যাত্রী ও যানবাহনের নিরাপত্তার স্বার্থে খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাটসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলা থেকে গোপালগঞ্জ ও পদ্মা সেতু হয়ে ঢাকাগামী দূরপাল্লার বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) বিকেল ৫টা থেকে এ পথে বাস চলাচল বন্ধ রয়েছে। তবে রোববার (২৯ নভেম্বর) সকাল থেকে যশোর-আরিচা হয়ে বিকল্প পথে ঢাকায় বাস চলাচল শুরু হবে।
খুলনা মোটরশ্রমিক ইউনিয়নের সভাপতি জাহিদ খান বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার বিকেলে হঠাৎ গোপালগঞ্জের পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এরপর বাগেরহাটের মোল্লাহাটেও সড়কে বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষ বাধে। এতে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয়। যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে মালিকপক্ষ তাৎক্ষণিকভাবে বিকেল ৫টা থেকে গোপালগঞ্জ হয়ে বাস চলাচল বন্ধের সিদ্ধান্ত নেয়।
তিনি জানান, রোববার সকাল থেকে খুলনা থেকে যশোর-আরিচা হয়ে ঢাকায় বাস চলাচল করবে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিকল্প পথে বাস চলাচল অব্যাহত থাকবে।
পরিবহনসংশ্লিষ্টরা জানান, কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকা আওয়ামী লীগের ডাকা কর্মসূচিকে কেন্দ্র করে সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতির আশঙ্কায় খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাটসহ এ অঞ্চলের কোনো বাস গোপালগঞ্জ হয়ে চলাচল করছে না। পদ্মা সেতু হয়ে ঢাকাগামী বাসের নতুন টিকিট বিক্রিও বন্ধ রাখা হয়েছে। এতে জরুরি প্রয়োজনে ঢাকাগামী যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন।
খুলনা ইমাদ পরিবহনের ব্যবস্থাপক মো. জাকির হোসেন বলেন, যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে বিকেল ৫টা থেকে পদ্মা সেতু হয়ে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে।
খুলনা টুঙ্গিপাড়া এক্সপ্রেসের ব্যবস্থাপক মো. আব্দুল কাদের জানান, শনিবার সকাল থেকে তাঁদের বাস চলাচল করলেও সন্ধ্যার পর পরিস্থিতি বিবেচনায় তা সীমিত করা হয়েছে।
এর আগে গত ১৮ নভেম্বর দুপুরের পর গোপালগঞ্জের বিভিন্ন স্থানে বাস ভাঙচুর ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় যাত্রী ও যানবাহনের নিরাপত্তার স্বার্থে এ পথে বাস চলাচল বন্ধ রেখেছিলেন পরিবহন মালিকরা।
সানা/আপ্র/২৯/১১/২০২৬