বাংলাদেশে চীন ও ভারতের যে পরিমাণ আগ্রহ রয়েছে, যুক্তরাষ্ট্রের ততটা নেই বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ক্যারল ক্রিস্টাইন ফেয়ার। তাঁর মতে, বাংলাদেশকে ঘিরে বড় শক্তিগুলোর স্বার্থের মধ্যে ভারসাম্যহীনতা রয়েছে।
শনিবার (৩ অক্টোবর) রাজধানীতে পঞ্চম বে অব বেঙ্গল কনভারসেশনের একটি অধিবেশনে প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানের আয়োজক সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের তথ্য অনুযায়ী, অধিবেশনে ক্যারল ক্রিস্টাইন ফেয়ারসহ বিভিন্ন দেশের কূটনীতিক ও নিরাপত্তা বিশ্লেষকেরা অংশ নেন।
অধ্যাপক ক্যারল ক্রিস্টাইন ফেয়ার বলেন, বাংলাদেশ নিয়ে চীন বা ভারতের যতটা আগ্রহ আছে, যুক্তরাষ্ট্রের ঠিক ততটা নেই। এর কারণ তাদের নিজেদের মধ্যকার প্রতিযোগিতা। বাংলাদেশে বিনিয়োগ করার মতো চীনের কাছে যে পরিমাণ সম্পদ আছে, যুক্তরাষ্ট্রের কাছে তা নেই।
তিনি বলেন, বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে প্রতিযোগিতা চলছে-এমন একটি ধারণা দেশে প্রচলিত আছে। তবে তিনি এ ধরনের কোনো প্রতিযোগিতা দেখছেন না। বরং তাঁর কাছে মনে হচ্ছে, এই প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্র সম্পূর্ণভাবে হাল ছেড়ে দিয়েছে।
চীনের সঙ্গে সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে থামাতে পারবে কি না-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তাঁর মনে হয় না যুক্তরাষ্ট্র বাংলাদেশকে থামাতে পারবে। কারণ, বাংলাদেশ ইতোমধ্যে এমনটাই করবে বলে জানিয়েছে, যা তার নিজের স্বার্থের জন্য সবচেয়ে ভালো।
অধিবেশনে মক্কা চুক্তিতে বাংলাদেশের যুক্ততার বিষয়ে জানতে চাইলে বাংলাদেশে তুরস্কের সাবেক রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান বলেন, এ বিষয়ে বাংলাদেশের আগ্রহ রয়েছে বলে তিনি মনে করেন। তবে তিনি এখন তুরস্ক সরকারের হয়ে কাজ করেন না; তিনি একজন অবসরপ্রাপ্ত রাষ্ট্রদূত। তাই প্রতিরক্ষা চুক্তির বিষয়ে বাংলাদেশ বা তুরস্ক কী করবে, সে বিষয়ে মন্তব্য করতে চান না বলে জানান।
সানা/ডিসি/আপ্র/৩/১০/২০২৬