গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

মেনু

নির্যাতিত শ্রমজীবীকে শোষণের বিরুদ্ধে বিদ্রোহ করেছেন কবি নজরুল

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২০:৩০ পিএম, ২৭ নভেম্বর ২০২৬ | আপডেট: ০০:৩৯ এএম ২০২৬
নির্যাতিত শ্রমজীবীকে শোষণের বিরুদ্ধে বিদ্রোহ করেছেন কবি নজরুল
ছবি

ছবি সংগৃহীত

বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম ১৯২১ সালের ডিসেম্বর মাসের শেষ সপ্তাহের কোনো এক রাতে ‘বিদ্রোহী’ কবিতা লিখে পরের দিন সৈনিক কবি বা হাবিলদার কবি হয়ে গেলেন। তার বিদ্রোহ নিয়ে নানা রকম গবেষণা হয়েছে, হচ্ছে এবং ভবিষ্যতেও হবে। তার এ বিদ্রোহ দখলদার অত্যাচারী ব্রিটিশ শাসকের বিরুদ্ধে ধরে নেওয়া হলেও বিস্তারিত অর্থে তিনি শুধু পরাধীনতার বিরুদ্ধেই বিদ্রোহ করেননি; বিদ্রোহ করেছেন কুসংস্কারের বিরুদ্ধে, হিন্দু সমাজের জাতপাতের বিরুদ্ধে, কূপমণ্ডূক মুসলমান সমাজের বিরুদ্ধে, এ দেশের নির্যাতিত শ্রমজীবী মানুষের শোষণের বিরুদ্ধে। সর্বোপরি তিনি বিদ্রোহ করেছেন প্রচলিত বাংলা সাহিত্যের বিরুদ্ধে- যে সাহিত্য ছিল তৎকালীন সময়ে রবীন্দ্র প্রভাবিত প্রকৃতির রূপায়ণ, আধ্যাত্মিকতা ও জীবনদর্শন। এ বিষয় নিয়েই এবারের সাহিত্য পাতার প্রধান রচনা

মধ্যগগনে রৌদ্রকরোজ্জ্বল রবির এমন প্রভাবে দিনের বেলায় ধুমকেতুর মতো আবির্ভাব হলেন নজরুল। নাড়া দিলেন গোটা সাহিত্য সমাজকে। প্রচলিত রীতিনীতির বিরদ্ধে বিদ্রোহ ঘোষণা করে ‘আমি পরশুরামের কঠোর কুঠার,/নিঃক্ষত্রিয় করিব বিশ্ব, আনিব শান্তি শান্ত উদার!’ বহুমাত্রিক অর্থের এই দু’টি লাইন শুধু ব্রিটিশ নয় যারা ক্ষত্রিয়ের ভাব ধরে সমাজের বিভিন্ন স্তরকে শাসন ও শোষণ করছে তাদের সকলের জন্যই প্রযোজ্য। এটি সাহিত্যের ক্ষত্রিয়দের জন্যও প্রযোজ্য। রবীন্দ্রনাথ নজরুল প্রতিভার মাহিমা উপলব্ধি করতে পেরেই ১৯২২ সালে কবি সত্যেন্দ্রনাথ দত্তের শোকসভায় দর্শকসারি থেকে চালচুলোহীন নজরুলকে বসালেন নিজের পাশে দিলেন কবি স্বীকৃতি। আলীপুর সেন্ট্রাল জেলে থাকাকালীন ১৯২৩ সালের ২২ ফেব্রুয়ারি রবীন্দ্রনাথ ঠাকুর তার সদ্য প্রকাশিত ‘বসন্ত’ গীতিনাটিকা নজরুলকে উৎসর্গ করেন। কাজী নজরুল ইসলামই একমাত্র ব্যক্তি যাকে রবীন্দ্রনাথ ঠাকুর তার আত্মীয়, পরিবারের সদস্য, পরিষদের বলয়ের বাইরে কোনো গ্রন্থ উৎসর্গ করেন।

