রাজধানীর মিরপুরে ধারালো অস্ত্রের আঘাতে করিম (৩৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) রাত সোয়া ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। বালতি রাখা ও কাপড় ধোয়া নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন হাসপাতালে নিয়ে আসা এক প্রতিবেশী।
নিহত করিম চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার চন্দনা গ্রামের মাইনুল রহমানের ছেলে। তিনি মিরপুর-৬ নম্বরের ৮ নম্বর সড়কের ১৪ নম্বর বাসায় ভাড়া থাকতেন। পেশায় তিনি একটি বুটিক প্রতিষ্ঠানের কর্মচারী ছিলেন।
করিমকে হাসপাতালে নিয়ে আসা সাকিব নিজেকে তাঁর প্রতিবেশী ও ঘটনার প্রত্যক্ষদর্শী পরিচয় দিয়ে বলেন, শনিবার রাত সাড়ে ৮টার দিকে করিম ও আরিফের মধ্যে চিৎকার-চেঁচামেচি শুনে তিনি ঘটনাস্থলে যান। সেখানে বালতি রাখা ও কাপড় ধোয়ার বিষয় নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি চলছিল।
সাকিবের ভাষ্য, তিনি কিছু বুঝে ওঠার আগেই আরিফ ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে করিমের পিঠের বাঁ পাশে আঘাত করেন। এরপর আরিফ ঘটনাস্থল থেকে পালিয়ে যান। রক্তাক্ত অবস্থায় করিমকে পড়ে থাকতে দেখে স্থানীয়দের সহযোগিতায় তাঁকে প্রথমে কাছের একটি হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে রাত ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে করিমের মৃত্যুর তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
সানা/আপ্র/২৯/১১/২০২৬