সোনিয়া গান্ধীর স্মৃতিকথা ‘বিলংগিং’ প্রকাশের আগে থেকেই আলোচিত। আর প্রকাশের পরে বইটি নিয়ে অনেক মতামত এসেছে, সামনেও আসবে। বইটিতে কী কী তথ্য প্রকাশ করা হয়েছে কিংবা কী বলা হয়নি, নিজ দল কংগ্রেসের পক্ষে তার সাফাই, বিভিন্ন ভুল ও বাদ পড়া বিষয় এবং যেসব ঘটনার মধ্য দিয়ে ভারতকে নিজের দেশ হিসেবে বেছে নিয়েছিলেন তিনি- এসব ঘিরেই মূলত আলোচনা। সাহিত্যমান বিচারের কয়েকটি মাপকাঠি রয়েছে। ঘটনার বর্ণনায় স্পষ্টতা ও জীবন্ততা, গুরুত্বপূর্ণ ঘটনাগুলোকে কেবল একটির পর একটি সাজিয়ে না রেখে আকর্ষণীয় আখ্যান হিসেবে তুলে ধরার ক্ষমতা, চরিত্রগুলোর স্মরণীয় উপস্থাপন ও ভারসাম্যপূর্ণ বিবরণ এর অন্তর্ভুক্ত। অনেক রাজনৈতিক স্মৃতিকথাই এসব মানদণ্ড পূরণ করতে পারে না। এ বিষয় নিয়েই এবারের সাহিত্য পাতার প্রধান রচনা
সাম্প্রতিক সময়ের উদাহরণ হিসেবে সামনে টানা যায়, বরিস জনসনের ‘আনলিশড’ (২০২৪)। বইটিকে অনেকেই আত্মপক্ষসমর্থনমূলক ও অতিমাত্রায় আত্মকেন্দ্রিক বলে মনে করেছেন। আবার হিলারি ক্লিনটনের ‘লিভিং হিস্ট্রি’ (২০০৩)-এর বিরুদ্ধে অভিযোগ ছিল, এতে অনেক কিছুই সতর্কতার সঙ্গে এড়িয়ে যাওয়া হয়েছে এবং খোলামেলা স্বীকারোক্তির অভাব রয়েছে। আর জন বল্টনের ‘দ্য রুম হোয়্যার ইট হ্যাপেনড’ (২০২০) বইটিকে বলা হয়েছে একঘেয়ে ও বর্ণনায় নিজেকে অতিগুরুত্বপূর্ণ দেখানো হয়েছে। তবে এর ব্যতিক্রমও রয়েছে। কয়েক দশক আগের হলেও বারাক ওবামার ‘ড্রিমস ফ্রম মাই ফাদার’ (১৯৯৫) তেমনই একটি বই। নিজের জীবন ঘিরে কিছুটা মিথ তৈরি করার প্রবণতা থাকলেও ভাষার সৌন্দর্য ও আত্মবিশ্লেষণের জন্য বইটি প্রশংসিত হয়েছিল।
সোনিয়া গান্ধীর বইটির উপশিরোনাম ‘আ জার্নি অব লাভ’। নাম থেকেই বইটির মূল ভাবনা স্পষ্ট। বইটি যখন এই ভাবনার সঙ্গে সঙ্গতি রেখে এগিয়েছে, তখনই সবচেয়ে শক্তিশালী ও হৃদয়স্পর্শী হয়ে উঠেছে। অন্য অংশগুলো তুলনামূলক দুর্বল।
বইটির প্রথম বাক্যটিই বেশ মানানসই। তিনি লিখেছেন, ‘গভীর কালো চোখের লম্বা ও সুদর্শন ছেলেটি অন্যদের চেয়ে আলাদা ছিল। তারা সাধারণত আমার বিপরীত দিকের একটি টেবিলে বসত। আমি বন্ধুদের সঙ্গে প্রায়ই ভার্সিটি নামের গ্রিক রেস্তোরাঁটিতে যেতাম।’
