সুমী ইসলাম
একদিন ভোরে ঘুম ভেঙে দেখবেন, ঘাসের ডগায় মুক্তোর মতো শিশির জমেছে। দূরের মাঠে ধান পেকে উঠেছে, বাতাসে ভেসে আসছে নতুন ফসলের ঘ্রাণ। কোনো বাড়ির উঠানে ধান মাড়াই চলছে, কোথাও নতুন চালের পিঠা তৈরির প্রস্তুতি। মনে হবে, বাংলার মাটি তার সমস্ত সঞ্চয় নিয়ে আবারও মানুষের কাছে ফিরে এসেছে। প্রকৃতি আর মানুষের এই সম্মিলিত আয়োজনের নামই হেমন্ত।
বাংলার ছয় ঋতুর প্রত্যেকটির আলাদা বৈশিষ্ট্য আছে। কিন্তু হেমন্তের সৌন্দর্য যেন একটু অন্যরকম। এই ঋতুতে প্রকৃতি তার দীর্ঘ অপেক্ষার অবসান ঘটায়। মাঠের পর মাঠজুড়ে পেকে ওঠে আমন ধান। কৃষকের চোখে তখন সোনালি ফসলের সঙ্গে মিশে থাকে বহুদিনের স্বপ্ন। যে মাটিতে এতদিন ঘাম ঝরেছে, সেই মাটিই একদিন দুহাত ভরে ফিরিয়ে দেয় তার প্রাপ্য। ধানের শীষে শীষে দুলতে থাকে শুধু ফসল নয়; একটি পরিবারের স্বস্তি, সন্তানের মুখে হাসি ফোটানোর প্রত্যাশা।
গ্রামবাংলায় হেমন্ত মানেই নবান্নের উৎসব। নতুন ধান ঘরে ওঠে, উঠানে ছড়িয়ে পড়ে চালের ঘ্রাণ। মায়ের হাতের পিঠা, নতুন চালের পায়েস, খেজুরের রসের অপেক্ষা- সব মিলিয়ে ঘরগুলোতে ফিরে আসে এক চিরচেনা আনন্দ। এই আনন্দের জন্য খুব বেশি আয়োজনের প্রয়োজন হয় না। পরিবারের সবাই একসঙ্গে বসে খেতে পারা, গোলাভরা ধান দেখে নিশ্চিন্ত হওয়া—এসবের মধ্যেই বাংলার সাধারণ মানুষের উৎসবের আনন্দ লুকিয়ে থাকে।
তবে হেমন্তের সোনালি রঙের আড়ালেও কিছু বাস্তবতা আছে। যে কৃষক ফসল ফলান, সব সময় তার ঘরে সেই ফসলের যথার্থ মূল্য পৌঁছায় না। মাঠভরা ধান দেখেও কখনো তার মুখে হাসি ফোটে না। প্রকৃতির প্রাচুর্য আর মানুষের প্রাপ্তি যে সব সময় এক নয়; বাংলার কৃষিজীবন আমাদের সেই কথাও মনে করিয়ে দেয়। তাই হেমন্তের মাঠের দিকে তাকালে শুধু সৌন্দর্য নয়; দেখতে হয় সেই মানুষগুলোকেও। যাদের শ্রমে এই সৌন্দর্য সম্ভব হয়েছে।
শহরের হেমন্ত অবশ্য অন্যরকম। এখানে ধান কাটার গান নেই, উঠানে ফসল শুকানোর দৃশ্য নেই। আছে বহুতল ভবনের বারান্দা, ব্যস্ত রাস্তা আর জানালার ওপারে একফালি আকাশ। তবু কোনো এক সকালে হালকা কুয়াশা কিংবা বিকেলের সোনালি আলো শহুরে জীবনেও ঋতুর উপস্থিতি জানান দেয়। ব্যস্ততার ফাঁকে বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকালে বোঝা যায়, প্রকৃতি তার নিজস্ব নিয়মে শহরকেও ছুঁয়ে যায়।
হেমন্তের সকাল, দুপুর কিংবা বিকেল- প্রতিটি সময়েরই আলাদা রূপ। সকালে ঘাসের ওপর শিশির, মাঠের ওপর হালকা কুয়াশা, দুপুরে রোদ পোহানো উঠান আর বিকেলে পাকা ধানের মাঠের ওপর দীর্ঘ হয়ে আসা ছায়া। কোথাও কৃষকের ব্যস্ততা, কোথাও বাড়ির উঠানে নবান্নের আয়োজন। এই সামান্য দৃশ্যগুলোর মধ্যেই বাংলার ঋতুবৈচিত্র্যের এক অনন্য সৌন্দর্য লুকিয়ে আছে।
প্রকৃতি প্রতি বছর তার নিজস্ব নিয়মে এই আয়োজন সাজায়। ধান পাকে, ফসল ঘরে ওঠে, খেজুরগাছের গায়ে বাঁধা হয় রসের হাঁড়ি। গ্রামবাংলার জীবনজুড়ে তৈরি হয় এক উৎসবমুখর আবহ। হেমন্তকে বুঝতে হলে তাই শুধু প্রকৃতির দিকে তাকালে হবে না, তাকাতে হবে বাংলার মানুষের জীবনযাত্রার দিকেও। যে ঋতুতে মাঠের ফসল ঘরে ওঠে, মানুষের শ্রমের সঙ্গে মিশে যায় উৎসব, আর মাটির ঘ্রাণ ছড়িয়ে পড়ে প্রতিটি জনপদে—সেই ঋতু বাংলার নিজস্ব ঐতিহ্য ও সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ।
হেমন্তের সৌন্দর্য তাই কেবল সোনালি ধানের মাঠে কিংবা ভোরের শিশিরে সীমাবদ্ধ নয়। এর সৌন্দর্য আছে কৃষকের ঘরে ফসল ওঠার আনন্দে, মায়ের হাতে তৈরি পিঠার ঘ্রাণে, নতুন চালের উৎসবে, খেজুরের রসের অপেক্ষায়। আছে বাংলার মাটির সঙ্গে মানুষের নিবিড় সম্পর্কের মধ্যে। প্রকৃতি ও মানুষের এই যে নিবিড় মেলবন্ধন, হেমন্তের প্রকৃত পরিচয় বোধ হয় সেখানেই।
কেএমএএ/আপ্র/২০.১১.২৬