নজরুলের সাহিত্যচেতনার বৃহত্তর পরিসরে ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে মানুষের মুক্তি, সাম্য, মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা প্রধান হয়ে উঠেছে। অন্যদিকে ‘ঝিলিমিলি’ ও ‘আলেয়া’র মতো নাটক এবং বিভিন্ন প্রতিবাদী প্রবন্ধে তিনি সামাজিক অসাম্য, কুসংস্কার ও শোষণের বিরুদ্ধে কণ্ঠ উচ্চ করেছেন। ফলে তার সাহিত্য কেবল ধর্মীয় অনুভূতির প্রকাশ নয়; বরং সমাজসংস্কার, মানবমুক্তি ও নিপীড়িত মানুষের জাগরণের এক শক্তিশালী সৃজনশীল মাধ্যম হিসেবেও প্রতিষ্ঠিত। শোষিত, দরিদ্র ও নিপীড়িত মানুষের জীবনসংগ্রাম, বঞ্চনা ও সামাজিক বাস্তবতা তার ‘মৃত্যুক্ষুধা’, ‘কুহেলিকা’ ও ‘বাঁধনহারা’র মতো উপন্যাসে প্রতিফলিত হয়েছে।

কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি নামে সমধিক পরিচিত হলেও তার সৃষ্টির পরিধি ছিল এক বিশাল আকাশ। সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে অনবদ্য অবদানের জন্য তাকে সাম্যের কবি, মানবতার কবি, ধর্মীয় সম্প্রীতির কবি, প্রেমের কবি, বিরহের কবি, বিপ্লবের কবি, দ্রোহের কবি, তারুণ্যের কবি, যৌবনের কবি, যুগস্রষ্টা কবি কিংবা সর্বহারার কবির মতো নানা বিশেষণে বিশেষায়িত করা হয়। প্রকৃতপক্ষে, তিনি সমাজ ও রাষ্ট্রের শোষিত, বঞ্চিত, কৃষক ও শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে সবসময় উচ্চকিত ছিলেন। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হলো-শ্রমজীবী মানুষের অধিকার ও জাগরণের জন্য তিনি যে অসামান্য সব কবিতা ও গান রচনা করে গেছেন, সেই গৌরবময় দিকটি আমাদের আলোচনা ও মূল্যায়নে প্রায়ই উপেক্ষিত থেকে যায়।

১৭৯৩ সালের লর্ড কর্নওয়ালিসের চিরস্থায়ী বন্দোবস্তের কুফল বিশ শতকের শুরুতে আরও প্রকট হয়ে ওঠে। জমিদাররা জমির প্রকৃত মালিক বনে যান এবং কৃষকরা পরিণত হন রায়ত বা প্রজায়। নির্দিষ্ট সময়ে খাজনা দিতে না পারলে কৃষকদের ভিটেমাটি থেকে উচ্ছেদ করা হতো এবং তাদের ওপর অমানুষিক শারীরিক নির্যাতন চালানো হতো। অধিকাংশ বড় জমিদার গ্রামে থাকতেন না। তারা কলকাতা বা বড় শহরে বিলাসি জীবন-যাপন করতেন আর গ্রামে তাদের নায়েব-গোমস্তারা প্রজাদের ওপর খাজনা আদায়ের জন্য কৃষকদের উপর জুলুম করত। এ সময়ে জমিদার ও কৃষকদের মাঝে পত্তনিদার, দর-পত্তনিদার নামক অসংখ্য মধ্যস্বত্বভোগী শ্রেণির সৃষ্টি হয়। প্রত্যেকেই নিজের লাভের জন্য কৃষকদের ওপর অতিরিক্ত কর চাপাত।

