গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

মেনু

মাস্কের ১০ লাখ স্যাটেলাইটে রাতের আকাশ হারানোর শঙ্কা

প্রযুক্তি ডেস্ক

প্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ১৯:৫৪ পিএম, ২৮ নভেম্বর ২০২৬ | আপডেট: ২১:৪২ এএম ২০২৬
মাস্কের ১০ লাখ স্যাটেলাইটে রাতের আকাশ হারানোর শঙ্কা
ছবি

এত বড় আকারের স্যাটেলাইট নেটওয়ার্কের ক্ষেত্রে সংঘর্ষের ঝুঁকি ও মহাকাশ বর্জ্য নিয়ে উদ্বেগ তৈরি হবে -ছবি নাসা

পৃথিবীর কক্ষপথে কৃত্রিম উপগ্রহের সংখ্যা নজিরবিহীনভাবে বাড়ানোর পরিকল্পনা নিয়েছে ইলন মাস্কের মহাকাশ গবেষণা ও প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্স। কক্ষপথে কৃত্রিম বুদ্ধিমত্তা পরিচালনার উপযোগী তথ্যকেন্দ্র গড়ে তুলতে প্রতিষ্ঠানটিকে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্রের ফেডারেল যোগাযোগ কমিশন। এ প্রকল্প বাস্তবায়িত হলে মহাকাশে স্যাটেলাইটের আধিক্য, সংঘর্ষ, মহাকাশ বর্জ্য এবং জ্যোতির্বৈজ্ঞানিক গবেষণায় বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষজ্ঞদের উদ্বেগ, একসময় রাতের আকাশে তারা ও ছায়াপথের স্বাভাবিক দৃশ্যও মানুষের নাগালের বাইরে চলে যেতে পারে।

বুধবার (২৫ নভেম্বর) যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রক সংস্থাটি স্পেসএক্সকে ‘স্টারমাইন্ড’ প্রকল্পের আওতায় ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের অনুমোদন দেয়। বর্তমানে পৃথিবীর কক্ষপথে সক্রিয় থাকা মোট স্যাটেলাইটের সংখ্যার তুলনায় অনুমোদিত এ সংখ্যা প্রায় ৬০ গুণ। ব্রিটিশ সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, এটি মহাকাশ অবকাঠামো নির্মাণের ইতিহাসে অন্যতম উচ্চাভিলাষী পরিকল্পনা। স্পেসএক্সের বর্তমান প্রায় ১১ হাজার স্যাটেলাইটের স্টারলিংক নেটওয়ার্কও এর তুলনায় অনেক ছোট।

মাস্ক প্রকল্পটিকে ‘সেন্টিয়েন্ট সান’ হিসেবে বর্ণনা করেছেন। পরিকল্পনা অনুযায়ী, সূর্যের আলো থেকে সৌরবিদ্যুৎ সংগ্রহ করে কক্ষপথে স্থাপিত তথ্যকেন্দ্রগুলো পরিচালনা করা হবে। এসব তথ্যকেন্দ্রে কৃত্রিম বুদ্ধিমত্তা পরিচালনার জন্য প্রয়োজনীয় বিপুল গণনাক্ষমতা তৈরি করা হবে। মাস্কের যুক্তি, পৃথিবীর বিদ্যুৎ ও জ্বালানিসংক্রান্ত সীমাবদ্ধতা বিবেচনায় ভবিষ্যতের কৃত্রিম বুদ্ধিমত্তার চাহিদা পূরণে মহাকাশভিত্তিক তথ্যকেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

ফেডারেল যোগাযোগ কমিশনের চেয়ারম্যান ব্রেন্ডন কার এ উদ্যোগকে কম্পিউটিং অবকাঠামোর নতুন সম্ভাবনা হিসেবে অভিহিত করেছেন। অনুমোদনের পর মাস্কও প্রকল্পটিকে যুক্তরাষ্ট্র ও বিশ্বের জন্য বড় সম্পদ হিসেবে উল্লেখ করেছেন। তবে প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান অ্যামাজন এ পরিকল্পনাকে বাস্তবসম্মত সম্ভাবনার তুলনায় অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষী বলে মন্তব্য করেছে।

