মালয়েশিয়ায় প্রবাসজীবনে পরিচয়, এরপর সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকের মাধ্যমে যোগাযোগ এবং সেখান থেকে প্রেম। সেই সম্পর্কের পরিণতি ঘটেছে বিয়েতে। যশোরের শার্শা উপজেলার যুবক সোহাগ হুসাইনকে বিয়ে করতে মা-বাবাকে সঙ্গে নিয়ে বাংলাদেশে এসেছেন মালয়েশিয়ার তরুণী নুর হায়াতি।
গত সোমবার (২৩ নভেম্বর) যশোরের আদালতে তাঁদের বিয়ে সম্পন্ন হয়। যশোর পৌর এলাকার বারান্দীপাড়া খালধার সড়কে নিকাহ রেজিস্ট্রার ও কাজি মোহাম্মদ হোসেনের কার্যালয়ে বিয়েটি নিবন্ধিত হয়। পরদিন ২৪ নভেম্বর কাবিননামা নোটারি পাবলিকের মাধ্যমে সত্যায়িত করা হয়। তবে শনিবার (২৮ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে এলাকার মানুষকে বিয়ের বিষয়টি জানায় দুই পরিবার।
বিয়ের কাবিননামা অনুযায়ী, বর ও কনে দুজনেরই জন্ম ১৯৯৯ সালে। সোহাগের জন্ম ২৪ মে এবং নুর হায়াতির ৩০ সেপ্টেম্বর। তাঁদের বিয়েতে দেনমোহর নির্ধারণ করা হয়েছে পাঁচ লাখ টাকা।
সোহাগ হুসাইন শার্শা উপজেলার ডুবপাড়া গ্রামের জালাল উদ্দিন ও নিলুফা ইয়াসমিন দম্পতির সন্তান। তিন ভাই-বোনের মধ্যে তিনি সবার ছোট। গত ২৮ অক্টোবর তিনি দেশে আসেন। অন্যদিকে, নুর হায়াতি তাঁর বাবা আমরান বিন আহমাদ ও মা জাওয়ারিয়াহ বিনতে সুলাইমানকে সঙ্গে নিয়ে ১৯ নভেম্বর বাংলাদেশে আসেন।
সোহাগ জানান, কিশোর বয়সে শিক্ষার্থী ভিসায় মালয়েশিয়া গেলেও সেখানে পড়াশোনা না করে কাজে যোগ দেন। বর্তমানে কুয়ালালামপুরে তাঁর একটি কর্মশালা রয়েছে। সেখানে তিনি ঠিকাদারি ব্যবসা করেন।
মালয়েশিয়ায় পরিচয়ের গল্প জানাতে গিয়ে সোহাগ বলেন, এক ব্যক্তির দোকানে তিনি নিয়মিত যাতায়াত করতেন। ওই দোকানেই প্রথম নুর হায়াতিকে দেখেন। দোকানটি ছিল নুরের বাবার। পরে টিকটকের মাধ্যমে দুজনের মুঠোফোন নম্বর আদান-প্রদান হয়। এরপর তাঁদের মধ্যে নিয়মিত যোগাযোগ ও ঘনিষ্ঠতা তৈরি হয়।
সোহাগ মালয় ভাষা জানেন। তাই দুজনের কথাবার্তা হতো ওই ভাষায়। নুর হায়াতিকেও কিছু বাংলা শেখানো হয়েছে। একপর্যায়ে নুরের মা-বাবার সঙ্গে সোহাগের পরিচয় ও কথাবার্তা হয়। তাঁরা সোহাগকে পছন্দ করার পর দুই পরিবারের সম্মতিতে বিয়ের সিদ্ধান্ত চূড়ান্ত হয়।
সোহাগের মা নিলুফা ইয়াসমিন ছেলের বিয়ে নিয়ে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, বউমা ভালো হয়েছে। বাংলা ভাষা কিছুটা বুঝতে পারেন এবং নিজেও অল্প অল্প বাংলা শিখেছেন। তবে নুরের মা-বাবা এখনো বাংলা বুঝতে পারেন না।
নুরের মা-বাবার আপ্যায়ন প্রসঙ্গে নিলুফা ইয়াসমিন জানান, তাঁরা নিজেদের সঙ্গে শুকনো খাবার নিয়ে এসেছেন। ডিম ও নুডলস বেশি খাচ্ছেন। বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হওয়ায় তাঁরা আর দেশে থাকতে চাইছেন না।
সোহাগ জানান, রোববার (২৯ নভেম্বর) শ্বশুর-শাশুড়িকে ঢাকায় পৌঁছে দেবেন। তবে তিনি ও তাঁর স্ত্রী আরো এক মাস বাংলাদেশে থাকবেন। পরে মালয়েশিয়ায় ফিরে নিজের ব্যবসা চালিয়ে যাওয়ার পাশাপাশি স্ত্রীর ব্যবসাও দেখাশোনা করবেন।
সোহাগের ভাষ্য, তাঁর স্ত্রী নুর হায়াতির কুয়ালালামপুরে একটি সুপারশপ রয়েছে। শ্বশুরের সাত সন্তান। প্রত্যেকের জন্য তিনি আলাদা ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে দিয়েছেন।
সোহাগ বলেন, ‘বিয়ে করে আমরা উভয়েই সুখী। দুই পরিবারের সম্মতিতে আমাদের বিয়ে হয়েছে। আমরা মালয়েশিয়াতেই জীবন কাটাব।’
সানা/আপ্র/২৯/১১/২০২৬