এটি নিঃসন্দেহে রাজীব গান্ধীর সঙ্গে তার প্রথম সাক্ষাতের স্মৃতি। যে সাক্ষাৎ বদলে দিয়েছিল সোনিয়ার জীবনের গতিপথ। এরপরের অংশেও ব্যক্তিগত স্মৃতির বর্ণনা অব্যাহত রয়েছে। তাদের পরবর্তী সাক্ষাৎ, সম্পর্কের গভীরতা এবং নিজের অনুভূতির পরিবর্তন নিয়ে অকপটে লিখেছেন তিনি। ভারত সম্পর্কে প্রাথমিক ধারণা এবং সেখানে যাদের সঙ্গে পরিচয় হয়েছিল, তাদের নিয়েও তুলে ধরেছেন নিজের অনুভূতি।
বইটির কাঠামো মোটামুটি কালানুক্রমিক। তবে শুরুতে কিছুটা অতীতে ফিরে গিয়ে ইতালির তুরিনের কাছাকাছি সানগানো ও অরবাসানোয় নিজের শৈশবের কথা বলেছেন সোনিয়া গান্ধী। বর্ণনায় এসেছে কঠোর স্বভাবের বাবা, স্নেহময়ী মা এবং দুই বোনের কথা।
লক্ষণীয় বিষয় হলো, বইয়ের শুরুর দিকের অংশগুলোয় খাবারের প্রসঙ্গ বারবার এসেছে। কখনো তার প্রিয় ইতালীয় খাবার, কখনো ব্রিটেনের হতাশাজনক খাবারের অভিজ্ঞতা। ব্রিটেনের খাবার নিয়ে লিখেছেন, ‘রাতের খাবার ছিল রীতিমতো যন্ত্রণা- সেদ্ধ বাঁধাকপি আর সবচেয়ে ভয়াবহ ছিল পাউরুটির ওপর টিনজাত স্প্যাগেটি।’ আবার ধীরে ধীরে ভারতীয় মসলাদার খাবারের সঙ্গে অভ্যস্ত হয়ে ওঠার কথাও রয়েছে।
সোনিয়ার লেখার স্বতন্ত্র ভঙ্গির মধ্যে সততা, মাঝেমধ্যে দ্বিধা এবং পাঠককে আকৃষ্ট করার ক্ষমতা রয়েছে। তবে বইটি যত এগিয়েছে তা ততই ম্লান হয়েছে। খাবারের প্রসঙ্গও কমে এসেছে। সমসাময়িক ভারতের নানা ঘটনা নিয়ে লিখতে গিয়ে ভাষা হয়ে উঠেছে অনেকটা গতানুগতিক। অপারেশন ব্লু স্টার থেকে শাহবানু, বাবরি মসজিদ থেকে গোধরা, ইউপিএ সরকারের দুই মেয়াদ থেকে নরেন্দ্র মোদি ও বিজেপি—এসব প্রসঙ্গে এসে তিনি নিজের এবং কংগ্রেসের পক্ষে আগে বলা যুক্তিগুলোই আবার তুলে ধরেছেন।
বলার কারণ বোধগম্য হলেও এসব কথা আরো ব্যক্তিগত ভঙ্গিতে বলা যেত। মাঝেমধ্যে প্রচলিত গতানুগতিক বাক্যও ব্যবহার করেছেন তিনি। যেমন, ‘পাঞ্জাবে সন্ত্রাসবাদের ছায়া আবার মাথাচাড়া দিয়ে উঠতে যাচ্ছিল।’
তাহলে ‘বিলংগিং’য়ের সবচেয়ে আকর্ষণীয় এবং সত্যিকার অর্থে হৃদয়স্পর্শী অংশ কোনগুলো? সেগুলো মূলত সোনিয়ার ব্যক্তিগত স্মৃতির অংশ। ইন্দিরা ও রাজীব গান্ধীকে নিয়ে স্মৃতিচারণ, নতুন আবাসভূমিকে ঘিরে তার প্রাথমিক প্রতিক্রিয়া এবং ধীরে ধীরে ভারতকে আপন করে নেয়ার গল্প। পাশাপাশি পরিবারের একের পর এক শোকাবহ ঘটনা এবং পরবর্তী সময়ে নিজের স্বাস্থ্যসংকট মোকাবেলায় তার সাহস ও মানসিক দৃঢ়তার কথাও রয়েছে এসব অংশে। এখানে লেখকের কণ্ঠস্বর হয়ে উঠেছে অন্তরঙ্গ, পরিমিত ও আবেগময়। একসময় যাকে ‘টেন জনপথের স্ফিংস’ বলা হতো, তার অন্তর্জগতের কিছুটা যেন উন্মোচিত হয়েছে এসব বর্ণনায়।
