বাংলাদেশে গত তিন দশকের বেশি সময়ে শিক্ষার প্রসারে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। ১৯৯০ সালে প্রাথমিক শিক্ষা সমাপ্তির হার ছিল ৩৪ শতাংশ, যা ২০২৪ সালে বেড়ে ৯০ শতাংশে পৌঁছেছে। নিম্ন মাধ্যমিক স্তরেও অগ্রগতি হয়েছে উল্লেখযোগ্য। তবে উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষা সমাপ্তির হার এখনো মাত্র ৩৮ শতাংশ। শিক্ষায় অংশগ্রহণ ও অগ্রগতির ক্ষেত্রে ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে রয়েছে।
জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থার (ইউনেস্কো) ২০২৬ সালের বৈশ্বিক শিক্ষা পর্যবেক্ষণ প্রতিবেদনে বাংলাদেশের শিক্ষার এই চিত্র উঠে এসেছে। গত মার্চে প্যারিসে সংস্থাটির সদর দপ্তরে ‘প্রবেশাধিকার ও সমতা: ২০৩০ সালের লক্ষ্যের পথে’ শীর্ষক প্রতিবেদনটি প্রকাশ করা হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার আওতায় ২০৩০ সালের মধ্যে বিশ্বজুড়ে সবার জন্য শিক্ষা নিশ্চিত করা সম্ভব না হলেও প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার বিস্তারে বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। শিক্ষার প্রসারের পাশাপাশি বাল্যবিবাহ কমা, জন্মহার হ্রাস এবং শ্রমবাজারে নারীর অংশগ্রহণ বৃদ্ধি এ অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
প্রাথমিক ও নিম্ন মাধ্যমিকে অগ্রগতি: ইউনেস্কোর তথ্য অনুযায়ী, বাংলাদেশে প্রাথমিক শিক্ষা সমাপ্তির হার ১৯৯০ সালের ৩৪ শতাংশ থেকে বেড়ে ২০২৪ সালে ৯০ শতাংশ হয়েছে। ১৯৯০-এর দশকে এ হার বছরে গড়ে ২ দশমিক ২ শতাংশীয় পয়েন্ট করে বাড়ে। ২০০০ থেকে ২০১৫ সালের মধ্যে বৃদ্ধির হার ছিল বছরে ১ দশমিক ৫ শতাংশীয় পয়েন্ট। ২০১৫ সালের পর তা বছরে ১ দশমিক ৩ শতাংশীয় পয়েন্ট হয়েছে।
নিম্ন মাধ্যমিক স্তরে শিক্ষা সমাপ্তির হারও একই সময়ে ২৩ শতাংশ থেকে বেড়ে ৭৪ শতাংশে দাঁড়িয়েছে। এ স্তরে ১৯৯০-এর দশকে বছরে ১ দশমিক ৩ শতাংশীয় পয়েন্ট, ২০০০ থেকে ২০১৫ সালের মধ্যে ১ দশমিক ৬ শতাংশীয় পয়েন্ট এবং ২০১৫ সালের পর বছরে ১ দশমিক ৭ শতাংশীয় পয়েন্ট হারে অগ্রগতি হয়েছে।
অন্যদিকে, উচ্চ মাধ্যমিক স্তরে অগ্রগতি তুলনামূলক ধীর। ১৯৯০-এর দশকে এ স্তরে বাংলাদেশের অগ্রগতির গতি ছিল দক্ষিণ এশিয়ার গড় গতির ৪০ শতাংশ। ২০০০ থেকে ২০১৫ সালের মধ্যে তা ছিল আঞ্চলিক গড়ের ৬০ শতাংশ। তবে ২০১৫ সালের পর বাংলাদেশ এ ক্ষেত্রে দক্ষিণ এশিয়ার গড় গতিকে ছাড়িয়ে গেছে।
তারপরও ২০২৪ সালে বাংলাদেশে উচ্চ মাধ্যমিক শিক্ষা সমাপ্তির হার ছিল আনুমানিক ৩৮ শতাংশ, যেখানে দক্ষিণ এশিয়ার গড় ৫৭ শতাংশ। অর্থাৎ এ স্তরে বাংলাদেশ এখনো আঞ্চলিক গড়ের চেয়ে পিছিয়ে।
