ে চলে যায়, তখন তা অত্যন্ত নিন্দনীয় হয়ে ওঠে। আল্লাহ বলেছেন, তিনি পরিবার দিয়েছেন মায়া-মমতা ও ভালোবাসা দিয়ে, একে অপরের প্রতি দয়ামায়া করার জন্য। এর উল্টো করলে আল্লাহ কখনো খুশি হন না।

স্বামী-স্ত্রীর সম্পর্কের ভিত্তি কী হওয়া উচিত: স্বামী-স্ত্রীর সম্পর্কের ভিত্তি হওয়া উচিত ভালোবাসা, দয়া, ইহসান, উত্তম আচরণ। আল্লাহতাআলা বলেন, ‘তাঁর নিদর্শনাবলির মধ্যে রয়েছে যে, তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকেই তোমাদের সঙ্গীদের সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে প্রশান্তি পাও; আর তিনি তোমাদের মধ্যে ভালোবাসা ও দয়া-মমতা সৃষ্টি করেছেন। নিশ্চয় এতে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য নিদর্শনাবলি রয়েছে’ (সুরা আর-রুম: ২১)। এই আয়াতের তাফসিরে ইমাম ইবনে কাসির (রহ.) বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন স্বামী-স্ত্রীর সম্পর্কের ক্ষেত্রে এবং পরিবারের সদস্যদের সম্পর্কের ক্ষেত্রে মায়া-মমতা, দয়ামায়া ও নম্রতার আচরণ করতে বলেছেন। কেউ যেন কঠোরতা ও খুব শক্তভাবে একে অপরকে পরিচালনা না করে, সে নসিহত করেছেন। ভালোবাসা ও দয়ামায়া—এই দুটি প্রধান উপাদান দিয়ে পরিবার চালাতে হবে। ইমাম আত-তাবারি (রহ.) কোরআনের আয়াতের আলোকে বলেছেন যে, সুন্দর আচার-ব্যবহার করে সংসার জীবন কাটাতে হবে। আল্লাহ এটিকে ওয়াজিব ও ফরজ করে দিয়েছেন যে, স্ত্রীদের সঙ্গে সুন্দর আচরণ করতে হবে এবং কষ্ট দেওয়া থেকে বিরত থাকতে হবে।

রাসুলুল্লাহ (সা.) পরিবারের সদস্যদের সঙ্গে কেমন আচরণ করতেন: নবী করিম (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) আমাদের জন্য আদর্শ। হজরত আয়েশা (রা.) বলেছেন, নবী করিম (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) কখনো কোনো স্ত্রীকে বা কোনো খাদেমকে মারধর করেননি। মানুষের ভেতরে রাগ থাকা অস্বাভাবিক কিছু নয়। কিন্তু রাগ উঠলে কীভাবে তা নিয়ন্ত্রণ করতে হবে, সেটিই আসল বিষয়। রাগ উঠলে কিছু বাড়াবাড়ি করতে পারলে অনেকের মনে হয় তার ভেতরে অনেক বীরত্ব, সাহস ও পুরুষত্ব চলে এসেছে। এই ধারণা ভুল।

নবী করিম (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, যে ব্যক্তি রাগ উঠলে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না, সে সাহসী, বীরপুরুষ বা শক্তির অধিকারী নয়। বরং রাগ উঠলে যিনি নিজেকে নিয়ন্ত্রণ করেন এবং কথাবার্তা বা আচার-ব্যবহারে জুলুম করেন না, তিনিই আসল শক্তিশালী মানুষ। যাদের গায়ের শক্তি আছে কিন্তু তারা এর অপব্যবহার করেন, তারা কখনো বীরপুরুষ হতে পারেন না; বরং বোকামির পরিচয় দেন। রাগের কারণেই মানুষ অনেক অন্যায় করে এবং একে অপরের প্রতি জুলুম করে। কোরআনে আল্লাহ বলেছেন, যারা রাগ দমন ও নিয়ন্ত্রণ করতে পারেন এবং মানুষকে ক্ষমা করে দেন, একটু দোষে তেলে-বেগুনে জ্বলে ওঠেন না, তাঁরা নেককার। আল্লাহ এই নেককারদের খুব ভালোবাসেন।

পরিবারের সদস্যদের হক আদায় করার গুরুত্ব: পরিবারভুক্ত মানুষদের প্রতি ভালো ব্যবহার করা ও কষ্ট না দেওয়া একটি বড় নেক আমল। শুধু নামাজ পড়া ও রোজা রাখাই নেক আমল নয়; চলাফেরা, কথাবার্তা, মানুষের সঙ্গে লেনদেন ও আচার-ব্যবহারে সৌন্দর্য, সততা বজায় রাখাও বড় ইবাদত ও আমল। এগুলো করলে আল্লাহর কাছে সত্যিকারের নেককার হওয়া যায়। একটি হাদিসে রাসুলুল্লাহ (সা.) বলেছেন, আল্লাহ তাআলা নিজে দয়াময় ও দয়াশীল, এবং তিনি দয়ামায়াকে খুব পছন্দ করেন। এর বিপরীতে যারা পারিবারিকভাবে জুলুম-নির্যাতন করেন এবং সারা জীবন কষ্ট দিয়ে যান, তারা আল্লাহর কাছে বড় জালিম হয়ে যান।

