নাশকতামূলক কর্মকাণ্ডে অর্থায়নের অভিযোগে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (২৯ নভেম্বর) রাত ৯টা ১১ মিনিটে রাজধানীর গুলশান-২-এর ১১৩ নম্বর সড়কের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ডিবির গুলশান বিভাগের উপপুলিশ কমিশনার আ ফ ম আনোয়ার হোসেন খান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেফতারের পর স্বপন ভট্টাচার্যকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও জানান তিনি।
পুলিশের দাবি, চলমান নাশকতামূলক কর্মকাণ্ডে অর্থায়নের সঙ্গে স্বপন ভট্টাচার্যের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। এ অভিযোগের ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশও এক খুদে বার্তায় নাশকতায় অর্থায়নের অভিযোগে তার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে।
স্বপন ভট্টাচার্যের স্থায়ী বাড়ি যশোরের মনিরামপুর উপজেলার পাড়ালা গ্রামে। তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৫ আসন থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। এর আগে ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনেও একই আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
পরবর্তী সময়ে তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
তিনি সাবেক সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করলেও তার বিরুদ্ধে আনা নাশকতায় অর্থায়নের অভিযোগের বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।
সানা/আপ্র/৩০/১১/২০২৭