ঔপনিবেশিক নীতি এবং জমিদারি শোষণের ফলে সমাজে এক বিশাল অর্থনৈতিক ও সামাজিক ব্যবধান তৈরি হয়। সমাজের এক মেরুতে ছিল মুষ্টিমেয় জমিদার, জোতদার ও মহাজন শ্রেণি, আর অন্য মেরুতে ছিল সর্বস্বান্ত কৃষক, মজুর ও বর্গাচাষী। খাজনা দেওয়া এবং জীবনধারণের জন্য কৃষকরা স্থানীয় মহাজনদের কাছ থেকে চড়া সুদে ঋণ নিতে বাধ্য হতো। এই ঋণের ফাঁদে পড়ে বংশানুক্রমিক দাসত্ব এবং জমি হারানোর ঘটনা ঘটত। বাংলার অধিকাংশ জমিদার ও মহাজন ছিলেন উচ্চবর্ণের হিন্দু এবং অধিকাংশ প্রান্তিক কৃষক ও চাষী ছিলেন মুসলমান ও নিম্নবর্ণের হিন্দু (নমঃশূদ্র)। ফলে এই অর্থনৈতিক শোষণ কালক্রমে একটি সাম্প্রদায়িক ও সামাজিক বৈষম্যের রূপ নেয়, যা পরবর্তীতে রাজনৈতিক দ্বন্দ্বে রূপান্তর লাভ করে।

ব্রিটিশ শাসন ও শোষণ এবং জমিদারদের আত্যাচার থেকে ভারতবর্ষকে স্বাধীন করার জন্য নজরুল ‘ধুমকেতু’ পত্রিকার প্রকাশ্যে স্বাধীনতার ঘোষণা দেন। এরপর জেল জীবন, অনশন, কারামুক্তি অবশেষে ঔপনিবেশিক শাসনব্যবস্থার বিরুদ্ধে রাজনৈতিক ও সামাজিক মুক্তির আকাঙ্ক্ষা থেকে ১৯২৫ সালের নভেম্বরে ভারতীয় জাতীয় কংগ্রেসের অভ্যন্তরে ‘শ্রমিক-প্রজা-স্বরাজ পার্টি’ গঠিত হয়। ১৯২৫ সালের ১ নভেম্বর প্রকাশিত পার্টির গঠনতন্ত্রে ভারতের পূর্ণ স্বাধীনতাকে অন্যতম প্রধান লক্ষ্য হিসেবে নির্ধারণ করা হয়। তবে এ স্বাধীনতাকে কেবল ঔপনিবেশিক শাসনের অবসানের মধ্যে সীমাবদ্ধ না রেখে নারী-পুরুষ নির্বিশেষে মানুষের অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক মুক্তির সঙ্গে সম্পৃক্ত করা হয়েছিল। এ লক্ষে প্রস্তুত করা হয় শোষণমুক্তির ইশতেহার। এই রাজনৈতিক আদর্শ ও কর্মসূচিকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে পার্টির মুখপত্র হিসেবে ১৬ ডিসেম্বর ১৯২৫ খ্রিষ্টাব্দে, ১৩৩২ বঙ্গাব্দের ১ পৌষ থেকে সাপ্তাহিক ‘লাঙল’ প্রকাশিত হতে শুরু করে। পরবর্তীকালে ‘লাঙল’ শ্রমজীবী ও নিপীড়িত মানুষের অধিকার, সাম্য এবং সামাজিক মুক্তির প্রশ্নকে বাংলা সাময়িকপত্রের জগতে বিশেষভাবে সামনে নিয়ে আসে।

