বিশ্বজুড়ে হৃদরোগ ও স্ট্রোকে মৃত্যুর অন্যতম প্রধান কারণ রক্তে ক্ষতিকর কোলেস্টেরলের আধিক্য। এ সমস্যা মোকাবিলায় নতুন সম্ভাবনার কথা জানিয়েছে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টির গবেষণায় দাবি করা হয়েছে, বছরে মাত্র দুবার একটি বিশেষ ওষুধের ইনজেকশন নিলে হৃদরোগ ও স্ট্রোকে মৃত্যুর ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও চলতি বছর প্রকাশিত বৈশ্বিক রোগের বোঝা-সংক্রান্ত গবেষণার তথ্য অনুযায়ী, অতিরিক্ত ক্ষতিকর কোলেস্টেরলের কারণে প্রতিবছর বিশ্বে প্রায় ৩৬ লাখ মানুষের মৃত্যু হয়। বিশ্বের মোট মৃত্যুর প্রায় ছয় শতাংশের পেছনে রয়েছে এই কোলেস্টেরলজনিত হৃদরোগ ও স্ট্রোক।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য বলছে, বিশ্বের প্রাপ্তবয়স্ক মানুষের প্রায় ৩৯ শতাংশের রক্তে কোলেস্টেরলের মাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি। নারীদের ক্ষেত্রে এ হার ৪০ শতাংশ এবং পুরুষদের ক্ষেত্রে ৩৭ শতাংশ।
বাংলাদেশেও পরিস্থিতি উদ্বেগজনক। সাম্প্রতিক জাতীয় জরিপ ও গবেষণা অনুযায়ী, দেশের প্রাপ্তবয়স্ক জনসংখ্যার প্রায় ৭৬ থেকে ৮০ শতাংশের রক্তে কোনো না কোনো ধরনের কোলেস্টেরল বা ট্রাইগ্লিসারাইডের মাত্রা অস্বাভাবিক। তবে এ সমস্যা বাইরে থেকে সহজে বোঝার উপায় নেই। আপাতদৃষ্টিতে সুস্থ মানুষের রক্তনালির দেয়ালেও চর্বি জমতে পারে, যা সময়ের সঙ্গে হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি বাড়ায়।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় জানিয়েছে, ইনক্লিসিরান নামের ওষুধটি যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের ১৬ হাজার ১২৪ জন হৃদরোগীর ওপর পরীক্ষা করা হয়েছে। গবেষণায় অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন ৪০ বছর বা তার বেশি বয়সী পুরুষ এবং ৫৫ বছর বা তার বেশি বয়সী নারী। ওষুধটি বছরে দুইবার ইনজেকশন হিসেবে প্রয়োগের পদ্ধতি নিয়ে গবেষণায় আশাব্যঞ্জক ফল পাওয়ার কথা জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্রের বায়োফার্মাসিউটিক্যাল প্রতিষ্ঠান অ্যালনিলাম ফার্মাসিউটিক্যালস ইনক্লিসিরানের মূল প্রযুক্তি ও অণু উদ্ভাবন করে। পরে সুইজারল্যান্ডের ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান নোভার্টিস ‘লেকভিও’ ব্র্যান্ড নামে ওষুধটি উৎপাদন ও বিশ্ববাজারে বিপণন করছে।
বিশেষজ্ঞদের মতে, বংশগতভাবে উচ্চ কোলেস্টেরলে আক্রান্ত ব্যক্তি এবং আগে হৃদরোগে আক্রান্ত রোগীরা এ চিকিৎসা থেকে উপকৃত হতে পারেন। যাদের আগে মস্তিষ্কে রক্তক্ষরণ বা রক্তপ্রবাহে বাধাজনিত স্ট্রোক হয়েছে কিংবা ভবিষ্যতে স্ট্রোকের উচ্চ ঝুঁকি রয়েছে, তাদের ক্ষেত্রেও চিকিৎসাটি বিবেচনা করা যেতে পারে।
তবে চিকিৎসকের পরামর্শ ছাড়া এ ইনজেকশন নেওয়ার সুযোগ নেই। রোগীর শারীরিক অবস্থা, রোগের ইতিহাস ও ঝুঁকি বিবেচনা করে বিশেষজ্ঞ চিকিৎসকই এ চিকিৎসার প্রয়োজনীয়তা নির্ধারণ করবেন।
সানা/আপ্র/৩০/১১/২০২৭