বইটির পাতায় ইন্দিরা ও রাজীব গান্ধী- এ দু’জনই চরিত্র হিসেবে সবচেয়ে জীবন্ত হয়ে উঠেছেন। ইন্দিরা ছিলেন কঠোর, তবে যত্নশীল। অন্যদিকে রাজীব ছিলেন কোমল স্বভাবের, কিন্তু দৃঢ়প্রতিজ্ঞ। দেশের নেতৃত্ব দেয়ার সুযোগকে কাজে লাগাতে তিনি ছিলেন সংকল্পবদ্ধ।
রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীর শৈশব ও বেড়ে ওঠার কথা স্নেহ ও উদ্বেগের সঙ্গে তুলে ধরেছেন সোনিয়া। তবে অন্য চরিত্রগুলোর বর্ণনায় তেমন বিস্তারিত পাওয়া যায় না। যদিও মাঝেমধ্যে তার লেখায় রসিকতার ঝলক দেখা যায়। যেমন, ধীরেন্দ্র ব্রহ্মচারী সম্পর্কে লিখেছেন, ‘তার লম্বা দাড়ি ও চুলে এমন এক কালো রং করা ছিল, যাকে আমি বলি “হিস্টিরিক্যাল ব্ল্যাক”। প্রকৃতির স্বাভাবিক কালোর চেয়েও যেন বেশি গাঢ়।’
সব মিলিয়ে সোনিয়া গান্ধী যখন ভালোবাসা, হারানো, পরিবার ও নিজের শিকড় গড়ে তোলার গল্প বলেছেন, তখনই বইটি সবচেয়ে সফল হয়েছে। অন্যদিকে রাজনৈতিক পরিস্থিতি ও বিভিন্ন সিদ্ধান্তের ব্যাখ্যা দিতে গিয়ে সেই সাফল্য ধরে রাখতে পারেননি তিনি।
বইয়ের শেষ দিকে এসে নিজের ভারতীয় হয়ে ওঠার সচেতন সিদ্ধান্তের কথা বলেছেন সোনিয়া। নিজের শিকড় থেকে বিচ্ছিন্ন হওয়া এবং ‘যেভাবে বড় হয়েছি, সেই অভ্যাসগুলো ভুলে গিয়ে এমন এক নতুন জীবনযাপনের ধরন শেখার’ কথা বলেছেন, যা একসময় তার কাছে ছিল সম্পূর্ণ অপরিচিত। তার ভাষায়, এই সিদ্ধান্ত নিয়েছিলেন ‘একজন পুরুষের প্রতি ভালোবাসা থেকে। কিন্তু সেই ভালোবাসা ধীরে ধীরে তার পরিবার ও দেশকেও নিজের করে নিয়েছিল।’
ওই ভালোবাসা তার কাছ থেকে অনেক কিছু দাবি করেছে, আবার বিনিময়ে অনেক কিছু দিয়েছেও। আর ভালোবাসার এই যাত্রার গল্প লিখতে গিয়েই সোনিয়া গান্ধী খুঁজে পেয়েছেন নিজের সবচেয়ে স্বতন্ত্র ও হৃদয়স্পর্শী লেখার ভঙ্গি।
রেকর্ড গড়েছে সোনিয়া গান্ধীর স্মৃতিকথা: ভারতের প্রকাশনা ইতিহাসে সবচেয়ে দ্রুত বিক্রি হওয়া বইয়ের রেকর্ড গড়েছে সোনিয়া গান্ধীর রাজনৈতিক স্মৃতিকথা ‘আ জার্নি অব লাভ’। গত ১০ নভেম্বর সকাল ১০টায় বইটি বাজারে আসার পর মাত্র ১০ মিনিটের মধ্যে ১৫ হাজার কপি পাঠকদের হাতে পৌঁছে দেয়া হয়। তবে এ বইয়ের পাতায় শুধু রাজনীতি কিংবা ক্ষমতার গল্প নেই। আছে প্রেম, সংসার, বিচ্ছেদ, শোক আর পরিবারের একান্ত ব্যক্তিগত স্মৃতি।