মহাকাশে তথ্যকেন্দ্র স্থাপনের পরিকল্পনায় অবশ্য শুধু স্পেসএক্স নয়, আরো কয়েকটি প্রতিষ্ঠান কাজ করছে। এনভিডিয়ার সমর্থনপুষ্ট স্টারক্লাউড, জেফ বেজোসের ব্লু অরিজিন, গুগলের প্রজেক্ট সানক্যাচার এবং চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান বাইডুও কক্ষপথে তথ্যকেন্দ্রভিত্তিক স্যাটেলাইট নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা করছে। এফসিসির নির্ধারিত ২০৪০ সালের সময়সীমার মধ্যে স্পেসএক্স পূর্ণ সক্ষমতায় পৌঁছালে এবং প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানগুলোও পরিকল্পনা বাস্তবায়ন করলে মহাকাশের মোট স্যাটেলাইটের ৮০ শতাংশের বেশি স্পেসএক্সের নিয়ন্ত্রণে চলে যেতে পারে।

তবে এত বিপুলসংখ্যক স্যাটেলাইট উৎক্ষেপণ সহজ হবে না। বর্তমানে স্পেসএক্সের প্রধান উৎক্ষেপণব্যবস্থা ফ্যালকন-৯ রকেট। এই রকেটের সাহায্যে নির্ধারিত সময়ের মধ্যে ১০ লাখ স্যাটেলাইট কক্ষপথে পাঠানো আর্থিক ও বাস্তবিক দিক থেকে অসম্ভব বলে মনে করা হচ্ছে। এ লক্ষ্য অর্জনে প্রতিষ্ঠানটির পরবর্তী প্রজন্মের স্টারশিপ রকেটের পূর্ণাঙ্গ উন্নয়ন প্রয়োজন। আট বছর ধরে উন্নয়নকাজ চললেও বিশ্বের বৃহত্তম এই রকেট এখন পর্যন্ত মাত্র দুবার কক্ষপথে পৌঁছাতে পেরেছে।

প্রকল্পটির অর্থনৈতিক ও প্রকৌশলগত বাস্তবতা নিয়েও প্রশ্ন রয়েছে। আন্তর্জাতিক আইনি পরামর্শক প্রতিষ্ঠান সিমন্স অ্যান্ড সিমন্সের বৈশ্বিক তথ্যকেন্দ্র ও ডিজিটাল অবকাঠামো বিভাগের যৌথ প্রধান ব্যারি গ্রস বলেছেন, কক্ষপথে তথ্যকেন্দ্র স্থাপন এখন গুরুত্বপূর্ণ বাণিজ্যিক প্রস্তাব হিসেবে বিবেচিত হচ্ছে। তবে পৃথিবীর বিদ্যুৎ ও পরিকল্পনাগত সীমাবদ্ধতা এড়ানো গেলেও মহাকাশে শীতলীকরণ, যোগাযোগ, রক্ষণাবেক্ষণ, নির্ভরযোগ্যতা ও ব্যয় নিয়ন্ত্রণের মতো জটিলতা রয়েছে। এ ছাড়া নতুন ধরনের আইনি ও নিয়ন্ত্রক দায়বদ্ধতাও মোকাবিলা করতে হবে। তাঁর মতে, এফসিসির অনুমোদন মূলত একটি ধারণা পরীক্ষার সুযোগ দিয়েছে, প্রযুক্তি কিংবা এর অর্থনৈতিক কার্যকারিতার নিশ্চয়তা দেয়নি।

সবচেয়ে বড় উদ্বেগের জায়গা মহাকাশের নিরাপত্তা ও পরিবেশ। এত বিপুলসংখ্যক স্যাটেলাইট কক্ষপথে স্থাপন করা হলে একটির সঙ্গে অন্যটির সংঘর্ষের আশঙ্কা বাড়বে। স্পেসএক্সের আবেদনের বিরোধিতা করে আমেরিকান অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি সতর্ক করেছে, এ প্রকল্প মহাকাশে সংঘর্ষ এড়ানোর ব্যবস্থাপনার ওপর নজিরবিহীন চাপ সৃষ্টি করবে। ৭৫ মিটার প্রশস্ত একটি স্যাটেলাইটের সঙ্গে অন্য কোনো বস্তুর সংঘর্ষ ঘটলে তা ধারাবাহিক সংঘর্ষের সূত্রপাত ঘটাতে পারে। এ ধরনের পরিস্থিতি ‘কেসলার সিনড্রোম’ নামে পরিচিত। এতে কক্ষপথে বিপুল পরিমাণ ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়তে পারে, যা ভবিষ্যতে রকেট উৎক্ষেপণ ও মহাকাশ অভিযানকে কয়েক দশকের জন্য ঝুঁকির মুখে ফেলতে পারে।