নজরুল অনুধাবন করেছিলেন ব্রিটিশবিরোধী আন্দোলন সফল করতে হলে এদেশের শ্রমজীবী-কৃষক, শ্রমিক, জেলে, তাতি, মুটে, মজুর, কুলি এদের জাগরণ এবং অধিকার প্রতিষ্ঠা জরুরি। এ কারণে তিনি সারা দেশ চষে বেড়িয়ে শ্রমজীবী মানুষের জাগরণ ঘটাতে চেষ্টা করেছেন। লাঙ্গল পত্রিকায় প্রকাশিত হয় তার কৃষকের গান শ্রমিকের গান, জেলেদের গান (সর্বহারা গ্রন্থে নাম পরিবর্তন করে ধীবরের গান), সর্বহারা প্রভৃতি জাগরণী কবিতা/গান। তার কৃষকের গান, শ্রমিকের গান, ধীবরের গান, কুলি-মজুর কবিতার দিকে দৃষ্টিপাত করলে আমরা দেখতে পাই তার মানবমুক্তির আহ্বান। কৃষকের গানে তিনি-কৃষক-শ্রমজীবী মানুষের শোষণ, দারিদ্র্য ও বঞ্চনার বিরুদ্ধে জাগরণ এবং ঐক্যবদ্ধ প্রতিরোধের আহবান জানিয়েছেন। কবি দেখিয়েছেন, একসময় কৃষকের শ্রমে দেশ ছিল সমৃদ্ধ-গোলাভরা ধান ও মানুষের মুখে ছিল হাসি। কিন্তু ধনিক-বণিক, শোষক ও লুণ্ঠনকারীরা কৃষকের উৎপাদিত সম্পদ কেড়ে নিয়ে তাদের ক্ষুধা ও দারিদ্র্যের মধ্যে ঠেলে দিয়েছে। কবি আহ্বান জানিয়ে বলেন- “ওঠ্ রে চাষি জগদ্বাসী ধর কষে লাঙল।/আমরা মরতে আছি— ভালো করেই মরব এবার চল॥/মোদের উঠান-ভরা শস্য ছিল হাস্য-ভরা দেশ/ওই বৈশ্য দেশের দস্যু এসে লাঞ্ছনার নাই শেষ,।”

রাম-রাবণ, সীতা, মক্কা, কোরবানি ও এজিদের মতো ধর্মীয় ও পৌরাণিক প্রতীকের মাধ্যমে তিনি শোষণের বিরুদ্ধে কৃষকের সংগ্রামকে ন্যায়-অন্যায়ের বৃহত্তর লড়াই হিসেবে তুলে ধরেছেন। পরিশেষে কবি কৃষকদের ভয় ত্যাগ করে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এবং বিশ্বাস করেন যে, ক্ষুধা ও বঞ্চনার অভিজ্ঞতাই তাদের শক্তিতে পরিণত হবে। তাদের শ্রম ও ঐক্যের মাধ্যমে শোষণমুক্ত, ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত হতে পারে। কৃষকের শ্রমে যে সভ্যতা ও সম্পদ সৃষ্টি হয়, তার ওপর শোষকদের অধিকার নয়-কৃষককে জাগ্রত হয়ে ঐক্যবদ্ধ সংগ্রামের মাধ্যমে নিজের অধিকার ও ন্যায্য সমাজ প্রতিষ্ঠা করতে হবে।  কবিতার ভাষায়- “আজ জাগ রে কৃষাণ, সব তো গেছে, কীসের বা আর ভয়,/এই ক্ষুধার জোরেই করব এবার সুধার জগৎ জয়।/ওই বিশ্বজয়ী দস্যুরাজার হয়-কে করব নয়,/ ওরে দেখবে এবার সভ্যজগৎ চাষার কত বল॥”

কৃষ্ণনগরে নিখিল বঙ্গীয় প্রজা সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে উদ্বোধন সঙ্গীতরূপে নজরুল গেয়েছিলেন (২৩ মাঘ ১৩৩২: ১৮ মার্চ ১৯২৬) ‘শ্রমিকের গান’। এই কবিতায়/গান নজরুলের শ্রমজীবী মানুষের শোষণ, বঞ্চনা ও আত্মত্যাগের এক তীব্র প্রতিবাদী উচ্চারণ। কবি দেখিয়েছেন, শ্রমিকের শ্রমেই পাহাড় ভাঙে, খনি থেকে সম্পদ উঠে আসে, নগর-সভ্যতা গড়ে ওঠে এবং রাষ্ট্রের শক্তি সমৃদ্ধ হয়; অথচ সেই শ্রমিকরাই থেকে যায় দারিদ্র্য ও অবহেলার অন্ধকারে। ‘হাতুড়ি’ ও ‘শাবল’ এখানে শ্রমের পাশাপাশি প্রতিবাদ ও পরিবর্তনের প্রতীক। কবিতাজুড়ে শ্রমিকদের প্রতি শোষকদের নির্মম আচরণের বিরুদ্ধে ক্ষোভ ক্রমে বিদ্রোহের আহ্বানে রূপ নিয়েছে। তাই এটি শুধু শ্রমজীবী মানুষের দুর্দশার চিত্র নয়; বরং ঐক্য, আত্মমর্যাদা ও অন্যায়ের বিরুদ্ধে সংগ্রামের উদ্দীপ্ত কবিতা।