উচ্চ মাধ্যমিকে ঝরে পড়া কমলেও ঘাটতি রয়ে গেছে: প্রতিবেদনে বলা হয়েছে, উচ্চ মাধ্যমিক স্তরের বয়সী তরুণদের স্কুলের বাইরে থাকার হার ২০০৫ সালে ছিল ৭২ শতাংশ। ২০২৩ সালের মধ্যে এ হার প্রায় দুই-তৃতীয়াংশ কমে দক্ষিণ এশিয়ার গড় ৫৩ শতাংশের নিচে নেমে এসেছে।
বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরোর তথ্য উদ্ধৃত করে প্রতিবেদনে জানানো হয়েছে, একাদশ ও দ্বাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ঝরে পড়ার হার ২০০৯ সালের ৪২ শতাংশ থেকে কমে ২০২৩ সালে ২১ শতাংশ হয়েছে।
ছেলেদের চেয়ে এগিয়ে মেয়েরা: শিক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে বাংলাদেশে মেয়েদের অগ্রগতি ছেলেদের তুলনায় বেশি বলে উল্লেখ করেছে ইউনেস্কো। সংস্থাটির হিসাবে, ২০২৪ সালে নিম্ন মাধ্যমিক স্তরের বয়সী কিশোরীদের মধ্যে মাত্র ৪ শতাংশ বিদ্যালয়ের বাইরে ছিল। ছেলেদের ক্ষেত্রে এ হার ছিল ১৫ শতাংশ।
উচ্চ মাধ্যমিক স্তরেও মেয়েদের তুলনায় ছেলেরা পিছিয়ে রয়েছে। ২০১০-এর দশকের শুরু পর্যন্ত এ স্তরে নারী ও পুরুষের বিদ্যালয়ের বাইরে থাকার হার প্রায় সমান থাকলেও সাম্প্রতিক বছরগুলোতে ব্যবধান বেড়েছে। ২০২৪ সালের প্রশাসনিক তথ্য অনুযায়ী, মেয়েদের তুলনায় ছেলেদের বিদ্যালয়ের বাইরে থাকার হার ৮ শতাংশীয় পয়েন্ট বেশি। আর পরিবারভিত্তিক জরিপের ওপর নির্ভরশীল পরিসংখ্যানভিত্তিক হিসাবে এ ব্যবধান ১০ শতাংশীয় পয়েন্ট।
নারীর আর্থসামাজিক পরিবর্তনের প্রভাব: গত কয়েক দশকে বাংলাদেশের নারীদের আর্থসামাজিক অবস্থার পরিবর্তন শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
২০২২ সালের জনমিতি ও স্বাস্থ্য জরিপের তথ্য অনুযায়ী, ৪০ থেকে ৪৪ বছর বয়সী নারী থেকে শুরু করে ৬০ থেকে ৬৪ বছর বয়সী নারীদের প্রতিটি বয়সশ্রেণিতে ১৮ বছরের আগে বিয়ের হার ৬০ শতাংশের বেশি ছিল। তবে পরবর্তী প্রজন্মে এ হার প্রতিবছর ১ শতাংশীয় পয়েন্ট করে কমেছে। ১৮ থেকে ২৪ বছর বয়সী নারীদের মধ্যে বাল্যবিবাহের হার দাঁড়িয়েছে ৩৯ শতাংশে।
এ ছাড়া দেশে নারীর গড় সন্তান জন্মদানের হার ১৯৭৫ সালের ৬ দশমিক ৭ থেকে কমে ২০১৫ সালে ২ দশমিক ২-এ নেমে আসে। ১৯৯০ সাল থেকে শ্রমবাজারে নারীর অংশগ্রহণ প্রতিবছর শূন্য দশমিক ৬ শতাংশীয় পয়েন্ট করে বেড়ে ২০২৩ সালে ৪৪ শতাংশে পৌঁছেছে। এ হার ভারতের প্রায় ৩০ শতাংশের চেয়ে বেশি এবং পাকিস্তানের চেয়েও বেশি।
