খলিলুর রহমান খলিল, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি: বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বলে মন্তব্য করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ব্যারিস্টার শাকিলা ফারজানা। তিনি বলেন, ‘শ্রীকৃষ্ণের দর্শন ছিল সমাজে অন্যায়, অবিচার ও নিপীড়নের বিরুদ্ধে শান্তি এবং ন্যায়বিচার প্রতিষ্ঠা করা। আমরা সবাই মিলেমিশে একটি বৈষম্যহীন ও সমৃদ্ধিশালী বাংলাদেশ গড়ে তুলতে চাই।’
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে রংপুরের তারাগঞ্জে ইসকন মন্দিরের উদ্যোগে আয়োজিত ‘শুভ জন্মাষ্টমী মহোৎসব-২০২৬’-এর বর্ণাঢ্য র্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তারাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম এবং বদরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও রংপুর জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্যসচিব অধ্যাপক পরিতোষ চক্রবর্তী।
এর আগে, বেলা সাড়ে ১১টায় তারাগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে উপজেলা বিএনপির আয়োজনে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৩৯ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেন ব্যারিস্টার শাকিলা ফারজানা।
দিন শেষে সন্ধ্যা ৬টায় তিনি তারাগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ মাঠে উপজেলা প্রশাসন আয়োজিত ‘মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল খেলা উপভোগ করেন এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
এসব কর্মসূচিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সানা/আপ্র/৪/৯/২০২৬