মাদারীপুরে অনুষ্ঠিত নিখিলবঙ্গীয় ও আসাম প্রদেশীয় মৎস্যজীবী সম্মিলনীর তৃতীয় অধিবেশনে ‘জেলেদের গান’ (‘সর্বহারা’ গ্রন্থে নাম পরিবর্তন ‘ধীবরের গান’) ছিল উদ্বোধনী সঙ্গীত (১১-১২ মার্চ ১৯২৬)। এ গানটি জেলে সম্প্রদায়ের জীবনসংগ্রাম, শোষণ-বঞ্চনা ও জাগরণের এক শক্তিশালী প্রতিচ্ছবি। বাংলা অঞ্চলে তখন সাত লক্ষ জেলের বাস ছিল। নদী-সমুদ্রের সঙ্গে লড়াই করে জীবিকা অর্জন করা জেলেদের কঠোর জীবন, দারিদ্র্য ও অত্যাচারের চিত্রের পাশাপাশি কবি তাদের মধ্যে ঐক্য ও আত্মমর্যাদার চেতনা জাগিয়ে তুলেছেন। জাল, দাঁড়, নৌকা ও সাগর এখানে শ্রমজীবী মানুষের সংগ্রামের প্রতীক; আর ‘উঠব রে সব ঠেলে’ হয়ে উঠেছে অধিকার প্রতিষ্ঠার দৃপ্ত অঙ্গীকার। পৌরাণিক উপমা ও সামুদ্রিক জীবনের চিত্রকল্পে গানটি পেয়েছে প্রাণময়তা ও মহাকাব্যিক আবহ।

‘চাষার গান’ কবিতায় নজরুল কৃষিজীবী মানুষের আত্মমর্যাদা, প্রতিবাদ ও সংগ্রামী চেতনা প্রবলভাবে তুলে ধরেছেন। কবি জমির মাটি ও ঘরের নারীর মর্যাদাকে সমান করে দেখিয়ে তাদের ওপর অন্যায় হস্তক্ষেপের বিরুদ্ধে প্রতিরোধের আহ্বান জানিয়েছেন। লাঙল, পাঁচনি (গরু তাড়ানোর ছোট লাঠি), গাইতি ও শাবল এখানে শুধু কৃষকের শ্রমের উপকরণ নয়, অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে প্রতিরোধের প্রতীক। জমিকে সীতার সাথে আর জোতদার মহাজনদের রাবণের সাথে তুলনা করে পৌরাণিক অনুষঙ্গ ব্যবহারের মাধ্যমে কবিতাটি পেয়েছে তীব্র আবেগ ও বীরত্বের আবহ সৃষ্টি করেছেন। শ্রমজীবী মানুষের নিজস্ব শক্তি ও ঐক্যের ওপর আস্থা রেখে কবি শোষণের বিরুদ্ধে দৃপ্ত প্রতিরোধ ও পুনর্জাগরণের বার্তা উচ্চারণ করেছেন। এ ছাড়া ‘সন্ধ্যা’ কাব্যগ্রন্থের ‘আমি গাই তারি গান’ এবং ‘জীবন বন্দনা’ কবিতায় বলেছেন শ্রমজীবী মানুষের জয় গান গেয়েছেন। তিনি বলেছেন- “গাহি তাহাদের গান-/ধরণির হাতে দিল যারা আনি ফসলের ফরমান।/শ্রম-কিণাঙ্ক-কঠিন যাদের নির্দয় মুঠি-তলে/ ত্রস্তা ধরণি নজরানা দেয় ডালি ভরে ফুলে ফলে।/বন্য-শ্বাপদ-সংকুল জরা-মৃত্যু-ভীষণা ধরা/যাদের শাসনে হল সুন্দর কুসুমিতা মনোহরা।”