জ্যোতির্বৈজ্ঞানিক গবেষণা ও মানুষের রাতের আকাশ উপভোগের সুযোগ নিয়েও উদ্বেগ জানিয়েছে সংগঠনটি। এফসিসির অনুমোদনে হতাশা প্রকাশ করে তারা বলেছে, এত বিপুলসংখ্যক স্যাটেলাইট মহাকাশ পর্যবেক্ষণ ও গবেষণায় বড় বাধা সৃষ্টি করতে পারে।

সূক্ষ্ম প্রকৌশল সরঞ্জাম সরবরাহকারী প্রতিষ্ঠান অ্যাকু কম্পোনেন্টসের সাম্প্রতিক এক বিশ্লেষণে দেখা গেছে, যুক্তরাজ্যের অধিকাংশ শহরের আকাশে দৃশ্যমান তারার তুলনায় স্যাটেলাইটের সংখ্যা বেশি। স্টারমাইন্ডের ১০ লাখ স্যাটেলাইট কক্ষপথে পৌঁছালে খালি চোখে তারা দেখা কার্যত অসম্ভব হয়ে পড়তে পারে। প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক গ্যাস্পার বাকোস সতর্ক করে বলেছেন, এর ফলে মানুষ রাতের আকাশ, তারাপুঞ্জ ও ছায়াপথের স্বাভাবিক দৃশ্য হারিয়ে ফেলতে পারে। ফলে প্রযুক্তিগত অগ্রগতির পাশাপাশি মহাকাশের পরিবেশ, বৈজ্ঞানিক গবেষণা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য রাতের আকাশ সংরক্ষণের বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনার দাবি রাখে।
সানা/আপ্র/২৮/১১/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

প্রথমবার ধরা পড়ল মৃতপ্রায় তারার শেষ পারমাণবিক স্পন্দন
২৭ নভেম্বর ২০২৬

প্রথমবার ধরা পড়ল মৃতপ্রায় তারার শেষ পারমাণবিক স্পন্দন

সূর্যের মতো তারার মৃত্যু যে পুরোপুরি নিঃশব্দে ঘটে না, তার প্রথম প্রত্যক্ষ প্রমাণ পেয়েছেন জ্যোতির্বিজ...

ট্রাম্পের চাপে প্রধান নির্বাহীর পদে ফিরলেন জেনসেন হুয়াং
২৪ নভেম্বর ২০২৬

ট্রাম্পের চাপে প্রধান নির্বাহীর পদে ফিরলেন জেনসেন হুয়াং

চীনের সন্দেহভাজন এক গুপ্তচরের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগে পদত্যাগের দুই সপ্তাহেরও কম সময়ের...

রাতের আকাশে তারার চেয়ে বাড়ছে স্যাটেলাইট
২৩ নভেম্বর ২০২৬

রাতের আকাশে তারার চেয়ে বাড়ছে স্যাটেলাইট

যুক্তরাজ্যের অধিকাংশ শহরের রাতের আকাশে খালি চোখে দেখা যায় এমন তারার তুলনায় স্যাটেলাইটের সংখ্যা বেশি।...

অ্যান্ড্রোমিডায় একীভূত হলো দুই তারা, বিরল দৃশ্যের সাক্ষী বিজ্ঞানীরা
২১ নভেম্বর ২০২৬

অ্যান্ড্রোমিডায় একীভূত হলো দুই তারা, বিরল দৃশ্যের সাক্ষী বিজ্ঞানীরা

মহাকাশে দুটি নক্ষত্রের একীভূত হয়ে একটি নক্ষত্রে পরিণত হওয়ার বিরল ঘটনা প্রথমবারের মতো শুরু থেকে শেষ প...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৫ আগস্টের পর দুর্নীতি-চাঁদাবাজি বেড়েছে: শফিকুর রহমান

২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের পর অনেকে রাতারাতি বদলে গেছেন বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি অভিযোগ করেছেন, দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস, মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও দখলবাজি আগের চেয়ে আরও বেশি গতিতে চলছে। একটি রাজনৈতিক পক্ষ এসব কর্মকাণ্ড থেকে বেরিয়ে আসতে পারছে না বলেও মন্তব্য করেন তিনি। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন জামায়াতের আমির সঠিক বলেছেন?

মোট ভোট: ০ | শেষ আপডেট: 20 ঘন্টা আগে