গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

মেনু

জুলাই অভ্যুত্থানের পর বাংলাদেশে প্রথম গুমের অভিযোগ তদন্তের আহ্বান এইচআরডব্লিউর

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ১১:৫৬ পিএম, ২১ জুলাই ২০২৬ | আপডেট: ০৩:০১ এএম ২০২৬
জুলাই অভ্যুত্থানের পর বাংলাদেশে প্রথম গুমের অভিযোগ তদন্তের আহ্বান এইচআরডব্লিউর
ছবি

ফাইল ছবি

জুলাই অভ্যুত্থানের পর বাংলাদেশে প্রথম গুমের অভিযোগ হিসেবে আলোচিত মিরাজ শেখের নিখোঁজ হওয়ার ঘটনাটি অবিলম্বে তদন্তের আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। সংস্থাটি বলেছে, হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী এ ঘটনার দ্রুত, নিরপেক্ষ ও কার্যকর তদন্ত নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জবাবদিহি প্রতিষ্ঠা করা জরুরি।

মিরাজ শেখকে খুঁজে বের করতে হাইকোর্টের নির্দেশ বাস্তবায়নের তাগিদ, মানবাধিকার কমিশনের ক্ষমতা খর্ব না করার আহ্বান

লন্ডনের স্থানীয় সময় রোববার (১৯ জুলাই) রাতে সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, সুন্দরবনসংলগ্ন এলাকা থেকে নিখোঁজ হওয়া জেলে মিরাজ শেখকে সর্বশেষ কোস্টগার্ডের হেফাজতে দেখা গেছে বলে একাধিক প্রত্যক্ষদর্শীর বর্ণনা রয়েছে। এ কারণে এটি গত দুই বছরে বাংলাদেশে প্রথম গুমের ঘটনা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে সংস্থাটি।

এইচআরডব্লিউর মতে, গুম প্রতিরোধে পূর্বে নেওয়া সংস্কার উদ্যোগ থেকে সরকার সরে আসা উচিত নয়। বরং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জবাবদিহি নিশ্চিত করে স্বাধীন তদন্তের ব্যবস্থা বজায় রাখা প্রয়োজন।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার ২০২৫ সালে জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ এবং গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ জারি করেছিল। এসব আইনি ব্যবস্থার মাধ্যমে গুমের অভিযোগ স্বাধীনভাবে তদন্ত এবং আদালতের আদেশ ছাড়াই আটককেন্দ্র পরিদর্শনের ক্ষমতা মানবাধিকার কমিশনকে দেওয়া হয়েছিল। তবে নবনির্বাচিত সরকার ওই অধ্যাদেশগুলোর মেয়াদ শেষ হতে দিয়ে নতুন আইনের প্রস্তাব করেছে, যেখানে মানবাধিকার কমিশনের তদন্তক্ষমতা সীমিত করা হয়েছে এবং গুমের তদন্তের দায়িত্ব পুলিশের ওপরই রাখা হয়েছে।

এইচআরডব্লিউর এশিয়া অঞ্চলের উপপরিচালক মীনাক্ষী গাঙ্গুলী বলেন, শেখ হাসিনার দীর্ঘ শাসনামলে বহু মানুষ গুমের শিকার হয়েছেন। সাম্প্রতিক অভিযোগটি দেখাচ্ছে, প্রয়োজনীয় সংস্কার ও জবাবদিহি নিশ্চিত না হলে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তির ঝুঁকি থেকেই যায়। তাঁর মতে, নতুন সরকারের উচিত নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করা, প্রাতিষ্ঠানিক সংস্কার এগিয়ে নেওয়া এবং দায়ীদের জবাবদিহির আওতায় আনা।

যেভাবে নিখোঁজ হন মিরাজ
এইচআরডব্লিউর তথ্য অনুযায়ী, গত ১০ এপ্রিল রাতে মোংলার সুন্দরবনসংলগ্ন জয়মনির ঘোল এলাকায় কোস্টগার্ডের সদস্যরা জেলে মিরাজ শেখকে আটক করে একটি স্পিডবোটে তুলে নিয়ে যান বলে একাধিক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন।

পরদিন তাঁর পরিবারের সদস্যরা কোস্টগার্ডের দিগরাজ কার্যালয়ে গেলে প্রথমে জানানো হয়, মিরাজ একটি অভিযানে রয়েছেন। পরে আবার দাবি করা হয়, তিনি কখনোই কোস্টগার্ডের হেফাজতে ছিলেন না।

