বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন গীতিকার ও লেখক লতিফুল ইসলাম শিবলী। এক বছরের চুক্তিতে তাকে এ দায়িত্ব দিয়ে রোববার (২৯ নভেম্বর) প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছরের জন্য তাকে গ্রেড-১ পদমর্যাদায় নিয়োগ দেওয়া হয়েছে। দায়িত্বের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে।
এর আগে শিল্পকলা একাডেমির মহাপরিচালকের দায়িত্বে ছিলেন আশির দশকের আলোচিত কবি রেজাউদ্দিন স্টালিন। গত ২১ সেপ্টেম্বর তার মেয়াদ শেষ হয়। এরপর সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহা. হারুন-অর-রশীদকে একাডেমির মহাপরিচালকের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছিল।
নতুন দায়িত্ব পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক প্রতিক্রিয়ায় লতিফুল ইসলাম শিবলী সরকারকে ধন্যবাদ জানিয়ে লেখেন, ‘আমার ওপর বিশ্বাস এবং আস্থা রাখার জন্য সরকারকে ধন্যবাদ।’
নব্বইয়ের দশকে ব্যান্ড সংগীতের গীতিকবি হিসেবে শিবলীর কর্মজীবন শুরু। তার লেখা ও সুর করা উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে ‘জেল থেকে বলছি’, ‘তুমি আমার প্রথম সকাল’, ‘কষ্ট পেতে ভালোবাসি’, ‘রংধনু হয়ে যাই’, ‘প্রেমিক মেয়র’ ও ‘পায়ের আওয়াজ শুনি’।
ব্যান্ড সংগীত নিয়ে ১৯৯৭ সালে প্রকাশিত হয় তার প্রবন্ধগ্রন্থ ‘বাংলাদেশে ব্যান্ড সংগীত আন্দোলন’। গীতিকার ও লেখক পরিচয়ের পাশাপাশি অভিনেতা ও নাট্যকার হিসেবেও পরিচিত তিনি। তার লেখা নাটক ‘তোমার চোখে দেখি’ দর্শকমহলে প্রশংসিত হয়েছে। নিজের লেখা নাটক ‘রাজকুমারী’তে মির্জা গালিবের চরিত্রেও অভিনয় করেছেন তিনি।
এর আগে অন্তর্বর্তী সরকারের সময়ে ২০২৪ সালের ২২ সেপ্টেম্বর দুই বছরের চুক্তিতে কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছিলেন শিবলী। গত সেপ্টেম্বরে সেই চুক্তির মেয়াদ শেষ হয়।
সানা/আপ্র/৩০/১১/২০২৭