স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) ধারাবাহিক সংলাপের দ্বিতীয় দিনে সোমবার (৩০ নভেম্বর) অংশ নিচ্ছে না ক্ষমতাসীন দল বিএনপি। দলটি আলাদাভাবে সংলাপে বসার জন্য নির্বাচন কমিশনের কাছে নতুন সময় চেয়েছে। পরবর্তী সময়ে সময় নির্ধারণ করা হলে বিএনপি সংলাপে অংশ নেবে।
রোববার (২৯ নভেম্বর) রাতে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান। তিনি বলেন, সোমবার নির্বাচন কমিশনের সঙ্গে বিএনপির সংলাপে অংশ নেওয়ার কথা থাকলেও তা হচ্ছে না। বিষয়টি ইসিকে জানানো হয়েছে। পরে নতুন সময় নির্ধারণ করে জানানো হলে বিএনপি সেদিন সংলাপে অংশ নেবে।
নির্বাচন কমিশন সচিবালয়ের একজন কর্মকর্তাও সোমবারের নির্ধারিত সংলাপে বিএনপির অংশ না নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী সকাল সাড়ে ১০টা থেকে অন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময় চলবে।
সোমবার বিএনপিসহ ১৮টি দলের সঙ্গে সংলাপের সূচি ছিল নির্বাচন কমিশনের। বিএনপি অংশ না নিলেও বাকি দলগুলোর সঙ্গে নির্ধারিত কর্মসূচি অব্যাহত থাকবে।
এদিন যেসব দলের সঙ্গে ইসির সংলাপ হওয়ার কথা রয়েছে, সেগুলো হলো- গণফ্রন্ট, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (বাংলাদেশ ন্যাপ), বাংলাদেশ জাতীয় পার্টি, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, বাংলাদেশ কল্যাণ পার্টি, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ খেলাফত মজলিশ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, খেলাফত মজলিস, বাংলাদেশ মুসলিম লীগ, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন, বাংলাদেশ কংগ্রেস ও তৃণমূল বিএনপি।
এসব দলের মধ্যে বাংলাদেশ খেলাফত মজলিশ, জাগপা ও খেলাফত মজলিস ১১ দলীয় ঐক্যের শরিক।
এর আগে রোববার সংলাপের প্রথম দিনে জামায়াতে ইসলামী ও তাদের নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের শরিক এলডিপি অংশ নেয়নি। বিরোধী দলও জোটের শরিকদের নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে পৃথকভাবে সংলাপে বসতে চায়। এদিন জাতীয় পার্টিও ইসির সংলাপে অংশ নেয়নি।
সংলাপের তৃতীয় দিন মঙ্গলবার (১ ডিসেম্বর) জাতীয় নাগরিক পার্টিসহ আরো ১৮টি রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময়ের সূচি রয়েছে নির্বাচন কমিশনের।
সানা/আপ্র/৩০/১১/২০২৭