এদিকে যে চায়ের দোকান থেকে মিরাজকে তুলে নেওয়া হয়েছিল বলে অভিযোগ, সেই দোকানের মালিক জানান, কয়েক দিন পর কোস্টগার্ড পরিচয়ে এক ব্যক্তি এসে তাঁর মোটরসাইকেল নিয়ে যান এবং পরে সেটি আবার ফেরত দেওয়া হয়।

মিরাজের পরিবারের আইনজীবী মুজাহিদুল ইসলাম শাহিন এইচআরডব্লিউকে বলেন, প্রত্যক্ষদর্শীরা কীভাবে কোস্টগার্ড সদস্যরা তাঁকে তুলে নিয়ে গেছেন, সে বিষয়ে বিস্তারিত তথ্য দিয়েছেন।

পরিবারের অভিযোগ, বিভিন্ন সরকারি দপ্তরে আবেদন ও সংবাদ সম্মেলন করেও কোনো সাড়া মেলেনি। পরে মিরাজের বাবার আবেদনের পর গত ১২ জুলাই হাইকোর্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ১৫ দিনের মধ্যে মিরাজকে খুঁজে বের করে আদালতে হাজির করার নির্দেশ দেন।

অন্যদিকে কোস্টগার্ডের পশ্চিমাঞ্চলের জনসংযোগ কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মাহবুব হোসেন বরাবরের মতোই মিরাজকে আটকের অভিযোগ অস্বীকার করে বলেছেন, এ বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই।

সংস্কার অব্যাহত রাখার আহ্বান
এইচআরডব্লিউর মতে, মানবাধিকার কমিশনের স্বাধীন তদন্তক্ষমতা সীমিত করা হলে গুমের মতো গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় কার্যকর জবাবদিহি নিশ্চিত করা কঠিন হবে।

মীনাক্ষী গাঙ্গুলী বলেন, প্রস্তাবিত আইন সংশোধন করে মানবাধিকার কমিশনের স্বাধীনতা ও তদন্তক্ষমতা পুনর্বহাল করা প্রয়োজন। তাঁর ভাষায়, গুমের অভিযোগ পুলিশের মাধ্যমে তদন্ত করালে জবাবদিহি নিশ্চিত হওয়ার সম্ভাবনা কমে যাবে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধের জন্য প্রয়োজনীয় আস্থা ও সুরক্ষা তৈরি হবে না।
সানা/আপ্র/২১/৭/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

নিউইয়র্কের স্কুলে অষ্টম শ্রেণি পর্যন্ত কৃত্রিম বুদ্ধিমত্তা নিষিদ্ধ
০৫ সেপ্টেম্বর ২০২৬

নিউইয়র্কের স্কুলে অষ্টম শ্রেণি পর্যন্ত কৃত্রিম বুদ্ধিমত্তা নিষিদ্ধ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক নগরের সরকারি প্রাথমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের কৃত্রিম বুদ্ধি...

ভারতের মহাকাশে নতুন সাফল্য, ইওএস-০৫ উৎক্ষেপণ
০৪ সেপ্টেম্বর ২০২৬

ভারতের মহাকাশে নতুন সাফল্য, ইওএস-০৫ উৎক্ষেপণ

ভারতের মহাকাশ গবেষণায় নতুন মাইলফলক তৈরি হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভোরে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকো...

মানবদেহে শূকরের কিডনি সচল থাকার নতুন রেকর্ড
০৪ সেপ্টেম্বর ২০২৬

মানবদেহে শূকরের কিডনি সচল থাকার নতুন রেকর্ড

যুক্তরাষ্ট্রে মানবদেহে জিনগতভাবে পরিবর্তিত শূকরের কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন রেকর্ড গড়েছেন চি...

নেপালে হিমবাহ ও পাহাড়ধসের নয় দিন পর সুড়ঙ্গ থেকে জীবিত দুই শ্রমিক উদ্ধার
০৪ সেপ্টেম্বর ২০২৬

নেপালে হিমবাহ ও পাহাড়ধসের নয় দিন পর সুড়ঙ্গ থেকে জীবিত দুই শ্রমিক উদ্ধার

নেপালে ভয়াবহ হিমবাহ ও পাহাড়ধসে সৃষ্ট ঢলের নয় দিন পর গভীর সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 18 ঘন্টা আগে