মোঃ আকরাম হোসেন: টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দেওপাড়া ইউনিয়নে খাবারের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে অচেতন করে চুরির অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। এ কৌশলে চুরির সময় চক্রটির এক সদস্যকে আটক করে গণধোলাইয়ের পর পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তি ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে রাতের আঁধারে কিংবা সুযোগ বুঝে বিভিন্ন বাড়িতে খাদ্যদ্রব্যের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে দেওয়ার কৌশল অবলম্বন করত বলে অভিযোগ রয়েছে। গৃহবাসীরা ওই খাবার খেয়ে অচেতন বা সংজ্ঞাহীন হয়ে পড়লে সুযোগ বুঝে নগদ টাকা ও মূল্যবান মালামাল নিয়ে পালিয়ে যেত চক্রটি।
ঘটনার দিন দেওপাড়া এলাকায় ওই ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে তাকে আটক করে জনতা। একপর্যায়ে তাকে স্থানীয় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে নিয়ে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর তাকে ঘাটাইল থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
ঘটনাটি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারা এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। একই সঙ্গে কথিত চক্রটির অন্যান্য সদস্যকে শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।
ঘাটাইল থানা পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। পাশাপাশি চক্রটির মূল হোতা ও অন্যান্য পলাতক সদস্যদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।
সানা/আপ্র/২৮/৯/২০২৬