ক্যামব্রিজের একটি রেস্তোরাঁয় শুরু হয়েছিল রাজীব গান্ধী ও সোনিয়া গান্ধীর প্রেমের গল্প। বহু বছর পর একই রেস্তোরাঁয় গিয়েছিলেন তাদের ছেলে রাহুল গান্ধী। সঙ্গে নিজের প্রেমিকা। সেখানকার এক কর্মীকে জানিয়েছিলেন এ জায়গাতেই প্রথম দেখা হয়েছিল তার বাবা-মায়ের। কর্মীও তাদেরকে চিনতে পেরেছিলেন। তবে রেস্তোরাঁটির খাবার নিয়ে রাহুলের অভিজ্ঞতা ছিল বেশ তিক্ত। হাসতে হাসতে তিনি বলেছিলেন, ‘প্রেমে পড়তে চাইলে ভার্সিটি রেস্তোরাঁয় যেতে পারেন। তবে কখনো চিকেন শ্যাস্যুর খাবেন না।’
বইটিতে এমনই নানা ব্যক্তিগত গল্প তুলে ধরেছেন সোনিয়া। প্রকাশক হার্পারকলিন্স ইন্ডিয়ার তথ্যমতে, প্রকাশের এক সপ্তাহেরও কম সময়ে বইটির দুই লাখের বেশি কপি বিক্রি হয়েছে। তাদের পরিবারকে ঘিরে দীর্ঘদিন ধরে নানা গল্প ও অপপ্রচার চলেছে বলে মনে করেন সোনিয়া। তার ভাষায়, ‘আমার শাশুড়ি, স্বামী, ছেলে ও মেয়েকে নিয়ে অনেক কথা বলা হয়েছে। আমাদের ঘিরে এমন অনেক গল্প তৈরি হয়েছে, যার সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। এ বইয়ে আমি সেই গল্পগুলোর বাইরে গিয়ে নিজের অনুভূতি এবং পরিবারকে নিয়ে আমার অভিজ্ঞতার কথা তুলে ধরতে চেয়েছি।’
বইয়ের নামকরণ সম্পর্কে জানতে চাইলে সোনিয়া জানান, ইবষড়হমরহম শব্দটির অর্থ কোথাও নিজের জায়গা খুঁজে পাওয়া, কোনো কিছুর অংশ হয়ে ওঠা। তার জীবনে এ শব্দের তাৎপর্য আরো গভীর। ইতালি ছেড়ে ভারতে এসে নতুন একটি পরিবার ও সমাজের অংশ হয়ে ওঠার যে দীর্ঘ পথ তাকে পাড়ি দিতে হয়েছে, বইয়ের নামে সেই অভিজ্ঞতাই তুলে ধরতে চেয়েছেন তিনি।
সোনিয়ার মতে, বিয়ের পর স্বামীর পরিবারের সঙ্গে মানিয়ে নেয়ার অভিজ্ঞতা অনেক নারীর জীবনেই আসে। তিনি বলেন, ‘ভারতের অনেক নারীর ক্ষেত্রেও এমনটা ঘটে। বিয়ের পর স্বামীর পরিবারের সঙ্গে মানিয়ে নিতে তাদের নানা সমস্যার মুখে পড়তে হয়। দুই পরিবারের সামাজিক ও সাংস্কৃতিক পটভূমি একই হলেও নতুন পরিবেশের সঙ্গে খাপ খাওয়ানো সহজ হয় না।’
প্রকাশনা অনুষ্ঠানে জীবনের নানা অধ্যায়ের স্মৃতি তুলে ধরেছেন সোনিয়া গন্ধী ও রাহুল গান্ধী। ফিরে গেছেন শাশুড়ি ইন্দিরা গান্ধীর সঙ্গে সম্পর্কের শুরুর দিনগুলোয়। বলেছেন, স্বামী রাজীব গান্ধীকে হারানোর পর কীভাবে শোকের অন্ধকার পেরিয়ে আবার নতুন করে বাঁচতে শিখেছেন।
কেএমএএ/আপ্র/২০.১১.২৬