কার্যক্রম নিষিদ্ধ যুব মহিলা লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শারমিন সুলতানা শর্মীর ১৫ বছর বয়সী ছেলে নিসর্গ হোসেন তূর্যকে ঢাকার মোহাম্মদপুর জামে মসজিদ কমপ্লেক্স কবরস্থানে দাফন করা হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) জানাজার পর সেখানে তাকে দাফন করা হয়।
তূর্যর মৃত্যু হয় শুক্রবার (২৭ নভেম্বর) রাত ১১টার দিকে। তার মা শারমিন সুলতানা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে বন্দী রয়েছেন। মায়ের সঙ্গে শেষবারের মতো দেখা করানোর জন্য শনিবার দুপুরে তূর্যর মরদেহ নিয়ে যাওয়া হয় ওই কারাগারে।
তবে শারমিন সুলতানাকে সন্তানের শেষবিদায়ে অংশ নেওয়ার সুযোগ দিতে প্যারোলে মুক্তি দেওয়া হয়নি কেন, তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা চলছে। এ বিষয়ে গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া বলেন, শারমিন সুলতানার প্যারোলে মুক্তির জন্য তাঁর কাছে কোনো আবেদন করা হয়নি।
শারমিনের পরিবারও জানিয়েছে, প্যারোলে মুক্তির জন্য তারা আবেদন করেনি। তাঁর স্বামী শাহাদাৎ হোসেন নিপু জানান, এ ধরনের আবেদন করার বিষয়ে তাঁকে নিরুৎসাহিত করা হয়েছিল। ডিসেম্বর মাস পর্যন্ত আসামিদের কারাগারের বাইরে নেওয়ার ক্ষেত্রে নিরাপত্তাঝুঁকি রয়েছে বলে জানানো হয়।
তবে সন্তানের মরদেহ কারাগারে নিয়ে মাকে দেখানোর অনুমতি চেয়ে শাহাদাৎ হোসেন কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার বরাবর আবেদন করেছিলেন। আবেদনে মানবিক দিক বিবেচনায় দাফনের আগে শারমিন সুলতানাকে তাঁর সন্তানের মরদেহ দেখানোর অনুমতি চাওয়া হয়।
শনিবার দুপুর ১২টার দিকে তূর্যর মরদেহ কারাগারে পৌঁছায়। এ সময় শাহাদাৎ হোসেনের সঙ্গে পরিবারের সদস্য ও স্বজনেরা ছিলেন। কারাগারে শারমিনকে পাঁচ থেকে ছয় মিনিটের জন্য সন্তানের মরদেহ দেখার সুযোগ দেওয়া হয়।
স্বামী শাহাদাৎ হোসেন বলেন, ওই সময় ছেলের মরদেহ জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন শারমিন। আক্ষেপ করে তিনি বলছিলেন, ‘আমাকে ছাড়া তোমরা কয়েকটা দিন তূর্যকে ধরে রাখতে পারলে না।’
তূর্যর মৃত্যুর পর তার খালা শাম্মী সাংবাদিকদের জানান, জন্মের পর থেকেই শিশুটি বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিল। চোখসহ শরীরের বিভিন্ন অংশে তার ১০ থেকে ১২টি অস্ত্রোপচার করা হয়েছিল। অসুস্থ সন্তানের দেখাশোনার জন্য শারমিন ২০২২ সাল থেকেই রাজনীতি থেকে সরে দাঁড়িয়েছিলেন।
শাম্মী বলেন, ‘আমি আমার বোনের মুক্তি চাই, তার অপর একটি শিশুসন্তানের জন্য। এই সরকারের কাছে চাই, আপনারা আমার বোনকে মুক্তি দেন।’
কারাগার সূত্রে জানা গেছে, অক্টোবরের শুরুর দিকে রাজধানীর লালবাগে সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় শারমিন সুলতানাকে গ্রেফতার করে পুলিশ। এরপর থেকে তিনি কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে বন্দী রয়েছেন।
পুলিশের তথ্য অনুযায়ী, শারমিন সুলতানা নিষিদ্ধঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের ইডেন মহিলা কলেজ শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। এ ছাড়া তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপকমিটির সাবেক সহসম্পাদক এবং ২০১৭ থেকে ২০২২ মেয়াদে যুব মহিলা লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন।
অন্যদিকে, পরিবারের অভিযোগ, আটকের আগে শারমিনের বিরুদ্ধে কোনো মামলা ছিল না। ষড়যন্ত্রের মাধ্যমে তাঁকে আটক করে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জড়ানো হয়েছে।
সানা/আপ্র/২৯/১১/২০২৬