হাদিসে কুদসিতে আল্লাহ বলেছেন, হে আমার বান্দারা, আমি আমার নিজের ওপর কাউকে জুলুম করা হারাম করেছি; আমি কাউকে জুলুম করি না, করবও না। আর আমি তোমাদের জন্য হারাম করে দিলাম যেন কেউ একে অপরকে জুলুম না করে। স্বামী যদি স্ত্রীর ওপর জুলুম করে বা স্ত্রী যদি স্বামীর ওপর জুলুম করে, এবং ভাবে বাইরের লোকের ওপর জুলুম করছি না, ঘরের ভেতরে সব অধিকার আছে- এটি মোটেই ঠিক নয়। ইমাম ইবনে তাইমিয়া (রহ.) বলেছেন, ঘরের ভেতরে জুলুম করা বাইরের জুলুমের তুলনায় অনেক বড় জুলুম। কারণ আল্লাহ ঘরবাড়িকে শান্তি ও প্রশান্তির ঠিকানা বানিয়েছেন। বাইরে কষ্ট পেলে মানুষ আশ্রয় ও শান্তির জন্য ঘরে আসে। সেই ঘরই যদি অশান্তির কারণ হয়, তবে যিনি অশান্তি সৃষ্টি করেন- স্বামী, স্ত্রী বা অন্য কেউ—তিনি বড় জালিম।

ঘরোয়া নির্যাতনের শারীরিক, মানসিক ও আর্থিক রূপ: পরিবারে জুলুম নানাভাবে ঘটে। অনেক সময় শারীরিকভাবে আঘাত করা, মারপিট ও নির্যাতন করা হয়, যা জঘন্য অপরাধ। এর বিচার একদিন আল্লাহ করবেন; শুধু কর্তৃত্ব থাকলেই হবে না, আল্লাহ সবকিছুর বিচার করবেন। দ্বিতীয়ত, মারধর না করলেও আচার-ব্যবহার ও মানসিক দিক থেকে কথাবার্তায় খোঁটা দেওয়া, কথা না বলা, ছোট করা বা সমালোচনা করে মানসিক কষ্ট দেওয়া বড় জুলুম। কখনো কখনো শারীরিক জুলুমের চেয়ে মানসিক জুলুম মানুষকে বেশি কষ্ট দেয়।

আল্লাহর কাছে ওই মুমিনই সবচেয়ে পছন্দের- যিনি আল্লাহকে ভয় করেন এবং অন্য মানুষের সঙ্গে সুন্দর আচার-ব্যবহার করেন। নিন্দা করা, ব্যক্তিগত বা পারিবারিক জীবন কিংবা মা-বাবা ধরে গালাগাল করা ঘরের ভেতরে বড় জুলুম। কথা না বলা বা ভালো কথা না বলার মতো আচরণও মানসিক কষ্ট দেয়। এ ছাড়া টাকা-পয়সা ও খরচপত্রের ক্ষেত্রে অতিরিক্ত কৃপণতা করে মানুষের হক আদায় না করলেও জুলুম হয়। আবার আলাদা হয়ে থাকা, একসঙ্গে না থাকা বা বর্জন করার মতো ব্যবহার করাও এক ধরনের জুলুম।

জালেম ও মাজলুম উভয়কে সাহায্য করার সঠিক অর্থ: পরিবার বা আত্মীয়স্বজনের মধ্যে এমন অশান্তি ও জুলুম চলতে দেখলে ঘনিষ্ঠ আত্মীয়, পাড়া-প্রতিবেশী বা পরিচিতজন হিসেবে সাহায্য করার দায়িত্ব আসে। নবী করিম (সা.) বলেছেন, তোমার ভাই বা বোন যেই হোক- জালেম হোক বা মাজলুম হোক—তুমি তাকে অবশ্যই সাহায্য করবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসুলুল্লাহ, মাজলুম হলে সাহায্য করা বুঝলাম; কিন্তু জালেম হলে কীভাবে সাহায্য করব? নবীজি (সা.) বললেন, জালেমকে সাহায্য করার অর্থ হলো তার হাত ধরে থামিয়ে দেওয়া এবং জুলুম করা থেকে বিরত রাখা। এটিই তার জন্য সাহায্য, কারণ জুলুম করে সে আল্লাহর কাছে অপরাধী হচ্ছে। তাকে জুলুম থেকে থামানো এবং সুন্দর বোঝাপড়া তৈরি করার চেষ্টা করাই আমাদের দায়িত্ব।

