ঢাকায় গত চার দিনে ৪১ জনকে ‘চাঁদাবাজ’ হিসেবে গ্রেফতারের তথ্য জানিয়েছে পুলিশ। তবে গ্রেফতার ব্যক্তিদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।
সম্প্রতি রাজধানীতে একের পর এক হামলা, ভাঙচুর ও সশস্ত্র হামলার ঘটনায় চাঁদাবাজি ও দখলের বিষয়টি সামনে আসার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চাঁদাবাজদের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান শুরু করে।
গত ২৪ সেপ্টেম্বর গভীর রাতে মিরপুরের বেসরকারি স্বাস্থ্যকেন্দ্র রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে কয়েকশ লোক হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়।
এর পরের দুই দিনে রাজধানীর আরো কয়েকটি এলাকায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। মোহাম্মদপুর বেড়িবাঁধের পশ্চিম পাশে চাঁদ উদ্যানের ‘রোজ ভিলা’সংলগ্ন জমিতে থাকা একটি কার্যালয়ে হামলা ও ভাঙচুর করা হয়। একই সময়ে আদাবরের শেখেরটেক এলাকায় একটি বাড়িতে হামলা এবং ক্যান্টনমেন্টের মানিকদী এলাকায় ‘নিউ গিনি প্রোপার্টিজ লিমিটেডে’ সশস্ত্র হামলার ঘটনাও ঘটে।
একের পর এক এসব ঘটনার নেপথ্যে চাঁদাবাজি ও জমি দখলের বিষয়টি সামনে আসায় প্রশাসন তৎপর হয়ে ওঠে। পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তালিকা করে চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযান চালানোর কথা জানায়।
এরই ধারাবাহিকতায় চার দিনে ৪১ জনকে চাঁদাবাজির অভিযোগে গ্রেফতারের তথ্য দিলো ঢাকা মহানগর পুলিশ। তবে তাদের বিরুদ্ধে কোন কোন ঘটনায় কী ধরনের অভিযোগ রয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানানো হয়নি।
সানা/আপ্র/৬/১০/২০২৬