অ্যাপলের ইতিহাসের অন্যতম দুর্লভ ও সচল কম্পিউটার ‘হ্যাটফিল্ড অ্যাপল-১’ আবারো নিলামে উঠছে। অ্যাপলের সহপ্রতিষ্ঠাতা স্টিভ ওজনিয়াকের স্বাক্ষর করা মাদারবোর্ড এবং সহপ্রতিষ্ঠাতা স্টিভ জবসের স্বাক্ষরযুক্ত একটি বিরল চিঠিসহ কম্পিউটারটির সম্ভাব্য মূল্য ধরা হয়েছে ৫ লাখ থেকে ৮ লাখ মার্কিন ডলার। আন্তর্জাতিক নিলোাম প্রতিষ্ঠান বোনহামসের ইতিহাস, বিজ্ঞান, প্রযুক্তি ও কম্পিউটিং বিষয়ক নিলামে আগামী ৪ থেকে ১৪ অক্টোবর এটি বিক্রি হবে।
‘হ্যাটফিল্ড’ নামটি এসেছে এর প্রথম মালিক ফ্রেড হ্যাটফিল্ডের নাম থেকে। কম্পিউটারপ্রেমী ও কম্পিউটার ডেটা সিস্টেমসের কর্মী হ্যাটফিল্ড অ্যাপলের একেবারে শুরুর দিকে ১৯৭৬ সালে কম্পিউটারটি কিনেছিলেন। অ্যাপল-১ নিবন্ধনে এটি ৪৮ নম্বর হিসেবে তালিকাভুক্ত। বর্তমানে বিশ্বে ৭৫টিরও কম অ্যাপল-১ কম্পিউটার টিকে আছে বলে নিলোাম প্রতিষ্ঠানটি জানিয়েছে; এর মধ্যে সচল অবস্থায় থাকা যন্ত্রের সংখ্যা আরো কম।
কম্পিউটারটির সবচেয়ে বড় আকর্ষণগুলোর একটি হলো এর মাদারবোর্ডে স্টিভ ওজনিয়াকের স্বাক্ষর। এর সঙ্গে রয়েছে ১৯৭৮ সালের ১৮ জানুয়ারি স্টিভ জবসের নিজের হাতে স্বাক্ষর করা একটি চিঠি। তখন জবস অ্যাপলের পরিচালন বিভাগের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
চিঠিটির পেছনের ঘটনাটিও বেশ চমকপ্রদ। অ্যাপল-১-এর জন্য সফটওয়্যারের সীমিত প্রাপ্যতা নিয়ে হ্যাটফিল্ড অ্যাপলের কাছে অভিযোগ করেছিলেন। এর জবাবে জবস তাঁকে নতুন বাজারে আসা অ্যাপল-২-এর একটি চার কিলোবাইট বোর্ডের সঙ্গে অ্যাপল-১ বদলে নেওয়ার প্রস্তাব দেন। বিনিময়ে হ্যাটফিল্ডকে তাঁর অ্যাপল-১-এর সঙ্গে অতিরিক্ত ৪০০ ডলার দিতে হতো। কিন্তু হ্যাটফিল্ড সেই প্রস্তাব গ্রহণ করেননি এবং পুরোনো কম্পিউটারটিই রেখে দেন।
অ্যাপল-১ ছিল অ্যাপলের প্রথম পণ্য। ১৯৭৬ সালে স্টিভ ওজনিয়াকের নকশা ও নির্মাণে তৈরি এই কম্পিউটার ব্যক্তিগত কম্পিউটারের শুরুর যুগের গুরুত্বপূর্ণ নিদর্শন হিসেবে বিবেচিত হয়। প্রতিদ্বন্দ্বী অনেক যন্ত্রের তুলনায় এর বিশেষত্ব ছিল সম্পূর্ণ প্রস্তুত মাদারবোর্ড এবং সমন্বিত ভিডিও আউটপুট। তবে তখনকার ব্যবহারকারীদের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা, পর্দা ও কিবোর্ডের মতো প্রয়োজনীয় উপকরণ আলাদাভাবে সংগ্রহ করতে হতো।
স্টিভ জবস ও স্টিভ ওজনিয়াক ১৯৭৬ সালে প্রায় ২০০টি অ্যাপল-১ তৈরি করেছিলেন। এর মধ্যে ৫০টি সম্পূর্ণ সংযোজিত অবস্থায় ক্যালিফোর্নিয়ার একটি খুচরা কম্পিউটার বিক্রেতার কাছে দেওয়া হয়েছিল। তখন এসব কম্পিউটারের বিক্রয়মূল্য ছিল ৬৬৬ দশমিক ৬৬ ডলার। পরবর্তী সময়ে অ্যাপল-২ বাজারে আসার পর প্রতিষ্ঠানটি শৌখিন কম্পিউটারপ্রেমীদের গণ্ডি ছাড়িয়ে বৃহত্তর ব্যক্তিগত কম্পিউটার বাজারে প্রবেশ করে।
হ্যাটফিল্ড অ্যাপল-১টি পরে এক সংগ্রাহকের কাছে ৪০ হাজার ডলারে বিক্রি করেছিলেন। এরপর কম্পিউটারটি সংস্কার করে সচল করা হয় এবং ২০১৩ সালের নিলামে ৬ লাখ ৭১ হাজার ৪০০ ডলারে বিক্রি হয়। এবার ওজনিয়াকের স্বাক্ষর এবং জবসের স্বাক্ষরযুক্ত চিঠিসহ একই ঐতিহাসিক যন্ত্রটির সম্ভাব্য মূল্য ৫ থেকে ৮ লাখ ডলার ধরা হয়েছে।
নিলামের আগে প্রযুক্তির ইতিহাসের এই দুর্লভ নিদর্শনটি যুক্তরাষ্ট্রের কয়েকটি শহরে প্রদর্শন করা হবে। ৯ থেকে ১১ সেপ্টেম্বর লস অ্যাঞ্জেলেস, ২১ থেকে ২৩ সেপ্টেম্বর বস্টন, ৩০ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর স্যান ফ্রান্সিসকো এবং নিলোাম চলাকালে ৪ থেকে ১৪ অক্টোবর নিউ ইয়র্কে এটি দর্শনার্থীদের দেখার সুযোগ থাকবে।
অ্যাপলের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এবারের নিলামে হ্যাটফিল্ড অ্যাপল-১ তাই শুধু একটি পুরোনো কম্পিউটার নয়; ব্যক্তিগত কম্পিউটার বিপ্লবের শুরুর সময়ের এক বিরল ঐতিহাসিক দলিল হিসেবেও সংগ্রাহকদের বিশেষ আগ্রহের কেন্দ্রে রয়েছে।
সানা/আপ্র/৫/৯/২০২৬