অনাদি কুমার মণ্ডল: মাদারীপুরে নানা আয়োজন ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫২তম আবির্ভাব তিথি উপলক্ষে শুভ জন্মাষ্টমী উৎসব-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) মাদারীপুর জেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে নতুন শহর কালীবাড়ী মন্দিরে দিনব্যাপী এ উৎসব অনুষ্ঠিত হয়। কর্মসূচির মধ্যে ছিল ভগবান শ্রীকৃষ্ণের পূজা, আলোচনা সভা, মঙ্গল শোভাযাত্রা ও প্রসাদ বিতরণ।
সাবেক জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট যোগেশ চন্দ্র ভৌমিকের সভাপতিত্বে এবং মাদারীপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক বিশ্বজিৎ বৈদ্যের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিগার সুলতানা। বিকেল ৩টায় এ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাদারীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার ফারিহা রফিক ভাবনা, বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত সিভিল সার্জন গোলাম সারওয়ার, মাদারীপুর সরকারি কলেজের অবসরপ্রাপ্ত সাবেক অধ্যক্ষ হিতেন চন্দ্র মণ্ডল, একই কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান বেদানন্দ হালদার মনতোষ মণ্ডল, ইসকনের প্রভু প্রবেশ দাস, মাদারীপুর জেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বিমল বাড়ৈ এবং মাদারীপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি উত্তম কুমার পোদ্দার।
অনুষ্ঠান আয়োজনে মাদারীপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি উত্তম কুমার পোদ্দার ও সাধারণ সম্পাদক সজল রায় সনাতন সার্বিক সহযোগিতা করেন।
এ ছাড়া অনুষ্ঠানে দূরদূরান্ত থেকে আগত ভক্তবৃন্দ, বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে জন্মাষ্টমী উপলক্ষে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নতুন শহর কালীবাড়ী মন্দিরে ফিরে আসে।
পরে দূরদূরান্ত থেকে আগত ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণের মধ্য দিয়ে দিনব্যাপী আয়োজনের সমাপ্তি ঘটে।
সানা/আপ্র/৪/৯/২০২৬