নম্রতা, ক্ষমা ও সুন্দর আচরণ কীভাবে ঘরে শান্তি ফিরিয়ে আনতে পারে: আচার-ব্যবহারে খুব কড়া মেজাজের হওয়া, রুক্ষ স্বভাবের হওয়া এবং কথাবার্তায় নম্রতা না থাকা অত্যন্ত খারাপ ও ঘৃণিত বিষয়; আল্লাহ এমন লোককে পছন্দ করেন না। একটি হাদিসে নবী করিম (সা.) বলেছেন, কেয়ামতের দিন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ হবেন তিনিই যার আচার-ব্যবহার উত্তম, যার আচরণে ভদ্রতা ও নম্রতা আছে, যিনি রুক্ষ নন এবং অন্যকে কষ্ট দেন না। এগুলো চর্চার সবচেয়ে উত্তম জায়গা হলো পরিবার। এর বিপরীতে নম্রতা না থাকলে, সব সময় কঠোরতা ও চরম অবস্থান নিলে, কোনো ছাড় না দিলে আল্লাহ পছন্দ করেন না এবং তার পারিবারিক জীবনও সুন্দর ও শান্তিপূর্ণ হয় না।

আরেকটি হাদিসে নবীজি (সা.) বলেছেন, কোনো কিছু থেকে নম্রতা উঠিয়ে নিয়ে কঠোরতা প্রয়োগ করা হলে তা খারাপ হয়ে যায়; আর আচার-ব্যবহারে নম্রতা থাকলে সম্পর্ক সুন্দর ও ভালো থাকে। আল্লাহ নিজে নম্রতা পছন্দ করেন এবং নম্রতার মাধ্যমে এমন ভালো ফল দেন, যা কঠোরতার মাধ্যমে দেন না। আরেকটি হাদিসে তিনি বলেছেন- যার ব্যবহারের কারণে মানুষ তাকে কাছে জায়গা দেয়; যিনি সহজ-সরল, কঠিন নন এবং যার ভেতরে নম্রতা আছে, আল্লাহ তার জন্য জাহান্নাম হারাম করে দেবেন। আল্লাহ আমাদের সবাইকে তাদের অন্তর্ভুক্ত করুন।

সূত্র: অনলাইন


কেএমএএ/আপ্র/২৭.১১.২৬

সংশ্লিষ্ট খবর

ইসলামে কারও পা ধরে ক্ষমা চাওয়ার বিধান কী?
২৪ নভেম্বর ২০২৬

ইসলামে কারও পা ধরে ক্ষমা চাওয়ার বিধান কী?

প্রশ্ন: ইসলামে কারও পা ধরে ক্ষমা চাওয়ার বিধান কী? পা ধরে ক্ষমা প্রার্থনার সময় অন্যের সামনে মাথা ঝোঁক...

হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধনের সময়সীমা বেঁধে দিল মন্ত্রণালয়
২৩ নভেম্বর ২০২৬

হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধনের সময়সীমা বেঁধে দিল মন্ত্রণালয়

হজযাত্রীদের আগামী ১০ ডিসেম্বরের মধ্যে ২০২৭ সালের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করার অনুরোধ জানিয়েছে ধর্মবি...

হজে যেতে ১০ ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত নিবন্ধন
২৩ নভেম্বর ২০২৬

হজে যেতে ১০ ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত নিবন্ধন

২০২৭ সালের হজে যেতে প্রাথমিক নিবন্ধন করা হজযাত্রীদের আগামী ১০ ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত নিবন্ধন সম্পন...

অজু ছাড়া কোরআনের আয়াত কম্পোজ করা যাবে কি?
২৩ নভেম্বর ২০২৬

অজু ছাড়া কোরআনের আয়াত কম্পোজ করা যাবে কি?

পবিত্র কোরআন স্পর্শ করার জন্য অজু করা জরুরি। অজু ছাড়া কোরআন শরিফ স্পর্শ করা যায় না। কারও শরীর পবিত্র...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকার প্রস্তাব মালিকদের

তৈরি পোশাকশিল্পের শ্রমিক ও কর্মচারীদের ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ। মজুরি বোর্ডের সর্বশেষ বৈঠকে চতুর্থ গ্রেডের শ্রমিকদের জন্য এ প্রস্তাব দেওয়া হয়। তবে শ্রমিকপক্ষের সর্বশেষ প্রস্তাব ২২ হাজার টাকা হওয়ায় দুই পক্ষের মধ্যে ব্যবধান এখনো অনেক বেশি। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন বাজার বিবেচনায় শ্রমিকদের জন্য প্রস্তাবিত মজুরি যৌক্তিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে