বাংলাদেশ ফুটবল লিগে (বিএফএল) অভিষেকটা মোটেও সুখকর হচ্ছে না নবাগত চট্টগ্রাম সিটি এফসির। চলতি মৌসুমে প্রথমবারের মতো দেশের শীর্ষ ফুটবল আসরে খেলতে নেমে এখন পর্যন্ত জয়ের মুখ দেখেনি চট্টলার দলটি। শনিবার ষষ্ঠ ম্যাচেও ব্রাদার্স ইউনিয়নের কাছে ৩-১ গোলে হেরেছে তারা।
ফলে লিগে টানা ছয় হারের বিব্রতকর অভিজ্ঞতা নিয়ে পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান করছে চট্টগ্রাম সিটি। ম্যাচে অবশ্য শুরুতে এগিয়ে গিয়েছিল নবাগত দলটি। ৪২ মিনিটে জাফর ইকবালের গোলে লিড নেয় চট্টগ্রাম সিটি। তাতে লিগে প্রথম পয়েন্ট পাওয়ার আশাও জেগেছিল তাদের।
কিন্তু দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় ব্রাদার্স ইউনিয়ন। ৫১ মিনিটে সৈয়দ আলি রেজার গোলে সমতায় ফেরে তারা। ৭৩ মিনিটে আরেকটি গোল করে দলকে তিনি লিড এনে দিয়েছিলেন। যোগ করা সময়ে নাবিল খন্দকারের গোলে ব্যবধান ৩-১ করে জয় নিশ্চিত করে ব্রাদার্স।
এই জয়ে ছয় ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে উঠে এসেছে ব্রাদার্স ইউনিয়ন। অন্যদিকে ছয় ম্যাচে কোনো পয়েন্ট না পাওয়া চট্টগ্রাম সিটি রয়েছে সবার নিচে। দিনের অন্য ম্যাচে পিডব্লিউডি এসসিকে ৩-২ গোলে হারিয়েছে নবাগত সিটি ক্লাব।
জয়ী দলের হয়ে গোল করেছেন সাজেদ, সলোমন কিং ও তানভীর। পিডব্লিউডির হয়ে গোল করেন ফ্লোডিন ও মাবিদা।
এই জয়ে ছয় ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে উঠে এসেছে সিটি ক্লাব। সমান ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে দশম স্থানে পিডব্লিউডি এসসি। ষষ্ঠ রাউন্ড শেষে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে পুলিশ এফসি।
ডিসি/আপ্র/২৮/১১/২০২৬