পরিশেষে বলা যায়, কাজী নজরুল ইসলামের বিদ্রোহী সত্তার অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি ছিল তার গভীর মানবতাবাদ এবং শোষিত মানুষের প্রতি দায়বদ্ধতা। তার কাছে কৃষক, শ্রমিক, জেলে, মুটে, মজুর ও কুলি কেবল সমাজের প্রান্তিক জনগোষ্ঠী নয়, বরং সভ্যতা ও উৎপাদনের মূল চালিকাশক্তি। অথচ তাদের শ্রমের ওপর দাঁড়িয়েই গড়ে ওঠে সম্পদ ও সমৃদ্ধি, আর তারাই বঞ্চিত থাকে ন্যায্য অধিকার ও মর্যাদা থেকে- এই বৈপরীত্য নজরুলের সাহিত্যকে প্রতিবাদী করে তুলেছে। ‘কৃষকের গান, ‘শ্রমিকের গান, ‘জেলেদের গান ও ‘চাষার গান-এ তিনি শ্রমজীবী মানুষের জীবনসংগ্রামকে কেবল চিত্রিত করেননি; তাদের মধ্যে আত্মমর্যাদা, ঐক্য ও অধিকারচেতনা সঞ্চারের প্রয়াস নিয়েছেন। লাঙল, হাতুড়ি, শাবল, জাল ও দাঁড় তার কাব্যে তাই শ্রমের উপকরণ থেকে রূপান্তরিত হয়েছে প্রতিরোধ ও মুক্তির প্রতীকে। ফলে শ্রমজীবী মানুষের দুঃখ-বঞ্চনার যথার্থ শিল্পরূপায়ণ, শোষণব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদ এবং মেহনতি মানুষের আত্মশক্তির প্রতি আস্থা- এই তিনের সমন্বয়ে নজরুল শ্রমজীবী মানুষের কবি হিসেবে শুধু সফলই নন, বাংলা সাহিত্যে তাদের স্বতন্ত্র কণ্ঠস্বর নির্মাণে এক গুরুত্বপূর্ণ পথপ্রদর্শক।


কেএমএএ/আপ্র/২৭.১১.২৬

সংশ্লিষ্ট খবর

বিজয়-উৎসবের দিন
২৭ নভেম্বর ২০২৬

বিজয়-উৎসবের দিন

কবিতা===

স্বাক্ষর
২৭ নভেম্বর ২০২৬

স্বাক্ষর

কবিতা===

তা-ধিন তা-ধিন
২৭ নভেম্বর ২০২৬

তা-ধিন তা-ধিন

কবিতা===

সোনিয়া গান্ধীর স্মৃতিকথায় আছে প্রেম, সংসার, বিচ্ছেদ আর শোক
২০ নভেম্বর ২০২৬

সোনিয়া গান্ধীর স্মৃতিকথায় আছে প্রেম, সংসার, বিচ্ছেদ আর শোক

সোনিয়া গান্ধীর স্মৃতিকথা ‘বিলংগিং’ প্রকাশের আগে থেকেই আলোচিত। আর প্রকাশের পরে বইটি নিয়ে অনেক মতামত এ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকার প্রস্তাব মালিকদের

তৈরি পোশাকশিল্পের শ্রমিক ও কর্মচারীদের ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ। মজুরি বোর্ডের সর্বশেষ বৈঠকে চতুর্থ গ্রেডের শ্রমিকদের জন্য এ প্রস্তাব দেওয়া হয়। তবে শ্রমিকপক্ষের সর্বশেষ প্রস্তাব ২২ হাজার টাকা হওয়ায় দুই পক্ষের মধ্যে ব্যবধান এখনো অনেক বেশি। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন বাজার বিবেচনায় শ্রমিকদের জন্য প্রস্তাবিত মজুরি যৌক্তিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে