বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন নেতার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে হেনস্তা করার অভিযোগ উঠেছে। স্থানীয় সময় সোমবার (১২ অক্টোবর) বিকাল পৌনে ৪টায় নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হুইলচেয়ারে বের হওয়ার সময় কয়েকজন প্রবাসী আওয়ামী লীগ নেতার তোপের মুখে পড়েন নোবেলজয়ী এই অর্থনীতিবিদ। উদ্ভূত পরিস্থিতিতে তাকে হুইলচেয়ারে ঘুরিয়ে বিমানবন্দরের টার্মিনালের ভেতরে নিয়ে যাওয়া হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরী এবং যুক্তরাষ্ট্র যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরীসহ কয়েকজন মুহাম্মদ ইউনূসের সামনে গিয়ে দাঁড়ান। এ সময় তার পাশে লাগেজ হাতে ছিলেন অন্তর্বর্তী সরকারের টেকসই উন্নয়ন অভীষ্টবিষয়ক মুখ্য সমন্বয়ক ও ইউনূস সেন্টারের নির্বাহী পরিচালক লামিয়া মোরশেদ।
ভিডিওতে দেখা যায়, মুহাম্মদ ইউনূসকে টার্মিনালের ভেতরে নিয়ে যাওয়ার সময় অভিযুক্ত ব্যক্তিরা তার পেছনে ছুটতে থাকেন। তাদের একজন চিৎকার করে ইংরেজিতে বলতে থাকেন, ‘বাংলাদেশে আপনি হাজার হাজার মানুষকে হত্যা করেছেন। আপনি সন্ত্রাসী! আপনি সন্ত্রাসী! আপনি সন্ত্রাসী, এখানে কেন এসেছেন? ... আপনি কেন দুই লাখ মানুষকে গ্রেফতার করেছিলেন? ... আমার দেশে তিনি হাজার হাজার পুলিশ সদস্যকে হত্যা করেছেন। তিনি আমার দেশে গণতন্ত্র ধ্বংস করেছেন।’
এ ঘটনায় নিউইয়র্কে বাংলাদেশের মিশনের কর্মকর্তাদের বক্তব্য জানার চেষ্টা করা হলেও তাদের সাড়া পাওয়া যায়নি। ঘটনার বিষয়ে ইউনূস সেন্টারের বক্তব্য জানার চেষ্টা চলছিল।
বার্লিনে বিশ্ব স্বাস্থ্য সম্মেলনেও যোগ দেননি
এদিকে, ১১ থেকে ১৩ অক্টোবর বার্লিনে অনুষ্ঠেয় তিন দিনের বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে মুহাম্মদ ইউনূসের যোগ দেওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে তিনি সফর বাতিল করেন। সম্মেলনে তার অংশগ্রহণের সম্ভাবনা ঘিরে ইউরোপে বসবাসরত বাংলাদেশিদের কয়েকটি সংগঠনের আপত্তির পর এ সিদ্ধান্তের কথা জানা যায়।
সম্মেলনে মুহাম্মদ ইউনূসের অংশগ্রহণের বিষয়টি আয়োজকদের পক্ষ থেকেই জানানো হয়েছিল। তবে সম্মেলন শুরুর আগে বক্তাদের তালিকায় আর তার নাম দেখা যায়নি।
বিশ্ব স্বাস্থ্য সম্মেলনের যোগাযোগ দলের পক্ষে আনা স্টোরমার এক ইমেইলে জানান, স্বাস্থ্যগত কারণে মুহাম্মদ ইউনূস সম্মেলনে অংশ নেওয়ার সিদ্ধান্ত বাতিল করেছেন।
এ বিষয়ে মন্তব্য জানতে ঢাকায় ইউনূস সেন্টারের সঙ্গে যোগাযোগ করা হলেও সাড়া পাওয়া যায়নি।
সানা/আপ্র/১৩/১০/২০২৬