বিশেষ করে রপ্তানিমুখী তৈরি পোশাকশিল্পের বিকাশ মেয়েদের বাল্যবিবাহ বিলম্বিত করতে এবং কর্মসংস্থানের আশায় পড়াশোনা চালিয়ে যেতে উৎসাহিত করেছে। তবে কারখানায় কাজের সুযোগের কারণে ১৭ ও ১৮ বছর বয়সী মেয়েদের বিদ্যালয়ে ভর্তির হারে সামান্য নেতিবাচক প্রভাব পড়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
শিক্ষা বিস্তারে সরকারি উদ্যোগ: শিক্ষার প্রসারে ১৯৯৪ সালে চালু হওয়া ছাত্রী উপবৃত্তি কর্মসূচি এবং বিশ্বব্যাংকের সহায়তায় ২০০৫ ও ২০১৩ সালে নেওয়া ঝরে পড়া শিশুদের জন্য রস্ক প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে মনে করছে ইউনেস্কো।
প্রতিবেদনে আরো বলা হয়েছে, ২০০২ থেকে ২০২২ সালের মধ্যে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ১ হাজার ৬০০ থেকে বেড়ে প্রায় ৮ হাজারে দাঁড়িয়েছে। একই সময়ে এ শিক্ষায় শিক্ষার্থীর সংখ্যা ১০ গুণ বেড়ে ১৩ লাখে পৌঁছেছে। এসব শিক্ষার্থীর তিন-চতুর্থাংশই ছেলে।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে ঝরে পড়া কমাতে সরকারি পরীক্ষার পদ্ধতি সহজ করার উদ্যোগের কথাও প্রতিবেদনে উঠে এসেছে। এর ফলে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় পাসের হার ২০০৪ সালের ৪৮ শতাংশ থেকে বেড়ে ২০১৪ সালে ৯৩ শতাংশে পৌঁছায়। করোনা মহামারির সময় সংক্ষিপ্ত পাঠ্যসূচিতে ২০২১ সালে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় পাসের হার দাঁড়ায় ৯৫ শতাংশে।
তবে শিক্ষার সুযোগ বাড়াতে গিয়ে শিক্ষার মানের সঙ্গে আপস করা হয়েছে বলে প্রতিবেদনে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। গণমাধ্যমের প্রতিবেদন উদ্ধৃত করে ইউনেস্কো জানিয়েছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সর্বোচ্চ ফল জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের ৯০ শতাংশেরও বেশি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অকৃতকার্য হচ্ছে।
বিশ্বজুড়ে শিক্ষাবঞ্চিত ২৭ কোটি ৩০ লাখ: বৈশ্বিক পরিস্থিতি তুলে ধরে প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৫ সালের পর থেকে বিশ্বজুড়ে বিদ্যালয়ের বাইরে থাকা শিশুর সংখ্যা কমার গতি স্থবির হয়ে পড়েছে। ২০২৪ সালে প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক স্তরের বয়সী ২৭ কোটি ৩০ লাখ শিশু ও তরুণ-তরুণী বিদ্যালয়ের বাইরে ছিল। অর্থাৎ বিশ্বে প্রতি ছয়জনের একজন এ শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত।
২০১৫ সালের তুলনায় এ সংখ্যা ৩ শতাংশ বেড়েছে। বর্তমান ধারা অব্যাহত থাকলে বিশ্বব্যাপী উচ্চ মাধ্যমিক শিক্ষা সমাপ্তির হার ৯৫ শতাংশে পৌঁছাতে ২১০৫ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে সতর্ক করেছে ইউনেস্কো।
সানা/আপ্র/২৭/১১/২০২৬